মিরপুরের গ্যালারিতে 'ভয়ের জায়গা' দেখছেন রোহিত
বাংলাদেশের দর্শক সমর্থনের শক্তিকে সমীহ করছেন ভারতীয় অধিনায়ক।
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এখন তুঙ্গে। গ্রুপ পর্ব শেষে শুরু হচ্ছে নকআউটের লড়াই। এর মধ্যেও বাংলাদেশ-ভারত সিরিজ ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। টিকেট ছাড়ার পর তা শেষ হতে খুব বেশি সময় লাগেনি। টিকেট কেনাদের প্রায় সবাই যে স্বাগতিক দলের সমর্থক, তা বলার অপেক্ষা রাখে না। গ্যালারির এই বিপুল সমর্থনকে নিজ দলের জন্য ভীতি জাগানিয়া বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
এমনিতে ক্রিকেট বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, গ্যালারিতে ভারতীয় সমর্থকদের বিশাল উপস্থিতি দেখা যায় প্রায় সময়ই। অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম ঘটেনি। তবে এশিয়ান দেশগুলোর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। রোহিতও জানেন, বাংলাদেশ সফরে গ্যালারিতে সমর্থন তেমন মিলবে না।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বললেন, বাংলাদেশের গ্যালারির এই শক্তিকে সমীহই করছেন তিনি।
“এখানে (গ্যালারিতে বেশি সমর্থন) পাব না (হাসি)…। হ্যাঁ (গ্যালারির দর্শকদের কারণে)… ভারত কিছুটা চাপে থাকবে। এখানের দর্শক উপস্থিতি ভীতি জাগানিয়া হতে পারে। এতে কোনো সন্দেহ নেই। তারা ক্রিকেটের আবেগময় সমর্থক এবং সবসময় দলের পাশে থাকে। দলের জন্য এটা রোমাঞ্চকর।”
তবে সেই ভয়ের জায়গা জয় করার বিশ্বাসও রোহিতের আছে। যদিও রিশাভ পান্ত, লোকেশ রাহুল, মোহাম্মদ সিরাজ, ইশান কিশানসহ স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার প্রথমবার এসেছেন বাংলাদেশে। কিন্তু ভারতেও গ্যালারি ঠাসা দর্শকের সমিনে খেলে তারা অভ্যস্ত। আইপিএলে তো প্রতিপক্ষ হিসেবেও অনেক দর্শকের চাপ সামলানোর অভিজ্ঞতা তাদের আছে। এই সিরিজেও গ্যালারির চাপ তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন ভারতের অধিনায়ক।
“আমাদের মধ্যে অনেকে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে। তবে এতে কিছু বদলে যাচ্ছে না। আমরা এমন বড় দর্শক সমাগমের সামনে খেলে অভ্যস্ত। বিশেষ করে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেলতে গেলে, সেখানের দর্শক উপস্থিতিও ভয় জাগানোর মতো হয়। তারা নিজ দলের জয় নিশ্চিত করতে চায়, দলের পাশে থাকে।”
“এখানেও বিষয়টি একইরকম। তবে এটি আমাদের ছেলেদের ওপর তেমন প্রভাব ফেলবে না। তারা চাপের মধ্যে অনেক দর্শকের সামনে খেলতে অভ্যস্ত। এসব চ্যালেঞ্জ সামলে খেলতে পারে। তাই আমার মনে হয় না, এটি বড় কোনো পার্থক্য তৈরি করতে পারে।”
রোববার দুপুর ১২টায় শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
