২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক ও কোচ

বড় আসরে চাপের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ঘাটতির কথাও মেনে নিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক ও কোচ
সালমান আলি আগা ও মাইক হেসন। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 12:35 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

নিউ জিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড একটি সুযোগ তৈরি করে দিয়েছিল পাকিস্তানের সামনে। কিন্তু লাভ খুব একটা হয়নি। রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারাতে পারলও রান রেটের দাবি মেটাতে পারেনি তারা। সেমি-ফাইনালের আশা দুমড়েমুচড়ে যাওয়ার পর ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন সালমান আলি আগা। কোচও দায় নিতে প্রস্তুত বলে জানালেন পাকিস্তান অধিনায়ক।

সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তান তাকিয়ে ছিল সেই ইংল্যান্ডের দিকেই। পরের ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানকে একটি ‘লাইফ লাইন’ দিয়েছিল ইংলিশরা। কিন্তু নিজেদের কাজ করতে পারেনি সালমানের দল।

পাল্লেকেলেতে শনিবার সাহিবজাদা ফারহানের ৬০ বলে ১০০ ও ফাখার জামানের ৪২ বলে ৮৪ রানের ইনিংসে ২০ ওভারে ২১২  রান তোলে পাকিস্তান। সেমি-ফাইনালে খেলতে হলে শ্রীলঙ্কা আটকাতে হতো তাদের ১৪৭ রানে। কিন্তু উল্টো ম্যাচই প্রায় হারতে বসেছিল তারা। ৮ ছক্কায় ৩১ বলে ৭৬ রান করে দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন দাসুন শানাকা। শেষ দুই বলে শাহিন শাহ আফ্রিদি রান না দেওয়ায় পাকিস্তান জিতে যায় ৫ রানে।

সেই জয় স্রেফ দুটি পয়েন্ট দিয়েছে। রান রেটে বড় ব্যবধানেই পিছিয়ে থেকে ছিটকে পড়েছে পাকিস্তান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সালমান অকপটেই মেনে নিলেন, তাদের বিশ্বকাপ অভিযান ব্যর্থ হয়েছে।

সালমানের অধিনায়কত্ব এখন ঝুলছে সুতোয়। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক।

সালমানের অধিনায়কত্ব এখন ঝুলছে সুতোয়

“গোটা টুর্নামেন্টে ফিরে তাকালে এবং আমাকে যদি সারমর্ম বলতে হয়, অবশ্যই বলব আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমাদের মিডল অর্ডার তো বলতে গেলে পারফর্মই করেনি। রানের জন্য সাহিবজাদার ওপর অতি নির্ভরতা ছিল আমাদের।”

বিশ্বকাপে এবার ৩৮৩ রান করেছেন সাহিবজাদা, শুধু এই আসরেই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপেই এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। প্রথম ব্যাটসম্যান হিসেবে করেছেন এক বিশ্বকাপে দুটি সেঞ্চুরি। 

যে দলের একজন ব্যাটসম্যান রানের তালিকায় সবার ওপরে, সেই দলের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান আছেন ৪৩ নম্বরে! তিনিও মূলত বিশেষজ্ঞ ব্যাটসম্যান নন। ১১৮ রান করে এই বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান শাদাব খান।

ব্যাটিংয়ের সেই ব্যর্থতাও মেনে নিলেন সালমান।

“টুর্নামেন্টজুড়েই আমরা ভালো ব্যাট করতে পারিনি। কেবল সাহিবজাদা ফারহানই ছিল, সে অসাধারণ ব্যাট করেছে। অন্য কেউ যদি তাকে সহায়তা করতে পারত, তাহলে ভিন্ন কিছু হতে পারত।”

“টুর্নামেন্টজুড়ে ব্যাটং সবসময়ই ছিল দুর্ভাবনার। বিশেষ করে মিডল অর্ডার। বেশ কয়েক বছর ধরেই মিডল অর্ডার আমাদের বড় সমস্যা। আমাদেরকে এটা নিয়ে অবশ্যই বসতে হবে এবং এই বিভাগ নিয়ে গভীরভাবে ভাবতে হবে।”

ব্যাটিংয়ের ব্যর্থতায় আঙুল ওঠে স্বয়ং অধিনায়কের দিকেও। তিন নম্বরে ব্যাটিংয়ের গুরু দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু বিশ্ব আসরে ৬ ইনিংসে রান করেছেন মোট ৬০। এর মধ্যে এক ইনিংসেই করেছেন ৩৮ রান। 

নিজের ব্যর্থতাও মেনে নিচ্ছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।

“তিন নম্বরে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভালো করেছি আমি। বিশ্বকাপে সেভাবে মেলে ধরতে পারিনি। বিশ্বকাপজুড়ে আসরে কেবল সাহিবজাদা ছাড়া গোটা ব্যাটিং ইউনিটই ব্যর্থ হয়েছে।”

পাকিস্তানের একাদশ নির্বাচন, ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। টানা ব্যর্থতার পরও বাবর আজমকে খেলানো হয়েছে ম্যাচের পর ম্যাচ। এক ম্যাচের ব্যর্থতায় গুরুত্বপূর্ণ ম্যাচে বাইরে রাখা হয়েছে দলের সেরা স্পিনার বলে বিবেচিত আবরার আহমেদকে। ফাখার জামানকে টানা মিডল অর্ডারে খেলানো হয়েছে। শেষ ম্যাচে সহজাত পজিশন ওপেনিংয়ে নেমে তিনি বিধ্বংসী ইনিংস খেলেছেন।

সিদ্ধান্তগুলি কোচ ও অধিনায়ক মিলেই নিয়েছেন বলে জানালেন সালমান। দায় নিতেও তার আপত্তি নেই। 

“অবশ্যই আমরা দায় নিচ্ছি। কন্ডিশন ও পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী অধিনায়ক ও কোচ মিলে আমরা একাদশ বাছাই করি। কাজেই দায় আমি নিচ্ছি, কোচও নিচ্ছেন।”

“চাপের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে হবে আমাদের। আইসিসি ইভেন্টে চাপ সবসময়ই থাকবে, কারণ বিশ্বের সেরা দলগুলির বিপক্ষে খেলছি। এখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। একটি ম্যাচ হারলেই বিদায়ে দুয়ারে চলে যেতে হয়।”