২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিম হোটেলে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার’ জন্য লিটনের দুঃখপ্রকাশ

পুনেতে বাংলাদেশের টিম হোটেল থেকে সংবাদকর্মীদের বের করে দেওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করলেন এই ওপেনার।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

পুনে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 11:41 AM

Updated : 16 Oct 2023, 11:41 AM

পুনেতে বাংলাদেশের টিম হোটেলে সংবাদকর্মীদের সঙ্গে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন লিটন কুমার দাস। তার দাবি, সেখানে এত সংবাদকর্মীর অবস্থান ছিল, তা তিনি বুঝতে পারেননি। 

পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড পুনে হোটেলে রোববার দুপুরে ওই ঘটনা ঘটে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন, এটি জানতে পেরে টিম হোটেলে যান বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকরা। প্রধান নির্বাচক তখন হোটেল না থাকায় লম্বা সময় অপেক্ষা করতে হয় তাদের।

এই সময় ক্রিকেটারদের অনেকেই বাইরে যান দুপুরের খাবার খেতে ও ঘুরে বেড়াতে। সংবাদকর্মীরা তাদের ছবি তোলেন ও ভিডিও করেন। মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদসহ বেশ কজন ক্রিকেটার হাসিমুখে সংবাদকর্মীদের সঙ্গে টুকটাক কথা বলেন। ছবি তোলা বা ভিডিও করা নিয়ে কোনো আপত্তি তারা জানাননি। 

শেষ পর্যন্ত প্রধান নির্বাচকের দেখা না পেয়ে দীর্ঘ অপেক্ষার পর সংবাদকর্মীরা হোটেল ছাড়তে শুরু করেন। লিটন যখন লবির বাইরে আসেন, ততক্ষণে অনেক সংবাদকর্মীই হোটেলের বাইরে চলে গেছেন। তিন-চারজন যারা ছিলেন তখনও, তারা লিটনের ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন। এই ওপেনার তখন হোটেলের নিরাপত্তাকর্মীদের কাছে কিছু বলেন, হাত দিয়ে সাংবাদিকদের দিকে ইশারাও করেন।

ওখানে থাকা সংবাদকর্মীরা জানান, নিরাপত্তাকর্মীদের কাছে লিটন জিজ্ঞেস করেন, ‘মিডিয়া এখানে কেন?’ পাশাপাশি আরও কিছু বলেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে সাংবাদিকদের চলে যেতে বলেন ওখান থেকে। টিম হোটেলে সাংবাদিকদের যাওয়া নিয়ে অনেক সময় বিধি-নিষেধ থাকলেও এ দিন হোটেল কর্তৃপক্ষ ও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে কোনো নিষেধাজ্ঞা বা বাধা ছিল না। তবে ‘বাংলাদেশের এক ক্রিকেটার অভিযোগ করেছেন বলেই চলে যেতে বলা হচ্ছে’, সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান ওই নিরাপত্তাকর্মী।

বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে ওই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তুমুল আলোচনা-সমালোচনা হতে থাকে। সোমবার সকালে নিজের অফিসিয়াল ফেইসবুক পাতায় দুঃখপ্রকাশ করেন লিটন। 

“গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখপ্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।” 

রোববারের মতো সোমবারও বাংলাদেশ দলের অনুশীলন নেই পুনেতে। টানা দুই পরাজয়ের মানসিক ধকল সামলাতে দলকে বিশ্রাম দেওয়া হয়েছে। মঙ্গল ও বুধবার অনুশীলন করে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন লিটনরা।