২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্রুততম ফিফটি-সেঞ্চুরির রেকর্ড ভালোবাসি’

বিধ্বংসী সেঞ্চুরির পর গ্লেন ম্যাক্সওয়েল জানালেন, এসব রেকর্ডের কথা সবসময় মাথায় রাখেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 02:10 PM

Updated : 26 Oct 2023, 02:10 PM

স্রেফ ৬৬ বল বাকি থাকতে উইকেটে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম স্ট্রাইক পেলেন ৫৮ বল বাকি থাকতে। ইনিংসের ৩ বল বাকি থাকতে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরলেন তিনি। আর মাঝের সময়টায় নেদারল্যান্ডসের বোলারদের ওপর টর্নেডো বইয়ে দিয়ে গড়লেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড! ম্যাচ শেষে তিনি জানালেন, এই রেকর্ডের কথা সবসময় মাথায় ছিল তার। 

দিল্লিতে বুধবার ডাচদের বিপক্ষে স্রেফ ৪০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ম্যাক্সওয়েল। ফেরার আগে ৯ চার ও ৮ ছক্কায় ৪৪ বলে করেন ১০৬ রান। বিশ্বকাপের ইতিহাসে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। একই মাঠে গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন এইডেন মার্করাম। 

এই রেকর্ড নিজের করার পথে ২৭ বলে ফিফটি করেন ম্যাক্সওয়েল। পরের ১৩ বলে পৌঁছে যান জাদুকরী তিন অঙ্কে। পুরো ওয়ানডে ইতিহাসেই এর চেয়ে কম বলে সেঞ্চুরি আছে কেবল তিনটি।

রেকর্ড গড়া সেঞ্চুরির পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব পরিসংখ্যানের ব্যাপারে ধারণা রাখার কথা জানান ম্যাক্সওয়েল। 

“আমি এসবের (রেকর্ড) ব্যাপারে খুব সচেতন। কতগুলো বল খেলি সেই ব্যাপারেও আমি খুব সচেতন। দ্রুত ফিফটি, সেঞ্চুরির রেকর্ডগুলো আমি ভালোবাসি। আমার মতে, এগুলো দুর্দান্ত রেকর্ড। কখনও কখনও নিজের ক্ষতি করে হলেও (এসব রেকর্ডের জন্য) আমি একটু বেশিই চেষ্টা করেছি।”

২০১৫ বিশ্বকাপে অল্পের জন্য কেভিন ও’ব্রায়েনের ৫০ বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেননি ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি শতক পূর্ণ করেন ৫১ বলে। 

এর আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে স্রেফ ৩৮ বলে তিনি করে ফেলেন ৮৮ রান। পরের ১১ বলে ১২ রান করলেই কেভিন ও’ব্রায়েনের তখনকার রেকর্ড ভাঙতে পারতেন ম্যাক্সওয়েল। কিন্তু রয়েসয়ে না খেলে আগ্রাসী ব্যাটিংই চালিয়ে নেন তিনি। এর মাশুলও দিতে হয় তাকে।  

নিজেকে ছাড়িয়ে এবার নতুন রেকর্ড গড়ার পর ৮ বছর আগে ফিরে গেলেন ম্যাক্সওয়েল। 

“আমার মনে হয়, ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আমি ৮৮ রানে ছিলাম। মনে হচ্ছিল, পরের দুই বলেই আমি (সেঞ্চুরি) করে ফেলব। তখন সোজা কভার ফিল্ডারের হাতে মেরে আউট হয়ে যাই। পরের ম্যাচেই মনে হয়, আমি আমার দ্রুততম সেঞ্চুরি করেছিলাম।” 

“আমি এর আগেও এমন অবস্থায় ছিলাম, যেখানে রান পাওয়ার পর দ্রুত সেঞ্চুরির সুযোগ ছিল আমার সামনে। আমি জানি, আমাকে বল করা কঠিন। বিষয়টা হলো, প্রথম বল কোনোভাবে কাটিয়ে দেওয়া।”