দ. আফ্রিকাকে হারানো ‘অঘটন নয়’, ডাচদের কাছে অস্ট্রেলিয়া ‘স্রেফ আরেকটি প্রতিপক্ষ’
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে স্বাভাবিক থাকার বার্তা দিলেন নেদারল্যান্ডসের ওপেনার ভিক্রাম সিং।
চলতি বিশ্বকাপে আইসিসির একমাত্র সহযোগী সদস্য নেদারল্যান্ডস। এরই মধ্যে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উপহার দিয়েছেন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বড় চমকের একটি। ওই জয়ের সাহস নিয়ে সামনে আরও শক্ত প্রতিপক্ষের মোকাবিলা করতে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন ডাচ ওপেনার ভিক্রাম সিং।
তিন টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডসহ অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে ভারত বিশ্বকাপের টিকেট পায় নেদারল্যান্ডস। পরে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টে যাত্রা শুরু করে তারা। তৃতীয় ম্যাচেই তারা লেখে ঘুরে দাঁড়ানোর গল্প।
ধারামশালায় গত মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রোটিয়াদের ৩৮ রানে হারায় স্কট এডওয়ার্ডসের দল। ক্রিকেট বিশ্বে সেটিকে বিশ্বকাপের অঘটন হিসেবে উল্লেখ করেন অনেকেই। ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এর সঙ্গে দ্বিমত করেন ভিক্রাম।
“আমাদের কাছে দক্ষিণ আফ্রিকাকে হারানো কোনো অঘটন ছিল না। এটি অন্য আরেকটি ম্যাচের মতোই ছিল। সেদিন আমরা ভালো দল ছিলাম এবং আপনারা এমন আরও দেখবেন।”
দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষেও লড়াই করে ডাচরা। তবে ফল পক্ষে আনতে পারেনি তারা। দিল্লিতে বুধবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচের আগে স্বাভাবিক থাকার বার্তা দিলেন নেদারল্যান্ডসের ওপেনার।
“অস্ট্রেলিয়া পাঁচবারের চ্যাম্পিয়ন। চলতি বছর এবং এই টুর্নামেন্টে তারা কীভাবে খেলেছে, আমরা দেখেছি। এটি আমাদের জন্য অন্য আরেকটি ম্যাচের মতোই।”
চার ম্যাচে এক জয়ে এখন পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে নেদারল্যান্ডস।
