২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাসকিনকে পাচ্ছে না বাংলাদেশ

আপাতত বিশ্রামে রাখা হচ্ছে কাঁধের সমস্যায় ভোগা তাসকিন আহমেদকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 07:30 PM

Updated : 23 Oct 2023, 07:30 PM

তাসকিন আহমেদকে ঘিরে শঙ্কা জেগেছিল আগেই। ম্যাচের আগের দিন অধিনায়ক সাকিব আল হাসান নিশ্চিত করলেন, ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলতে পারবেন না বাংলাদেশের তারকা পেসার।

মুম্বাইয়ে সোমবার দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে তাসকিনের ব্যাপারে এই তথ্য দেন সাকিব। তিনি জানান, কাঁধের সমস্যায় ভোগা এই পেসারকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে মুম্বাইয়ে যাওয়ার পরই শোনা গিয়েছিল, পুরোনো কাঁধের চোটে ভুগছেন তাসকিন। তবে দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে সেই শঙ্কা উড়িয়ে দেওয়া হয়।

পরে রোববার দলের সঙ্গে অনুশীলনে থাকলেও বোলিং করেননি তাসকিন। তখনই ঘনীভূত হয় তাকে ঘিরে শঙ্কা। যা এবার পরিষ্কার করলেন অধিনায়ক সাকিব।

“কালকের ম্যাচে সে থাকছে না। আশা করছি, কালকের ম্যাচের পর থেকে সে খেলার মতো থাকবে। তার কাঁধে কিছুটা অস্বস্তি রয়েছে। দুই ম্যাচ ধরে সে ভুগছে। তাই চিকিৎসক-ফিজিও সিদ্ধান্ত নিয়েছে, সে যদি দুই ম্যাচ বিশ্রামে থাকে তাহলে শেষ ৪ ম্যাচের জন্য সে ফিট থাকবে। ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

“তাসকিন এই দলের গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা তাকে টুর্নামেন্ট শেষ হওয়ার আগে হারাতে চাই না। আমাদের হাতে তার জায়গা নেওয়ার মতো বিকল্পও নেই। তাই আপাতত বিশ্রাম দিয়ে শেষ ৪ ম্যাচে তাকে পাওয়ার আশা করছি।”

ভারতের বিপক্ষে তাসকিনের জায়গায় খেলেন হাসান মাহমুদ। আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম তিন ম্যাচ মিলে ওভারপ্রতি ৬.৩০ রান খরচ করে ২ উইকেট নেন তাসকিন।

শঙ্কা রয়েছে সাকিবকে ঘিরেও। ঊরুর পেশির চোটে তিনি খেলতে পারেননি ভারতের বিপক্ষে। প্রোটিয়াদের মোকাবিলা করার আগে তিনি জানালেন, অনুশীলন দেখে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে দল।