২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার ৩৪৪ রান দেখেও ভড়কে যাননি রিজওয়ানরা

মাঝ বিরতিতে বড় লক্ষ্য তাড়া করে জয়ের বিশ্বাস ছিল পাকিস্তান দলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 02:30 PM

Updated : 11 Oct 2023, 03:52 PM

কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা গড়ল সাড়ে তিনশ ছুঁইছুঁই পুঁজি। বিশ্বকাপে এত বেশি লক্ষ্য তাড়ার রেকর্ড নেই কোনো দলের। পাকিস্তান কখনও তাড়া করেনি ২৬৩ রানের বেশি। তবু প্রথম ইনিংস শেষে আশা না হারিয়ে নতুন ইতিহাস গড়ার বিশ্বাস রাখে পাকিস্তান দল। সেই বিশ্বাসের মন্ত্রেই পায় অসাধারণ জয়।

হায়দরাবাদে মঙ্গলবার আব্দুল্লাহ শাফিক, মোহাম্মদ রিজওয়ানের শতক ছোঁয়া ইনিংসে দশ বল আগেই ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করেছে পাকিস্তান। গড়েছে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড। 

ক্যারিয়ার সেরা ইনিংসে অপরাজিত ১৩১ রানের সঙ্গে কিপিংয়ে নেওয়া ৩ ক্যাচে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রিজওয়ান। ম্যাচ শেষে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে রান তাড়ায় ব্যাটিং শুরুর আগে ড্রেসিং রুমের অবস্থা জানান রিজওয়ান।

“এমন রান তাড়ায় এটি (এমন ইনিংস খেলা) কঠিন ছিল। তবে এটি সবসময়ই বিশেষ কিছু।...বোলিং শেষে ড্রেসিং রুমে ফেরার পর আমাদের সবার মাঝে বিশ্বাস ছিল যে, আমরা এই রান তাড়া করতে পারব। এই কারণে মনে ইতিবাচক ভাব ছিল।”

তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা তেমন ভালো ছিল না পাকিস্তানের। প্রথম পাওয়ার প্লেতে ইমাম উল হাক ও বাবর আজম ফিরে গেলে কিছুটা চাপে পড়ে যায় তারা। এরপর শাফিককে নিয়ে ১৭৬ রানের জুটি গড়েন রিজওয়ান। বিশ্বকাপ অভিষেকে প্রথম পাকিস্তানি হিসেবে সেঞ্চুরি করা শাফিক খেলেন ১১৩ রানের ইনিংস। 

শুরুর ধাক্কা সামলে দলকে জয়ের পথে নেওয়ার ওই জুটিতে দুজনের পরিকল্পনা কী ছিল জানান রিজওয়ান।

“দূর্ভাগ্যবশত তারা বাবর আজমের উইকেট পেয়ে যায়। তবে এটি দলীয় খেলা এবং তখন আমরা জুটি গড়ার সিদ্ধান্ত নেই। তিনশর বেশি রান তাড়া সবসময়ই... উইকেট খুব ভালো ছিল, আমাদের জন্য সহায়ক। আমরা যদি গভীরে যাই এবং শেষ দিকে টি-টোয়েন্টি ইনিংস বানিয়ে নিতে পারি, এমনটাই ঠিক করেছিলাম।” 

ম্যাচে এক পর্যায়ে চারশর কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা তৈরি করে শ্রীলঙ্কা। মেন্ডিসের ৭৭ বলে ১২২ রানের সৌজন্যে ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান করে ফেলে লঙ্কানরা। কিন্তু এরপর শেষটা তাদের ভালো করতে দেয়নি পাকিস্তানের বোলাররা। 

সামারাউইক্রামা সেঞ্চুরি করলেও অন্যরা তেমন আগ্রাসী ব্যাটিংয়ে ব্যর্থ হলে শেষের ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৫ রানের বেশি নিতে পারেনি শ্রীলঙ্কা। তাদের সাড়ে তিনশর আগে আটকে রাখায় বোলারদের প্রাপ্য কৃতিত্বও দেন রিজওয়ান। 

“ওই সময় (মেন্ডিস আউট হওয়ার পর) আমরা ঠিক করি ৩৪০-৩৫০ রান... আমরা যদি তাদেরকে এর মধ্যে আটকাতে চাই, খুব ভালো বোলিং করতে হবে। তখন মাঝের ওভারগুলোতে যখন হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি এসেছে এবং হারিস রউফ, তারা খুব ভালো বোলিং করেছে এবং (শ্রীলঙ্কাকে) আটকে রেখেছে।”

“কুসাল ও সাদিরাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। তারা খুব ভালো খেলেছে। তবে আমরা জানতাম, পিচ খুব ভালো এবং লক্ষ্য যদি সাড়ে তিনশ রানের হয়, আমরা সেটি তাড়া করতে পারব।”