২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং স্বর্গে স্বপ্নের দিনের প্রত্যাশায় বাংলাদেশ 

পুনের ব্যাটিং উইকেটে পরিপূর্ণ পারফরম্যান্স মেলে ধরে ভারতকে হারানোর আশায় বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে।

ব্যাটিং স্বর্গে স্বপ্নের দিনের প্রত্যাশায় বাংলাদেশ 

অনুশীলনের এক ফাঁকে পেসারদের সঙ্গে বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি: রয়টার্স

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পুনে থেকে

Published : 18 Oct 2023, 11:20 PM

Updated : 19 Oct 2023, 02:29 PM

নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পরে সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে। অপারেশন্স ম্যানেজার ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দুঃখপ্রকাশ করে বললেন, পথে টিম বাসে একটু যান্ত্রিক সমস্যা হয়েছিল। পাশ থেকে হাথুরুসিংহে বললেন, “আমাদের গাড়ীতে স্রেফ একটি গিয়ার ছিল…।” তার কৌতুকে হেসে উঠলেন অনেকে। বোঝা গেল, কোচ বেশ খোশ মেজাজেই আছেন। তবে কোচের মুখে এই হাসি ধরে রাখতে পুনের উইকেটে তার ব্যাটসম্যানদের ছুটতে হবে সর্বোচ্চ গিয়ারে!

এমনিতেই প্রবল রান প্রসবা উইকেট এটি। হাথুরুসিংহে নিজেই বললেন, এই বিশ্বকাপে তাদের দেখা সেরা উইকেট। তুমুল ফর্মে থাকা ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে এই ২২ গজে রানের রথ ছোটাতে হবে সমান তালে। এখানে পিছিয়ে পড়লে বা পিষ্ট হলে ম্যাচ থেকেও ছিটকে পড়তে হবে।

সম্ভাব্য এই রান উৎসবে ব্যাটসম্যানরা কতটা বর্ণিল হতে পারবে, সেই প্রশ্নকে সঙ্গী করেই ভারতের বিপক্ষে বৃহস্পতিবার খেলতে নামবে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা দুটি বিষয় নিয়ে-সাকিবের চোট আর এই মাঠের উইকেট। সাকিব খেলবেন কি না, সেই উত্তর মেলেনি ম্যাচের আগের দিনও। এ দিন আরেকবার স্ক্যান করানো হয়েছে তার। সেটির ফলাফলের অপেক্ষায় দল। সংবাদ সম্মেলনে কোচ জানালেন, ম্যাচের আগে মাঠে এসে সাকিবের বোলিং পরখ করে দেখা হবে। এরপর তাকে নিয়ে সিদ্ধান্ত হবে শেষ সময়ে।

এই উইকেটে কোন পথে এগোতে হবে, সেই সিদ্ধান্ত অবশ্য সবারই জানা। নিখাদ ব্যাটিং উইকেট এটি, বল দারুণভাবে ব্যাটে আসে। মাঠের সীমানা ছোট, আউটফিল্ড গতিময়। আর কিছু কী লাগে! বরাবরই এই মাঠে রানের জোয়ার বয়ে যায়।

Image

ভারতের বিপক্ষে সাকিব আল হাসান খেলবেন কিনা, সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। ছবি: রয়টার্স

তবে বাংলাদেশের টপ অর্ডারে এখন যা অবস্থা, তাতে সেই স্রোতে তাদের সামিল হতে পারার সামর্থ্য নিয়ে সংশয় থাকছেই। আগের ব্যর্থতাগুলোর কথা স্বীকার করেই কোচ বললেন, ভারতের বিপক্ষে প্রত্যাশিত একটি দিনের অপেক্ষায় আছেন তারা।

“এখনও পর্যন্ত আমরা যেসব উইকেটে খেলেছি, এটাই সম্ভবত সেরা। এমনকি অনুশীলন উইকেটগুলোও ছিল প্রায় একইরকম, সত্যিই ভালো (ব্যাটিংয়ের জন্য)। গতকালকে আমাদের খুব ভালো নেট সেশন হয়েছে। আমরা এখনও পর্যন্ত পরিপূর্ণ ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারিনি। ব্যাটে-বলে কোনোটিতেই পারিনি আসলে। পরিপূর্ণ পারফরম্যান্স তাই প্রত্যাশিত আমাদের কাছে।”

“আমরা জানি যে, দল হিসেবে খেলতে পারলে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে… আমরা তো বড় দলগুলিকে হারিয়েছি। অতীতে আমরা তা ভালোভাবেই পেরেছি। তাই অপেক্ষা করছি… ওরকম একটি দিন তো আমাদের পাওনা আছে এখনও।”

দুই দলের সবশেষ চার ওয়ানডের তিনটিই জিতেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের বাস্তবতা তো ভিন্ন। সেই ২০০৭ বিশ্বকাপের চমকপ্রদ জয়ের পর ভারতকে আর বিশ্বমঞ্চে হারাতে পারেনি বাংলাদেশ। এবারও শক্তি-সামর্থ্য ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে ভারত পরিষ্কার ফেভারিট। কোচ হাথুরুসিংহে তো বলেই দিলেন, ভারতের এই দলে কোনো দুর্বলতা তিনি দেখেন না।

তারপরও এই ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন তিনি। দলের কাছে আবারও চাওয়া, পরিপূর্ণ পারফরম্যান্স। প্রতিপক্ষের কাছে চাওয়া, একটি খারাপ দিন।

“সাম্প্রতিক সময়ে যদিও আমরা তাদের বিপক্ষে সাফল্য পেয়েছি। তবে বিশ্বকাপ ভিন্ন ব্যাপার। যেটি বললাম, আমরা আশায় আছি তাদের বিপক্ষে পরিপূর্ণ একটি ম্যাচ খেলার। সামর্থ্যের সবটুকু দিয়ে পারফর্ম করা উচিত আমাদের।”

Image

পেসার হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

ছবি: রয়টার্স

“ভারত সম্ভবত এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে বেশি ফর্মে থাকা দল। তবে আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি এবং তাদের দিনটা খুব একটা ভালো না হয়… তাহলে আমার মনে হয় ভালো একটি ম্যাচ আমাদের হবে এবং আমাদের সেই সামর্থ্য আছে।”

বাংলাদেশের একাদশে অন্তত একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েই রেখেছেন কোচ। বাড়তি একজন বোলার খেলানো হবে এই ম্যাচে। সেই একজন হতে পারেন শেখ মেহেদি হাসান। বিশ্বকাপে আগের যে ম্যাচটিতে বাড়তি বোলার নিয়ে খেলেছে দল, সেটিতে তিনি ছিলেন এবং ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে শুরুতে বেদম মার খেলেও পরে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেট নেন। তবে বাঁহাতি স্পিনের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের অস্বস্তি ও ভারতের ব্যাটিং লাইন আপে ডানহাতি ব্যাটসম্যানদের আধিক্যের কথা মাথায় রেখে নাসুম আহমেদকে নামিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

ভারতের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বোলিং কোচ পারাস মামব্রে তো রান উৎসবের বার্তা দিয়েই রেখেছেন। বোলারদের কাজটাও যে ভীষণ কঠিন হবে, সেটিও তিনি জানিয়ে রেখেছেন আগেভাগেই। তবে তারা বিশ্বাস রাখছেন নিজেদের শক্তিতেই। নিজেদের কাজটুকু করতে পারলে তারাই জিতবেন, সরাসরিই বলে দিলেন মামব্রে।

“আমাদর চাওয়া হলো মাঠে নেমে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা ঢেলে দেওয়া। এটাই খেলা। বাংলাদেশ অবশ্যই কঠিন প্রতিপক্ষ। আমাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। অন্য দলগুলির দিকে আমরা তাকাচ্ছিই না। নিজেরা ম্যাচ থেকে কী অর্জন করতে চাই, সেদিকেই মনোযোগ আমাদের। আমাদের পরিকল্পনা আছে, সেসবের বাস্তবায়ন করতে পারলে আমরাই জিতব। আমাদের আলোচনা একমাত্র সেটি নিয়েই।”

Image

আসরে প্রথম তিন ম্যাচে জয়ী ভারত দল বাংলাদেশের বিপক্ষেও পরিষ্কার ফেভারিট। ছবি: রয়টার্স

টানা তিন জয়ে উড়তে থাকা ভারত এই ম্যাচে গুরুত্বপূর্ণ কাউকে বিশ্রাম দেবে না বা বিকল্প কাউকে বাজিয়ে দেখবে না বলেও জানান মামব্রে। তাদের ভাবনায় শুধু নিজেদের জয়রথ ছুটিয়ে নেওয়া।

বাংলাদেশ পারবে ভারতের স্বপ্নরথে লাগাম টানতে? সেমি-ফাইনাল স্বপ্ন জিইয়ে রাখতে হলে পারতেই হবে সাকিবদের।