০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

৪০০ ছক্কায় অনন্য ভারত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে এক বছরে চারশ ছক্কার মাইলফলক স্পর্শ করেছে ভারত।

৪০০ ছক্কায় অনন্য ভারত

ভারতের ইতিহাসের গড়ার কারিগরদের একজন আভিশেক শার্মা, এ বছর ৮৬টি ছক্কা মেরেছেন তিনি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 03:59 PM

Updated : 01 Nov 2026, 03:59 PM

ব্লেয়ার টিকনারের লো ফুলটস ফাইন লেগ দিয়ে উড়িয়ে গ্যালারিতে ফেললেন নামান ধির। ওই ছক্কায় ইতিহাসে নাম উঠে গেল ভারতের। প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করল তারা।

নিউ জিল্যান্ডের বিপক্ষে রোববার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ১১টি ছক্কা মারেন ভারতের ব্যাটসম্যানরা। ২০২৬ সালে এই সংস্করণে এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলে দলটির ছক্কার সংখ্যা ঠিক ৪০০টি।

এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি এতদিন ছিল অস্ট্রিয়ার। গত বছর ৩৬ ম্যাচে ৩২৬টি ছক্কা মারে দলটি। চলতি বছর রেকর্ডটি আরও আগেই নিজেদের করে নেয় ভারত। এবার সেটাকে নতুন উচ্চতায় তুলল টি-টোয়েন্টিতে টানা দুইবারসহ মোট তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টি-টোয়েন্টিতে এক বছরে তিনশ ছক্কা মারতে পারেনি আর কোনো দল।

ভারতের এই ৪০০ ছক্কার ১৪২টিই এসেছে নিউ জিল্যান্ডের বিপক্ষে। এক বছরে কোনো এক প্রতিপক্ষের বিপক্ষে যা সর্বোচ্চ।

চলতি বছর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন আভিশেক শার্মা, ৮৬টি। পরের দুটি স্থানে আছেন ইশান কিষান (৬০টি) ও সাঞ্জু স্যামসন (৫০টি)।