বাংলাদেশের ‘কুসাল মেন্ডিস’ আছেন কেউ?
সবশেষ তিন ইনিংসে ২৩ ছক্কা মেরেছেন মেন্ডিস, এ বছর বাংলাদেশের সবচেয়ে বেশি ছক্কা মারা লিটন ১৮ ইনিংসে মেরেছেন ১২টি।
উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। বিশালদেহী বলতে যা বোঝায়, ঠিক তা নন কুসাল মেন্ডিস। শরীর খুব পেশিবহুল বা শক্তপোক্ত নয়। কিন্তু এই মুহূর্তে তার ব্যাটিং দানবীয়। ব্যাট হাতে বলা যায় তাণ্ডব চালাচ্ছেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচ ও মূল আসরের দুটি ম্যাচ মিলিয়ে সবশেষ তিন ইনিংসে তিনি ছক্কা মেরেছেন ২৩টি!
তার মতো শারীরিক গড়নের ব্যাটসম্যান বাংলাদেশ দলে অনেক। কিন্তু ব্যাট হাতে তার মতো ছক্কার মালা গাঁথার দক্ষতা কজনের আছে? এই মুহূর্তে আদৌ একজনেরও কী আছে!
গত ৩ অক্টোবর গুয়াহাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮৭ বলে ১৫৮ রান করে স্বেচ্ছাবসরে যাওয়া ইনিংসে ৯টি ছক্কা মারেন মেন্ডিস। পরে মূল টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লিতে ৪২ বলে ৭৬ রানের পথে হাওয়ায় ভাসিয়ে বল সীমানা ছাড়া করেন তিনি ৮ বার। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে হায়দরাবাদে তার ৭৭ বলে ১২২ রানের ইনিংসে ছক্কা ৬টি।
এই বছর ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন লিটন কুমার দাস। ১৮ ইনিংস খেলে তার ছক্কা ১২টি। ১৭ ইনিংস খেলে মুশফিকুর রহিমের ছক্কা ১০টি।
পার্থক্যটা ফুটে উঠছে পরিষ্কার।
২০০৬ সালে ২৭ ইনিংস খেলে ২৭টি ছক্কা মেরেছিলেন আফতাব আহমেদ। এছাড়া এখনও পর্যন্ত এক বছরে ২০ ছক্কাও মারতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান।
বড় রান করতে অনেক বেশি ছক্কা মারতেই হবে, তা জরুরি নয় অবশ্যই। তবু মেন্ডিসের তুলনাটা আনতে হচ্ছে খুব বেশি প্রাসঙ্গিক বলেই। নানা কারণেই মেন্ডিসকে মেলানো যায় বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে।
এই তো, কিছুদিন আগ পর্যন্তও বিস্ফোরক ব্যাটিং কিংবা ছক্কার ঝড় তোলা প্রসঙ্গ উঠলেই বাংলাদেশের ক্রিকেটে আক্ষেপ শোনা যেত যে, এই দেশের মানুষের সহজাত শারীরিক বিশালত্ব বা জোর নেই! পেশির জোরের কথা উল্লেখ করেই কত কত ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলেছেন যে, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো হওয়া সম্ভব নয় এই দেশের ক্রিকেটারদের। মূলত, টি-টোয়েন্টিকে ঘিরেই ছিল সেই আলোচনা। তবে ওয়ানডের ক্ষেত্রেও ছিল সত্যি।
এখন অবশ্য সেই আলোচনা কিছুটা কমেছে। তবে একেবারে মুছে যায়নি। কিন্তু ছক্কার স্রোত বইয়ে দেওয়ার জন্য যে শারীরিক শক্তি বা পেশির জোরই শেষ কথা নয়, পাশাপাশি স্কিলের উন্নতি, কবজির জোর ও মানসিকতা দিয়েও এটা সম্ভব, তা প্রতিষ্ঠিত হচ্ছে ক্রমেই। মেন্ডিসের এমন ছক্কার জোয়ার সেই সত্যিকেই আরও বেশি উজ্জ্বল করে তুলছে।
দ্বিতীয়ত, বড় রান করতে কিংবা দ্রুত রান তুলতে ছক্কার পর ছক্কা হয়তো একমাত্র পথ নয়, তবে বেশ জরুরি। বিশেষ করে, এই সময়ের ক্রিকেটে। অনেক সময়ই খেলার মোড় দ্রুত পরিবর্তন করা, বোলারকে চাপে রাখা কিংবা মোমেন্টাম বদলে দেওয়ার জন্য ছক্কার দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ। অন্য অনেক দেশের ব্যাটসম্যানরাই বছরের পর বছর ধরে তা দেখিয়ে আসছেন। বাংলাদেশ এখনও সেই স্রোতে সামিল হওয়ার মতো জায়গায় পৌঁছায়নি।
মেন্ডিস কিন্তু দুর্বল কোনো প্রতিপক্ষ কিংবা ধারহীন বোলিং আক্রমণের সঙ্গে এমন ঝড় তোলেননি। আফগানিস্তানের বোলিং আক্রমণ নিয়ে নতুন করে বলার আছে সামান্যই। যদিও সেটি ছিল প্রস্তুতি ম্যাচ, তবু ৮৭ বলে ১৫৮ রানের ইনিংস মানে বিশেষ কিছু। তার পরের দুই ইনিংস দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মতো বোলিং আক্রমণের বিপক্ষে। যেটির মানে, সেই স্কিল ও আত্মবিশ্বাস তার আছে।
দল দ্রুত উইকেট হারানোর পর মেন্ডিস উইকেটে গিয়েই প্রতিপক্ষ বোলারদের পাল্টা আক্রমণে তুলাধুনা করে দিচ্ছেন। দল ভালো শুরু পেলে তিনি আরও শক্ত অবস্থানে পৌঁছে দিচ্ছেন। তার ওই ছক্কাগুলো মানে তো স্রেফ একেকটি শটে ৬ রানই নয়, বরং বোলারদের মনোবলেও চোট দেওয়া।
তিনি পারছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা কেন নয়?
অথচ এই মেন্ডিসকে নিয়ে লঙ্কান ক্রিকেটে হাহাকার কম ছিল না। তুমুল প্রতিভাবান হিসেবে বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তার দিকে নজর ছিল দেশের সবার। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগও পেয়েছেন দ্রুত। তিন সংস্করণেই নানা সময়ে প্রতিভার ছাপ রেখেছেন দারুণভাবে। কিন্তু ধারাবাহিক হতে পারেননি একদমই। দলে আসা-যাওয়া করতে হয়েছে কয়েক দফায়।
বেশির ভাগ সময়ই দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে বা খামখেয়ালি আউট হয়ে অবিচার করেছেন নিজের ও দলের প্রতি। তাকে বারংবার সুযোগ দেওয়ায় লঙ্কান ক্রিকেটে আলোচনা-সমালোচনাও কম হয়নি। সঙ্গে যোগ হয়েছে নানা সময়ে মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের নানা বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে লঙ্কান ক্রিকেট অনুসারীদের ট্রলের ঝড়, সমালোচনা হতো নিত্য কিছুদিন আগে পর্যন্তও।
নিশ্চয়ই আলাদা করে আর বলে দিতে হবে না, সবকিছুতেই বাংলাদেশের সঙ্গে কত মিল! মেন্ডিস ঠিকই সমালোচনার কাঁটাগুলোকে আকর্ষণীয় ফুলে রূপ দিয়েছেন।
ওয়ানডে ক্রিকেট এখন যেভাবে বদলে গেছে, এই বিশ্বকাপে যে ধরনের ক্রিকেট চলছে, তাতে বড় রানের পথে এগিয়ে যেতে এই ধরনের ব্যাটসম্যান অন্তত এক-দুজন লাগেই। এই দেশে পোলার্ড-রাসেল নেই, রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়া নেই, মিচেল মার্শ-মার্কাস স্টয়নিস নেই, জনি বেয়ারস্টো-লিয়াম লিভিংস্টোন নেই, হাইনরিখ ক্লাসেন-এইডেন মারক্রাম নেই… তালিকা চলতেই থাকবে। কিন্তু একজন মেন্ডিসও কেন নেই?
মেন্ডিসের এমন বিধ্বংসী চেহারা তাই বাংলদেশের জন্য আরেকটি বার্তা। কিংবা জেগে ওঠার ডাক। তিনি পারলে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেন নয়?
একজন লিটন কিংবা কেউ হয়তো হুটহাট কোনো একদিন ৫-৬টি ছক্কা মেরে দিতে পারেন। কিন্তু মানসম্পন্ন বোলিং আক্রমণের বিপক্ষে মেন্ডিসের মতো ধারাবাহিকভাবে কেউ পারবেন?
ঘাটতিগুলো কোথায়? উন্নতি কোথায় করতে হবে? প্রশ্নগুলির গভীরে যাওয়া জরুরি। দ্রুত সমাধান খোঁজাও জরুরি। নইলে এই বিশ্বকাপে তো বটেই, সামনের পথচলায়ও ওয়ানডে ক্রিকেটের বড় মঞ্চে নিশ্চিতভাবেই তাল মেলাতে হিমশিম খাবে বাংলাদেশ।
