২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম সেঞ্চুরির পর ম্যাক্সওয়েলের দারুণ প্রাপ্তি

স্রেফ ৪৪ বলে ১০৬ রানের ইনিংসে বিশ্বকাপে দ্বিতীয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন গ্লেন ম্যাক্সওয়েল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 09:51 PM

Updated : 25 Oct 2023, 10:15 PM

৪০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৬৮ রান। এখান থেকে হয়তো সাড়ে তিনশর মধ্যে তাদের আটকে রাখার কথা ভাবছিল নেদারল্যান্ডস। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের খুনে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া পৌঁছে গেল চারশর কাছে। রান-পাহাড় গড়ার পর রেকর্ড গড়া জয়ও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ইনিংসে পরে প্রত্যাশিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ম্যাক্সওয়েল।  

দিল্লিতে বুধবার ছয় নম্বরে নেমে ৯ চার ও ৮ ছক্কায় স্রেফ ৪৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। স্রেফ ৪০ বলে শতক ছুঁয়ে গড়েছেন বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এই মাঠেই গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন এইডেন মার্করাম। 

এছাড়া ওয়ানডে ইতিহাসেই এর চেয়ে কম বলে সেঞ্চুরির কীর্তি রয়েছে কেবল তিন জনের- এবি ডি ভিলিয়ার্স (৩১), কোরি অ্যান্ডারসন (৩৬) ও শাহিদ আফ্রিদির (৩৭)। 

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড আগেই ছিল ম্যাক্সওয়েলের। ২০১৫ বিশ্বকাপে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। সেদিনই প্রথমবার বিশ্বকাপে ম্যাচ সেরার স্বীকৃতি পান তিনি। 

এবার নিজেকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ার পর দ্বিতীয়বার পেলেন এই স্বীকৃতি। সব মিলিয়ে এই সংস্করণে তার একাদশ ম্যাচ সেরার পুরস্কার এটি। 

৪১তম ওভারে প্রথম স্ট্রাইক পাওয়ার পর দ্বিতীয় বলেই বাউন্ডারি মারেন ম্যাক্সওয়েল। পরের বলে মারেন আরও একটি। সেই যে শুরু। এরপর ডাচ বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলায় মাতেন আগ্রাসী এই ব্যাটসম্যান। 

২৭ বলে পঞ্চাশ ছোঁয়ার পর তিন অঙ্কে তার লাগে স্রেফ ১৩ বলে। ইনিংস শেষের আগের ওভারে সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে ছিলেন ম্যাক্সওয়েল। বাস ডে লেডের বৈধ প্রথম পাঁচ বলে দুটি চার ও তিনটি ছক্কায় তিনি ছুঁয়ে ফেলেন শতক, গড়েন বিশ্ব রেকর্ড।