২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের ব্যাখ্যা চাইবে অস্ট্রেলিয়া

মার্কাস স্টয়নিসকে দেওয়া কট বিহাইন্ডের সিদ্ধান্তে সংশয় প্রকাশ করেছেন তখন নন-স্ট্রাইকে থাকা মার্নাস লাবুশেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 02:11 PM

Updated : 13 Oct 2023, 02:11 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার বড় পরাজয়ের ম্যাচে আলোচনার বড় জায়গা জুড়ে থার্ড আম্পায়ারের একটি কট বিহাইন্ডের সিদ্ধান্ত। মার্কাস স্টয়নিসকে দেওয়া ওই আউটের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নয় অস্ট্রেলিয়া। এর ব্যাখ্যা চাইবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

লক্ষ্ণৌতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ইনিংসের অষ্টাদশ ওভারে রাবাদার লেগ স্ট্যাম্পে করা ডেলিভারি স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি স্টয়নিস। বল জমা পড়ে কুইন্টন ডি ককের গ্লাভসে। দক্ষিণ আফ্রিকার জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। 

আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেয় প্রোটিয়ারা। টিভি রিপ্লেতে দেখা যায়, কিপারের গ্লাভসে যাওয়ার বল ছুঁয়েছে স্টয়নিসের গ্লাভস। তবে তখন ওই গ্লাভসের সঙ্গে ব্যাটের সংস্পর্শ ছিল কি না সেটি নিয়ে সংশয় ছিল যথেষ্টই। 

তবু বেশ কিছুক্ষণ রিপ্লে দেখে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন থার্ড আম্পায়ার রিচার্ড কেটেলবারো। মাঠ ছাড়ার আগে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন স্টয়নিস। স্পষ্ট অসন্তোষ ফুটে ওঠে তার অভিব্যক্তিতে। নন স্ট্রাইকে থাকা মার্নাস লাবুশেনও ঠিক বুঝতে পারছিলেন না এমন সিদ্ধান্ত। 

পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ব্যাপারে মাঠের আম্পায়াররা কী ব্যাখ্যা দিয়েছেন সেটি জানান লাবুশেন।

“দেখুন, আম্পায়াররাও জানত না আসলে কী হচ্ছে। আমরা যা দেখেছি, তারাও সেটি দেখেছে। তো তাদের সঙ্গে তেমন কথা হয়নি। আমার ক্ষেত্রে, আমি বলব যে, আমি মাঠে ছিলাম, আমি দেখতে পারিনি। তবে দেখে মনে হয়েছে, ওই হাত ব্যাট থেকে ছুটে গিয়েছে এবং বল গ্লাভসে লেগেছে। তারা (থার্ড আম্পায়ার) যেহেতু পাশ থেকে দেখছিল না, তাই আমি ও মার্কাস জিজ্ঞেস করছিলাম, তারা কি এটি দেখেছে? কারণ তারা শুধু সামনে থেকে বল স্পর্শ হওয়া দেখেছে এবং পাশ থেকে জুম করে দেখেনি।”

“আমি দুঃখিত কিন্তু দেখে মনে হয়েছে ব্যাটের হাতলে দুই গ্লাভসের মধ্যে স্পষ্ট দূরত্ব। তবে এখানে বলতেই হয়, আমি থার্ড আম্পায়ারের কক্ষে (আগে) গিয়েছি এবং সেখানে পর্দা আরও বড় থাকে এবং সবকিছু আমি মাঠে দাঁড়িয়ে বড় পর্দায় দেখার তুলনায় আরও স্পষ্ট থাকে।”  

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে যথাযথ ব্যাখ্যা পাবেন বলে আশা লাবুশেনের।

“আমার মনে হয়, সবাই একই জিনিস দেখেছে। আমি জানি না, তারা কী ভাবছিল। তখন হয়তো এমন কিছু কথা হচ্ছিল বল ব্যাটের হাতলে লেগেছে অথবা আমি জানি না আসলে তারা কী বলছিল? তবে এটি অবশ্যই প্রশ্নবিদ্ধ ছিল এবং আমি নিশ্চিত আমরা এই বিষয়ে স্বচ্ছতা পাব অথবা আমরাই এর ব্যাখ্যা চাইব। 

“এটি বিশ্বকাপ এবং খেলার ফল পরিবর্তন করতে পারে এমন যে ছোট সিদ্ধান্তগুলো এড়ানো সম্ভব, সেগুলো আমরা এড়াতে চাই। অবশ্যই আমরা যে পরিস্থিতিতে ছিলাম, এটি বলা মুশকিল যে, এতে খেলার ফল বদলে দিতো না। তবে ভবিষ্যতের জন্য আপনি অবশ্যই এসব সিদ্ধান্ত সঠিক দেখতে চাইবেন।”

স্টয়নিসের আগে স্টিভেন স্মিথের এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত নিয়েও রয়েছে সংশয়। দশম ওভারে রাবাদার মিডল-লেগ স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি আঘাত করে স্মিথের প্যাডে। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ নেন টেম্বা বাভুমা। 

টিভি রিপ্লেতে দেখা যায়, বল ও ব্যাটের মাঝে রয়েছে স্পষ্ট দূরত্ব। তাই আল্ট্রা এজ না দেখে সরাসরি বল ট্র্যাকিং চান থার্ড আম্পায়ার। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ওই ডেলিভারির চূড়ান্ত অবস্থা ভেসে ওঠে টিভিতে। যেখানে দেখা যায়, বলের পিচিং অফ স্ট্যাম্প লাইনে, ইমপ্যাক্ট মিডল-লেগ স্ট্যাম্পে ও উইকেটস হিটিং। ফলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন থার্ড আম্পায়ার। 

স্মিথ নিজে তো বটেই, নন স্ট্রাইকে থাকা লাবুশেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না এই সিদ্ধান্ত। এমনকি সিদ্ধান্ত বদলানোর সময় মাঠে আম্পায়ার জো উইলসনের চোখে-মুখেও দেখা যায় অবিশ্বাসের ছাপ। রিপ্লে দেখানোর সময় ধাপে ধাপে বলের পুরো গতিপথ না দেখিয়ে সরাসরি চূড়ান্ত অবস্থা দেখানো নিয়েও উঠছে নানান প্রশ্ন।

সংবাদ সম্মেলনে তখনকার অবস্থাও ব্যাখ্যা করেন লাবুশেন।

“বড় পর্দায় সবাই যা দেখেছে, আমিও তা-ই দেখেছি। আমি পর্দায় তাকিয়ে দেখছিলাম এবং জোয়েলকে (উইলসন) বলছিলামও যে, ভালো সিদ্ধান্ত। কারণ সামনে থেকে মনে হয়েছে এটি লেগ স্ট্যাম্পের বাইরে চলে যাবে। স্মিথ আমাকে জিজ্ঞেস করে, ‘কী মনে হয়?’ আমি বলি যে, ‘নাহ! এটি কাছাকাছিও হবে না।’ আমার মনে হচ্ছিল, এঙ্গেলে লেগ স্টাম্প দিয়ে বের হয়ে যাবে।”

“সে (স্মিথ) যখন এই ধরনের শট খেলে, পা লেগ স্টাম্পের বাইরে রাখে। অন্যদের মতো খুব বেশি স্টাম্পের দিকে চলে আসে না। যে কারণে তার পা সবসময় বাইরে থাকে। বল হয়তো তার পায়ে লাগার সময় লেগ স্টাম্পে ছিল, এরপর বেরিয়ে যাচ্ছিল। কিন্তু এই বলে... আমি চূড়ান্ত ফুটেজ দেখিনি, তবে মনে হচ্ছিল, লেগ স্টাম্প বরাবল লেগে বল সোজা চলে গেছে। হ্যাঁ সামনাসামনি দেখে আমার এমন মনে হয়নি। তবে আমি প্রযুক্তির ব্যাপারে তর্ক করতে পারি না। এখন তো নয়ই।”