৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ক্যাচ ছেড়ে ম্যাচের বাইরে মুমিনুল, কনকাশন বদলি জাকের

আইসিসির কনকাশন প্রটোকল অনুযায়ী, সাত দিন ‘স্ট্যান্ড ডাউন’ পিরিয়ডে থাকতে হবে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যানকে, শঙ্কা আছে পরের টেস্টে তার খেলা নিয়ে।

ক্যাচ ছেড়ে ম্যাচের বাইরে মুমিনুল, কনকাশন বদলি জাকের

ম্যাচ থেকে ছিটকে গেছেন মুমিনুল। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 03:21 PM

Updated : 30 Oct 2026, 03:48 PM

মেহেদী হাসান মিরাজের বল ব্যাট-প্যাড হয়ে ক্যাচ তুলে দিলেন জশুয়া বিশপ। শর্ট লেগ থেকে কিছুটা বাঁয়ে সরে মুঠোয় জমানোর চেষ্টা করলেন মুমিনুল হক। কিন্তু হাতে রাখতে পারলেন না। উল্টো মাঠে পড়ে গিয়ে হেলমেটের সঙ্গে আঘাত পেলেন মাথায়। ফিজিওর সঙ্গে মাঠের বাইরে যেতে হলো তাকে। পরে জানা গেল, ম্যাচ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

আইসিসির কনকাশন প্রটোকল অনুযায়ী, অন্তত সাত দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। সিলেট টেস্টেও তার খেলা নিয়ে তাই শঙ্কা থাকছে যথেষ্টই।

মুমিনুলের কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন জাকের আলি। 

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার আগে ফিল্ডিংয়ে ব্যর্থতায় পোড়ে বাংলাদেশ। প্রথম সেশনের শেষ দিকে নাঈম হাসানের বলে রস্টন চেইসের ক্যাচ ছাড়েন মুমিনুল। লাঞ্চের পর মেহেদী হাসান মিরাজের বলে অভিষিক্ত বিশপকে একই জায়গায় জীবন দেন সেই একই ফিল্ডার।

দ্বিতীয় ক্যাচ নেওয়ার সময় এক হাতে বল মুঠোবন্দি করার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু ফসকে যায় বল। দ্বিতীয়বার চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে উল্টে পড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এ সময় তার মাথা থেকে খুলে যায় হেলমেট। সেটির সঙ্গেই আঘাত পান মাথায়।

সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও। কিছুক্ষণ কনকাশন পরীক্ষার পর তুলে নেওয়া হয় মুমিনুলকে। বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন জাকের । এর পাঁচ ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেয় বাংলাদেশ।

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারায় স্বাগতিক দল। তবে তিন নম্বরে ব্যাট করতে নামেননি মুমিনুল। নাজমুল হোসেন শান্ত নামার পরই আঁচ পাওয়া গিয়েছিল, কনকাশনে হয়েছে ৩৫ বছর বয়সী ব্যাটসম্যানের।

তবে সেটি নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হয় আরও ১১ ওভার। সাদমান ইসলাম, তাওহিদ হৃদয় ও শান্ত আউট হলে মুমিনুলের কনকাশন বদলি হিসেবে ছয় নম্বরে ব্যাট করতে নামেন জাকের। এর কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি।

গত বছর কনকাশন নিয়মে নতুন প্রটোকল সংযোজন করেছে আইসিসি। এই নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার কনকাশনের কারণে ছিটকে গেলে, পরবর্তী সাত দিন ‘স্ট্যান্ড ডাউন পিরিয়ড’ কাটাতে হবে। অর্থাৎ সাত দিন শীর্ষ পর্যায়ের কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি।

এই নিয়মের ফলে শঙ্কায় পড়ে গেছে সিলেটে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে মুমিনুলের অংশগ্রহণ। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, আশা ছাড়ছেন না তারা।

“ওর কনকাশনের আরেকটি পরীক্ষা হবে সপ্তম দিনে। এটাই কনকাশনের প্রটোকল। এখন সপ্তম দিনটি যেহেতু দ্বিতীয় টেস্টের প্রথম দিন, তার খেলতে পারার কথা। বাকিটা অবস্থা কী দাঁড়ায়, তার ওপর বোঝা যাবে।” 

সিলেট টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।