অনেক কিছুই এখন বলতে চান না সাকিব
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে ও প্রাণবন্ত দেখা গেল বাংলাদেশ অধিনায়ককে।
১৩ মিনিটের সংবাদ সম্মেলনে অনেক কথাই বললেন সাকিব। তবে কিছু কথা জমিয়েও রাখলেন। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা, প্রস্তুতির ঘাটতি, মিরপুরের উইকেট-এমন অনেক কিছু নিয়ে তিনি এখন কথা বলতে চান না। বাংলাদেশ অধিনায়কের মতে, এসব নিয়ে আলোচনা করা উচিত বিশ্বকাপ শেষে।
প্রস্তুতির ঘাটতির ব্যাপারটি উঠে আসে সাকিবের নিজের মন্তব্য থেকেই। নেদারল্যান্ডসের কাছে বাজেভাবে হারার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, বিশ্বকাপের জন্য বাংলাদেশ ‘আন্ডার প্রিপেয়ার্ড’ ছিল। অর্থাৎ, দলের প্রস্তুতি যথেষ্ট হয়নি।
কিন্তু বিশ্বকাপের ঠিক আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব নিজেই তো ছিলেন না। বিশ্বকাপ প্রস্তুতির জন্য সিরিজটির আয়োজন করা হলেও বিশ্বকাপ দলের বেশ কজন ক্রিকেটার সেই সিরিজের পুরোটা খেলেননি। এখন যদি মনে হয় প্রস্তুতির ঘাটতি ছিল, তাহলে তো প্রশ্নও উঠে যায়, তারা কেন ওই সিরিজটি খেলেননি!
প্রশ্নটা শুনে কিছুক্ষণ ভাবলেন সাকিব। সরাসরি উত্তরও দিলেন না পরে। খানিকটা ব্যাখ্যা দিলেন বটে, তবে বিশদ আলোচনা জমিয়ে রাখলেন বিশ্বকাপ শেষের জন্য।
“এখন আসলে এমন একটা প্রশ্ন করেছেন, এই আলোচনাটা আমি এখন করতে পারব না বা করতে চাইও না। করতে গেলে হয়তো বড় চিন্তা করতে হবে। বিশ্রাম নিলে ভালো হতো কী খারাপ হতো, খেললে কী ভালো হতো বা খারাপ হতো, এসব আসলে ফল হয়ে যাওয়ার পর বলাটা সহজ। আগে বলাটা কঠিন। বিশ্রামে যারা ছিল, কম বেশি সবাই খেলেছে, আমি বাদে। শেষদিকে এসে খেলেছে। আর হয়তো যাদের ইনজুরি ছিল, তারা খেলেনি। তা বাদে আমার মনে হয় বাকি সবাই খেলেছে, অন্তত একটা ম্যাচ হলেও খেলেছে।”
“ওগুলো আসলে এখন আমার খুব অপ্রাসঙ্গিক মনে হয়। এটা আসলে টুর্নামেন্ট শেষ হলে বিস্তর আলোচনা হয়তো করা যেতে পারে। এখন আমাদের মনোযোগ পরের ম্যাচেই আছে এবং আমরা চেষ্টা করছি কীভাবে সব থেকে ভালো পারফর্ম করা যায়।”
বিশ্বকাপে বাংলাদেশের টানা ব্যর্থতার প্রসঙ্গও এলো। যদিও ১৯৯৯ বিশ্বকাপ, ২০০৭ বিশ্বকাপ ও ২০১৫ বিশ্বকাপে সেই সময়ের বাস্তবতা ও প্রত্যাশার সঙ্গে মিলিয়ে যথেষ্টই সফল বলে ধরে নেওয়া হয়। তবে ২০০৭ থেকে সব আসরেই তিনটি করে ম্যাচ জিতেছে বলে মোটা দাগে বাংলাদেশ সব আসরেই ব্যর্থ বলে নানা সময়েই মন্তব্য করেছেন সাকিব।
তার কাছে জানতে চাওয়া হলো, বিশ্ব আসরে বাংলাদেশের সমস্যা কোথায় আর সমাধান কী। অধিনায়ক এই প্রশ্নের গভীরেও গেলেন না।
“দেখুন, এখন তো আসলে মনোযোগ কালকের ম্যাচে। এই প্রশ্ন আমার কাছে এখন একটু অপ্রাসঙ্গিকই। আমার কাছে এটা আলোচনার ব্যাপার ২০১১ বিশ্বকাপ শেষের পরের দিন, ২০১৫ বিশ্বকাপ শেষের পরদিন, ২০১৯ বিশ্বকাপ শেষের পরদিন এবং এখন তেইশের বিশ্বকাপ শেষ হলে আলোচনার বিষয়।”
সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আরেকটি প্রশ্ন এলো ঠিক এরপরই। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটে খেলায় বাংলাদেশের ব্যাটসম্যানরা আরও আগ্রাসী ও সমৃদ্ধ হতে পারছেন না, এই আলোচনা অনেক দিন ধরেই আছে। এবারের বিশ্বকাপে তা আরও একবার উচ্চকিত হয়েছে। এমনকি দেশের বাইরের বেশ কজন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক এই ব্যাপারটি তুলে ধরেছেন। দেশের সফলতম ক্রিকেটার হিসেবে সাকিবের কোনো পরামর্শ থাকতেই পারে উইকেট নিয়ে!
সাকিব এখানেও অটল রইলেন একই অবস্থানে।
“আগের প্রশ্নে যা বললাম, আসলে উত্তরটি এরকমই। এখন আসলে এগুলো নিয়ে আলোচনা করার বিষয় নয়। এই আলোচনার বিষয় হলো যখন কোনো সিরিজ বা টুর্নামেন্ট শেষ হয়, তখন। এখন আলোচনা শুধুই কালকের ম্যাচ নিয়ে।”
সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপ শেষে সাকিবের অনেক কথাই আছে। সেসব তিনি বলবেন কি না বা কতটা বলবেন, কীভাবে বলবেন, কৌতূহল নিয়ে অপেক্ষা করাই যায়!
