১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সুরিয়াকুমারকে ছাড়িয়ে ২ হাজারে দ্রুততম আভিশেক

সাবেক ভারতীয় অধিনায়কের রেকর্ড নিজের করে নিলেন আভিশেক শার্মা।

সুরিয়াকুমারকে ছাড়িয়ে ২ হাজারে দ্রুততম আভিশেক

আভিশেক শার্মা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 08:32 PM

Updated : 11 Oct 2026, 08:59 PM

অফ স্টাম্পের বাইরে শামার স্প্রিঙ্গারের লেংথ ডেলিভারি ডিপ কাভারের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেললেন আভিশেক শার্মা। এই ছক্কায় ভারতের ওপেনার স্পর্শ করলেন মাইলফলক, নাম লেখালেন রেকর্ড বইয়ে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড এখন আভিশেকের। তিনি ভেঙে দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের রেকর্ড।

বর্তমানে দলের বাইরে থাকা সুরিয়াকুমার এক হাজার ১৬৪ বলে মাইলফলকটি ছুঁয়েছিলেন। আভিশেকের লাগল এক হাজার ২৪ বল।

ইন্দোরে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন ২৬ বছর বয়সী ক্রিকেটার।

মাইলফলক ছুঁতে এ দিন আভিশেকের প্রয়োজন ছিল ৩৭ রান। ২৪ থেকে পঞ্চম ওভারে স্প্রিঙ্গারের টানা তিন বলে দুটি চার ও একটি ছক্কা মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি।

ইনিংসের হিসাবে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড অস্ট্রিয়ার কারানবির সিংয়ের (৪৫)। আভিশেকের লাগল ৬৪ ইনিংস।

ঝড়ো ব্যাটিংয়ে ১৮ বলে পঞ্চাশ ছুঁয়ে ৬৯ রান করে আউট হন আভিশেক। তার ৩০ বলের ইনিংসটি গড়া ছয়টি চার ও পাঁচটি ছক্কায়।

এই পাঁচ ছক্কায় সুরিয়াকুমারের আরেকটি রেকর্ড স্পর্শ করেছেন তিনি। পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এই সংস্করণে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন যৌথভাবে এই দুজনের।

২০২২ সালে ৬৮টি ছক্কা হাঁকিয়ে রেকর্ডটি গড়েন সুরিয়াকুমার। এই বছরে আভিশেকের ছক্কাও হলো ৬৮টি। এই রেকর্ডটিও নিজের করে নেওয়া তার জন্য কেবল সময়ের ব্যাপার।