Published : 25 Feb 2026, 01:02 PM
সেঞ্চুরির উদযাপন শেষ করে পরের বলেই উল্টো স্বাদ হ্যারি ব্রুকের। জায়গা বানিয়ে খেলার চেষ্টা করছিলেন। শাহিন শাহ আফ্রিদির দারুণ ইয়র্কার ছোবল দিল স্টাম্পের গোড়ায়। তবে উদযাপন না করে ছুটে গিয়ে তিনি অভিনন্দন জানালেন ব্রুককে। আউট হলেও ম্যাচের ভাগ্য যে গড়ে দিয়েছেন তিনিই! অসাধারণ ইনিংস উপহার দেওয়া ব্যাটসম্যানের সঙ্গে হাত মেলালেন ম্যাচের সেরা বোলার।
ম্যাচের পর সংবাদ সম্মেলনেও ব্রুকের ইনিংসটির উচ্ছ্বসিত প্রশংসা করলেন আফ্রিদি। পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা তো বললেন, পাকিস্তানের কাছেই হেরে গেছেন তারা।
পাল্লেকেলেতে মঙ্গলবার ১৬৪ রানের পুঁজি নিয়ে পাকিস্তানের আশা জাগিয়ে তুলেছিলেন আফ্রিদিই। ইনিংসের প্রথম বলেই ফেরান তিনি ফিল সল্টকে। পাওয়ার প্লের ভেতর আদায় করে দেন জস বাটলার ও জেকব বেথেলের উইকেটও।
পরে শেষ স্পেলে ফিরে ব্রুকের উইকেটও নেন আফ্রিদি। তবে আউট হওয়ার আগে ৫০ বলে সেঞ্চুরি করে পাকিস্তান থেকে ম্যাচ থেকে ছিটকে দেন ইংল্যান্ড অধিনায়ক। আফ্রিদির ওই ওভারেই চমৎকর শটে ছক্কা ও চার মেরে শতরানে পা রাখেন তিনি।
এরপর দ্রুত আরও কয়েকটি উইকেটের পতনে একটু উত্তেজনা ফিরেছিল ম্যাচে। তবে ব্রুকের ইনিংসটি ইংল্যান্ডকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল, যেখান থেকে হারা কঠিন।
ম্যাচের পর আফ্রিদি জানালেন ব্রুককে অভিনন্দন জানানোর কারণ। তুলে ধরলেন তিনি ইনিংসটির বিশেষত্বও।
“এটা তার প্রাপ্য ছিল, কারণ সে বিশ্বমানের ইনিংস খেলেছে। আমার মনে হয়, এটা তার জীবনের সেরা ইনিংস। হ্যারির সঙ্গে আমার ভালো বন্ধুত্বও আছে। পিএসএলে আমরা একসঙ্গে খেলেছি। লাহোর কালান্দার্সের হয়ে খেলেছে সে আমাদের সঙ্গে। যে ইনিংসটি সে খেলেছে, প্রশংসা করতে হবে।”
“আজকে সে প্রতিটি বলে শট খেলার জন্য তৈরি ছিল। আমাদের জন্য ভালোভাবে প্রস্তুত ছিল সে। যথাযথ ক্রিকেট শট খেলায় কৃতিত্ব দেওয়া উচিত তাকে। উইকেট খুব সহজ ছিল না। অন্য ব্যাটারদের সবাই ধুঁকেছে সেখানে। কিন্তু তার ইনিংসের দিকে দেখুন… দুর্দান্ত।”
আফ্রিদির মতে, ব্রুকের কাজটি পাকিস্তানের কেউ করতে পারেননি বলেই আরও বড় হয়নি দলের স্কোর।
“এই ধরনের উইকেটে জুটির প্রয়োজন পড়ে এবং সেট ব্যাটসম্যানের টিকে থাকতে হয়, যে মাঝের ওভারগুলোয় দলকে টেনে নেবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা পরপর উইকেট হারিয়েছি। এজন্যই ১৮০-১৯০ রানের পৌঁছতে পারিনি।”
“ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় দেখতে পেয়েছেন, হ্যারি ব্রুক ক্রিজে টিকে থেকেছে, প্রান্ত বদলেছে এবং জুটি গড়ে তুলেছে। আমরা জুটি গড়ে সুযোগ হারিয়েছি।”
পাকিস্তানের অধিনায়ক সালমান ম্যাচ শেষে অসহায় কণ্ঠে বললেন, ব্রুকই পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে।
“আমরা ব্যাট হাতে শুরুটা খুব ভালো করেছিলাম। তবে প্রত্যাশামতো শেষ করতে পারেনি। বোলিংয়েও ভালো শুরু করেছিলাম। দিনশেষে, কখনও কখনও প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে হয়। হ্যারি ব্রুক যেভাবে ব্যাট করেছে, অসাধারণ। সে ম্যাচটি পুরোপুরি বের করে নিয়ে গেছে আমাদের থেকে।”
"এরকম ছন্দে যখন সে থাকে (তাকে আটকানো কঠিন)... মাঠের চারপাশে খেলে সে, ৩৬০ ডিগ্রি। তার জন্য মাঠ সাজানো ও পরিকল্পনার বাস্তবায়ন করা তাই কঠিন হয়ে পড়ে। আমরা সব চেষ্টাই করেছি, কিন্তু সে ছিল একটু বেশিই ভালো।"