২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরের ৬ ম্যাচেই জিতবে বাংলাদেশ, বিশ্বাস হাথুরুসিংহের

ভারতের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের অতীত পরিসংখ্যান নিয়ে একেবারেই ভাবতে চান না বাংলাদেশের প্রধান কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 10:52 PM

Updated : 18 Oct 2023, 10:52 PM

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের পরের দুই ম্যাচ কেটেছে খুব খারাপ। বাজে ব্যাটিং-হতশ্রী ফিল্ডিংয়ের মাশুল গুনতে হয়েছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। এমন হতাশাময় পারফরম্যান্সের পরও অবশ্য আশা হারাচ্ছেন না বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। বাকি ছয় ম্যাচই জেতার স্বপ্ন দেখছেন তিনি। 

সেমি-ফাইনাল খেলার যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ, সেটি জিইয়ে রাখতে দ্রুত ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই দলের সামনে। সেই আশায় দলের সবাই এখনও বেশ চাঙ্গা বলেই ধারণা মেলে। 

গত শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে হারের পর পেসার মুস্তাফিজুর রহমানও যেমন আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, বাকি ছয় ম্যাচ তো জিততেও পারেন তারা। সেই অভিযানে চতুর্থ ম্যাচে নামার আগে একই কথা বললেন হাথুরুসিংহে।  

পুনেতে বৃহস্পতিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০০৭ সালে বিশ্বকাপে দুই দলের প্রথম সাক্ষাতেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। পরের তিন বিশ্বকাপেই অবশ্য জয়ী দলের নাম ভারত। এর মধ্যে ২০১১ সালে বাংলাদেশকে তাদেরই মাঠে উড়িয়ে দেয় সেবারের চাম্পিয়নরা। তেমন লড়াই হয়নি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে পরের দুই আসরে মুখোমুখি লড়াইয়েও।

আরেকটি ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে অতীতের ফলাফল মনে রাখতে চান না হাথুরুসিংহে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ জানালেন, হতাশা ভুলে ভালো করতে প্রেরণার কমতি নেই তার দলে। 

“আমার মনে হয় না, আগামীকালের ম্যাচে এর (অতীত পরিসংখ্যান) কোনো প্রাসঙ্গিকতা আছে। এখান থেকে সামনের প্রতিটি ম্যাচ জেতার ব্যাপারে আমরা অনুপ্রাণিত।…আমাদের এখনও ছয় ম্যাচ বাকি আছে। এখনও মনে হয়, আমরা এই ছয় ম্যাচ জিততে পারব। আগামীকালের ম্যাচে এটিই আমাদের অনুপ্রেরণা।”  

ঘুরে দাঁড়িয়ে টানা ছয় ম্যাচ জেতার জন্য যে গোছানো অবস্থার প্রয়োজন, তা আপাত দৃষ্টিতে নেই বাংলাদেশ দলে। অধিনায়ক সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে রয়েছে অনিশ্চয়তা, ম্যাচের সকালে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এছাড়া একেক দিন একেক লাইন-আপে ব্যাটসম্যানদের পড়তে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জের সামনে। 

চলতি বছর তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করা নাজমুল হোসেন শান্তকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে প্রথম তিন ম্যাচে। অভিষেকের পর থেকে পাঁচে ব্যাটিং করে আলোড়ন তোলা তাওহিদ হৃদয়কে নামিয়ে দেওয়া হয়েছে সাতে। এর সুফল তেমন মেলেনি। উল্টো বাইরে থেকে অগোছালোই মনে হয় দলের পরিকল্পনা।  

অবশ্য এটি মানতে নারাজ হাথুরুসিংহে। তার দাবি, দল ভালো অবস্থায়ই আছে। 

“আমার মনে হয় না, দল অগোছালো আছে। আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছি না এবং আমি জানি, ক্রিকেটাররা এর চেয়ে ভালো করতে চায়। যা বললাম, ব্যাটিংয়ে আমরা পরিপুর্ণ পারফরম্যান্স করতে পারিনি। কিছু ম্যাচে কিছু ব্যক্তিগত পারফরম্যান্স হয়েছে। তবে সম্মিলিত কিছু হয়নি। তাই আশা করি এই ম্যাচে... কারণ ব্যাটিংয়ের জন্য উইকেট খুব ভালো এবং আমরা আশা করছি আগামীকাল তারা ব্যাটিংয়ে ভালো পারফর্ম করবে।”