২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের জন্যই নিজেকে তৈরি রাখেন ওয়ার্নার

বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পেছনে নিজেকে প্রস্তুত রাখার বিষয়টি ব্যাখ্যা করলেন ডেভিড ওয়ার্নার।

বিশ্বকাপের জন্যই নিজেকে তৈরি রাখেন ওয়ার্নার

আরেকটি সেঞ্চুরিতে কিংবদন্তি ব্যাটসম্যান সাচিন টেন্ডুলকারের পাশে বসলেন ডেভিড ওয়ার্নার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 03:20 PM

Updated : 26 Oct 2023, 03:20 PM

হতাশাজনক শুরুর পর ছন্দ খুঁজে পেয়েছেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে পরপর দুই সেঞ্চুরিতে বসেছেন কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের পাশে। তার সামনে এখন আরও ওপরে ওঠার হাতছানি। নতুন অর্জনের পর ওয়ার্নার বলেছেন, বৈশ্বিক টুর্নামেন্টে ভালো কিছুর অপেক্ষায়ই থাকেন তিনি।

দিল্লিতে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। বিশ্বকাপে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি শতকের তালিকায় রিকি পন্টিং (৫) ও কুমার সাঙ্গাকারাকে (৫) ছাড়িয়ে দুই নম্বরে টেন্ডুলকারের (৬) পাশে বসেছেন তিনি। ৭ শতক নিয়ে তার ওপরে আছেন কেবল রোহিত শার্মা।

ডাচদের আগে পাকিস্তানের বিপক্ষে তিনি খেলেন ১৬৩ রানের ইনিংস। প্রথম তিন ম্যাচে তিনি পাননি কোনো ফিফটির দেখা। ভারতের বিপক্ষে ৪১ রানের পর পরের দুই ম্যাচে ১৫ রানও করতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। সেই হতাশা কাটিয়ে পাঁচ ম্যাচে এখন তার মোট সংগ্রহ ৩৩২ রান।

এ নিয়ে নিজের খেলা তিন বিশ্বকাপের সবকটিতেই অন্তত তিনশ রান করলেন ওয়ার্নার। ঘরের মাঠে ২০১৫ সালের আসরে এক সেঞ্চুরিতে তিনি করেন ৩৪৫ রান। ইংল্যান্ডে গত বিশ্বকাপে তিনটি করে ফিফটি-সেঞ্চুরিতে তার ব্যাট থেকে আসে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৬৪৭ রান। 

সব মিলিয়ে বিশ্ব আসরে স্রেফ ২৩ ইনিংসে তার নামের পাশে ৬৩.০৪ গড়ে ১ হাজার ৩২৪ রান। বৈশ্বিক এই টুর্নামেন্টে তার চেয়ে বেশি রান রয়েছে শুধু চার জনের। এখনও খেলে যাওয়া ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে কেবল ভিরাট কোহলি, ৩১ ইনিংসে ১ হাজার ৩৮৯ রান। 

নেদারল্যান্ডস ম্যাচের পর স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পেছনে নিজের ক্ষুধার কথা জানান ওয়ার্নার।


“আমার জন্য বিষয়টা হলো মাঠে গিয়ে নিজের সেরাটা দেওয়া। যে কোনো সিরিজে এটাই হয় এবং টুর্নামেন্টের ক্ষেত্রে, আমি এসবের জন্যই প্রস্তুত হই। আমরা এসব বিশ্বকাপের জন্যই বেঁচে থাকি। (বিশ্বকাপ) প্রতি চার বছরে একবার হয় এবং আপনাকে অবশ্যই এই মঞ্চে উজ্জ্বল পারফর্ম্যান্স করতে হবে। ওসব দ্বিপাক্ষিক সিরিজের ছন্দ এখানেও আনতে হবে।”

সেঞ্চুরির তালিকায় পন্টিং-সাঙ্গাকারাকে ছাড়িয়ে টেন্ডুলকারের পাশে বসা বিশেষ অর্জন মনে করেন ওয়ার্নার। তবে এখনই এটি নিয়ে বেশি ভাবতে চান না তিনি।

“তাদের সঙ্গে একই ক্যাটাগরি ও শ্রেণিতে থাকতে পারা বিশেষ কিছু। তারা খেলাটির কিংবদন্তি। আমরা তাদের খেলা দেখে বড় হয়েছি। এই মুহূর্তে আমরা বর্তমানেই থাকছি। হয়তো ২০-৩০ বছর পর আয়েশ করে বসে এসব (সাফল্য) উপভোগ করব।”