২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ স্বপ্ন নিয়ে সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ

বিশ্বকাপে নিজেদের অভিযান শুরুর আগে দলের স্বপ্ন কিংবা লক্ষ্য পরিষ্কার করলেন চান্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:30 PM

Updated : 06 Oct 2023, 03:33 PM

ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে দারুণ পারফরম্যান্সের ভেলায় ভেসে মূল আসরেও বড় কিছুর আশা দেখছিল বাংলাদেশ। তবে গত কয়েক মাসের নানান ঘটনার পর সবশেষ এশিয়া কাপে সেই আশার পালে লেগেছে বড় ধাক্কা। বড় স্বপ্ন দেখা সবাইকে ‘ঘুম থেকে উঠতে’ বলেন চান্দিকা হাথুরুসিংহেও। তবে সেটির অর্থ যে, দলের লক্ষ্য ছোট করে ফেলা নয়, তা ব্যাখ্যা করলেন বাংলাদেশের প্রধান কোচ। 

ধারামশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে নিজ দলের লক্ষ্যও পরিষ্কার করেছেন হাথুরুসিংহে।

সবশেষ এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠে বাংলাদেশ। সুপার ফোরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল হারাতে পারে কেবল ভারতকে, আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় যারা নেমেছিল দ্বিতীয় সারির দল নিয়ে। পরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রাম দিয়ে সিরিজ হারে বাংলাদেশ।  

এশিয়া কাপে তাদের যাত্রা থামার পর দেশের শীর্ষস্থানীয় এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, বিশ্বকাপ জেতার স্বপ্ন যারা দেখছেন, তারা যেন ঘুম থেকে উঠে পড়েন। তার এই মন্তব্য নিয়ে গত কয়েক সপ্তাহে আলোচনা হয়েছে অনেক। সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরা জানিয়েছেন, দলের স্বপ্নে কোনো পরিবর্তন আসেনি। 

এবার প্রায় একই ধরনের কথা বললেন হাথুরুসিংহেও। শুক্রবার দলের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে জানালেন, ক্রিকেটারদের প্রত্যাশার চাপমুক্ত রাখতে ঘুম থেকে ওঠার ওই মন্তব্য তিনি করেছিলেন। 

“ছেলেদের ওপর থেকে চাপ কমানো আমার কাজ। মানুষ স্বপ্ন দেখতে পারে, লক্ষ্য ঠিক করতে পারে, যে শব্দই ব্যবহার করুন না কেন এটা একই জিনিস। ভালো বিশ্বকাপ কাটানো, ম্যাচ জেতা আমার লক্ষ্য। আমাদের লক্ষ্য সেমি-ফাইনালে খেলা। এটা স্বপ্নও হতে পারে, লক্ষ্যও হতে পারে। এতে কোনো ফারাক পড়ে না।”

বিশ্বকাপ সুপার লিগে ২৪ ম্যাচে ১৫ জয় নিয়ে ১৪ দলের মধ্যে তিন নম্বরে ছিল বাংলাদেশ। ওই অভিযানে তখনকার অধিনায়ক তামিম বেশ কয়েকবারই বলেন, বিশ্বকাপেও ভালো কিছু করতে চায় তার দল। তবে এরপর গত কয়েক মাসে বদলে গেছে অনেক কিছুই।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে মূলত টালমাটাল অবস্থার শুরু বাংলাদেশ দলের। ওই সিরিজের প্রথম ম্যাচের পর আকস্মিক অবসর নেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে ফেরেন দলে। এর আগেই ছেড়ে দেন অধিনায়কত্ব। অভিজ্ঞ এই ওপেনারকে বিশ্বকাপ দলে রাখা, না রাখা নিয়েও হয়ে যায় তোলপাড়। 

শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই বিশ্বকাপে গেছে বাংলাদেশ। তার জায়গায় সুযোগ পাওয়া তরুণ ওপেনার তানজিদ হাসান দুটি প্রস্তুতি ম্যাচেই দেখিয়েছেন নিজের সামর্থ্যের ঝলক। এর একটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে দল, হেরেছে ইংল‍্যান্ডের কাছে।

এশিয়া কাপের পর দেওয়া ওই সাক্ষাৎকারেও হাথুরুসিংহে বলেছিলেন সেমি-ফাইনালে খেলার লক্ষ্যের কথা। এবার তার কথায় এলো শিরোপার প্রসঙ্গও।

“আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। তবে আপনি যেহেতু বাস্তবিক সুযোগের কথা জিজ্ঞেস করেছেন, যদি চার-পাঁচটা ম্যাচ জিতি তাহলে সেমি-ফাইনালে খেলার বা নক-আউট পর্বে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারব। এটা আমাদের প্রথম লক্ষ্য। এটি করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমি-ফাইনালে যেতে হবে।”