‘এখান থেকে ৪-৫টি ম্যাচ আমরা জিততেও পারি’
টানা তিন বড় হারের পর বিশ্বকাপে বাংলাদেশের পরের ৪-৫টি ম্যাচে জয়ের আশা করছেন নাজমুল হোসেন শান্ত।
সংবাদ সম্মেলনে কক্ষে চেয়ারে বসে বেশ কৌতূহলি চোখে এদিক-ওদিক তাকালেন নাজমুল হোসেন শান্ত। কারও একটি কথায় একটু হাসলেন। নিজের মতো খানিকটা মজা করার চেষ্টা করলেন। হয়তো বড় হারের থাবাকে আড়াল করে স্বাভাবিক থাকার চেষ্টা। তবে বাংলাদেশ দলের যা অবস্থা এখন, স্বাভাবিক কী আর থাকা যায়!
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরুর পর টানা তিন ম্যাচে পরাজয়। ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, ভারতের মতো দলের কাছে হারটা অস্বাভাবিক নয়। তবে সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসা দলের তো এসব প্রতিপক্ষের সঙ্গেও জিততে হবে! উল্টো জয় তো বহুদূর, এই তিন ম্যাচে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতেই পারেনি বাংলাদেশ।
ভারতের কাছে হারার পর শান্তর কণ্ঠে আক্ষেপ আর আশা, দুটিই শোনা গেল। দুটিই অবশ্য পুরোনো। স্রেফ শোনা গেল নতুন করে। আক্ষেপ ব্যাটিং নিয়ে। আশা সামনের সব ম্যাচ জয়ের!
নিউ জিল্যান্ড ও ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচে বাংলাদেশ হেরেছে মূলত ব্যাটিং ব্যর্থতায়। খুব ভালো ব্যাটিং উইকেটেও বাংলাদেশের ব্যাটিং ছিল একদমই গড়পড়তা। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে বোলাররা দেদার রান বিলিয়ে দেওয়ায় লক্ষ্যটা অনেক বড় ছিল বটে, তবে ব্যাটসম্যানরাও পারেনি জবাব দিতে বা অন্তত খেলা জমিয়ে তুলতে।
আগের ম্যাচগুলির চেয়ে অবশ্য একটি জায়গায় ব্যতিক্রম ছিল পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচ। লিটন কুমার দাস ও তানজিদ হাসান এ দিন দলকে এনে দেয় ভালো শুরু। ৬ ম্যাচ পর প্রথম পাওয়ার প্লেতে উইকেট হারায়নি দল, ৬ ম্যাচ পর শুরুর জুটিতে আসে পঞ্চাশ। বিশ্বকাপে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটির রেকর্ডও গড়েন দুজন।
কিন্তু এই ধরনের উইকেটে ভারতের মতো দলের বিপক্ষে প্রয়োজন বড় ইনিংস। সেখানেই ব্যর্থ দুজনই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটিকে ৫১ রানের বেশি এগিয়ে নিতে পারেননি তানজিদ। লিটন বেশ নিয়ন্ত্রিত খেললেও দায়িত্বজ্ঞানহীনের মতোই শট খেলে আউট হন ৬৬ রানে।
শান্তর আক্ষেপ এখানেই। ওপেনারদের অন্তত একজন বড় ইনিংস খেললেও চিত্রটা ভিন্ন হতে পারত বলে মনে করেন এই ম্যাচের অধিনায়ক।
“প্রস্তুতি খুবই ভালো ছিল, সত্যি বলতে। আমরা যে জায়গায় ভুগছিলাম, সেটি ভালো হয়েছে। ওপেনিং ভালো হয়েছে। তবে আমি মনে করি, যে দুজন ব্যাটসম্যান সেট ছিল, তাদের আরও লম্বা করা উচিত ছিল। কারণ উইকেট এমন ছিল যে ওখান থেকে একটা ব্যাটসম্যান যদি ১২০-১৩০ রানের ইনিংস খেলত, তাহলে হয়তো শেষের দিকে ব্যাটসম্যানদের কাজ সহজ হতো।”
“কয়েকটি উইকেট আমরা আলগা শট খেলে হারিয়েছি। উইকেট খুব ভালো ছিল। আমরা দায়িত্ব নিয়ে খেলতে পারিনি।”
ফিফটিকে সেঞ্চুরি বা বড় কোনো ইনিংসে রূপ দিতে না পারার সমস্যা অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য নতুন কিছু নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরেই এই ধারা বহমান। এই দলেও তা চলছে এবং এবারেও বিশ্বকাপেও সেই প্রবাহ আছে।
ইংল্যান্ডের বিপক্ষে লিটন যখন ৭৬ রানে আউট হলেন, ম্যাচের তখন স্রেফ ২১ ওভার চলে। সেদিন মুশফিকুর রহিম ৫১ রানে বিদায় নেওয়ার সময় ইনিংসের বাকি আরও ১৯ ওভার।
নিউ জিল্যান্ডের বিপক্ষে মুশফিক ৬৬ রানে আউট হলেন ৩৬তম ওভারে। ওই ম্যাচে সাকিব আল হাসান ৪০ রান করে ফেরেন বাজে শট খেলে, মেহেদী হাসান মিরাজ থমকে যান ৩০ রানে।
মোটামুটি রান পেলেই ব্যাটসম্যানরা আত্মতৃপ্তিতে ভোগেন, এই অপবাদ অনেক বছর ধরেই সঙ্গী বাংলাদেশের। শান্ত অবশ্য তা স্বীকার করলেন না।
“আমাদের দলের কোনো ব্যাটসম্যানই ৭০-৮০-১০০ রানে খুশি নয়। কোচিং স্টাফরাও খুশি নন। যদি না ওটা দলের কাজে লাগে…। প্রতিটি ব্যাটসম্যানই তা জানে এবং আমি নিশ্চিত যে তানজিদ, লিটনরাও খুশি নয়। কারণ বড় বড় দলের ব্যাটসম্যানরা ১২০, ১৩০ এমনকি ১৫০ রানের ইনিংস খেলেন। সবাই চিন্তিত ও সবাই এটা নিয়ে কাজও করে।”
চিন্তার খোরাক জোগাচ্ছে শান্তর নিজের পারফরম্যান্সও। এই বছর দলের সফলতম ব্যাটসম্যান তিনি। বিশ্বকাপেও শুরু করেছিলেন সেই ছন্দের রেশ নিয়েই। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দলের জয়ে করেন অপরাজিত ফিফটি। কিন্তু পরের তিন ম্যাচে আর রান নেই! এখানে অবশ্য কাঠগড়ায় দাঁড় করালেন তিনি নিজেকেও।
“প্রতিটি ব্যাটসম্যানেরই দায়িত্ব দলের জন্য রান করা। আমি যে পজিশনে ব্যাট করি, অবশ্যই তা গুরুত্বপূর্ণ। তিন নম্বর পজিশনই এমন। তবে চলে গেছে যা, দুই-দিনটি ম্যাচ, চলেই গেছে। সামনের ম্যাচে মনোযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ।”
সামনের ম্যাচগুলোতে দলের চাওয়াটাও জানিয়ে দিলেন শান্ত। নিউ জিল্যান্ডের কাছে হারার পর মুস্তাফিজুর রহমান বলেছিলেন, “পরের ৬ ম্যাচের ৬টিও জিততে পারি।” সেই ৬ ম্যাচের একটি চলে গেছে পরাজয়ের বিষাদ উপহার দিয়ে। এবার শান্ত বললেন পরের ৫ ম্যাচের কথা।
“পরের ম্যাচ যখন খেলতে নামব, অবশ্যই জেতার জন্যই খেলব। আমার মনে হয়, আমরা আমাদের সেরাটা, বিশেষ করে ব্যাটিংয়ের সেরাটা করতে পারিনি। আশা করি সামনের ম্যাচগুলিতে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করবে এবং এখনও আমার কাছে মনে হয়, অনেক কিছু করার বাকি আছে।”
“গুরুত্বপূর্ণ হলো, আমাদের একটা ভালে ম্যাচ খেলা দরকার। একটা ভালো ম্যাচ দলের মোমেন্টাম বদলে দেবে। এখনও ৫ বাকি। কেউই জানি না… এখান থেকে ৪-৫টি ম্যাচ আমরা জিততেও পারি। প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলব। গুরুত্বপূর্ণ হলো, পরের ম্যাচে আমরা কতটা ভালো খেলতে পারি এবং কীভাবে জিততে পারি।”
পরের ম্যাচ খেলতে শুক্রবার সড়কপথে মুম্বাই যাবে বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার এখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
