ভারত-পাকিস্তান থেকে উইন্ডিজ কিংবা অস্ট্রেলিয়া, পারল না কেউ
বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বেই থেমে গেল গত আসরের চ্যাম্পিয়নদের পথচলা।
‘এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেভারিট’- টুর্নামেন্ট শুরুর আগে এমন কথা শোনা গিয়েছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল ইংল্যান্ডের দুই ক্রিকেটার জস বাটলার ও মইন আলির কণ্ঠে। সেই ইংল্যান্ডই সেমি-ফাইনালের আগে বিদায় করে দিল অস্ট্রেলিয়াকে।
একটু কি ভুল হচ্ছে? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে কোনো ম্যাচে তো হারায়নি ইংল্যান্ড। মেলবোর্নে দুই দলের দ্বৈরথ ভেস্তে যায় বৃষ্টিতে।
তবে, সিডনিতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড খেললেও প্রবলভাবে এই ম্যাচে সম্পৃক্ত ছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হার কিংবা ম্যাচ ভেস্তে যাওয়া, এই দুটির একটি হলেই যে কেবল সেমি-ফাইনালে যেতে পারত গত আসরের চ্যাম্পিয়নরা।
তবে শ্রীলঙ্কাকে হারিয়ে এক নম্বর গ্রুপ থেকে নিউ জিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করার পাশাপাশি স্বাগতিকদের আশা গুঁড়িয়ে দেয় ইংলিশরা।
এতে অব্যাহত রইল ইতিহাসের একটি ধারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত টানা দুবার চ্যাম্পিয়ন হয়নি কোনো দল। শিরোপা জিততে পারেনি কোনো স্বাগতিক দেশও।
একমাত্র দল হিসেবে দুটি শিরোপা জয়ের কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিজের। তবে সেটা তিন আসরের মধ্যে।
২০০৭ আসর:
২০ ওভারের বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়ারা সেবার শুরুটা করে দারুণ। গ্রুপ পর্বে দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে ও বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে স্বাগতিকরা পা রাখে সুপার এইট পর্বে।
এই ধাপেও প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয় ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডকে। কিন্তু শেষ ম্যাচে তারা ৩৭ রানের বড় ব্যবধানে হেরে যায় ভারতের কাছে। যার চড়া মাশুল দিতে হয় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে।
তিন ম্যাচে ভারত, নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ছিল সমান ৪ পয়েন্ট করে। নেট রান রেটে এগিয়ে থেকে প্রথম দুই দল ওঠে সেমি-ফাইনালে। পরে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
২০০৯ আসর:
দ্বিতীয় আসরের আয়োজক হয় ইংল্যান্ড। এবার ক্রিকেট তীর্থ লর্ডসে নিজেদের প্রথম ম্যাচেই বড় অঘটনের শিকার হয় ইংলিশরা। তাদের হারিয়ে চমক দেখায় নেদারল্যান্ডস।
পরে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ওঠে স্বাগতিকরা। সেখানে তারা প্রথম ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ভারতের বিপক্ষে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে থেমে যায় ইংলিশদের পথচলা।
আগের আসরের চ্যাম্পিয়ন ভারত এবার সুপার এইটে হেরে যায় তিন ম্যাচেই। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
২০১০ আসর:
এই আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ অভিযান শুরু করে আয়ারল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে। এরপর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে তারা নাম লেখায় সুপার এইটে।
এই পর্বে ক্যারিবিয়ানরা প্রথম ম্যাচে হেরে বসে শ্রীলঙ্কার বিপক্ষে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে জিতে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায়ঘণ্টা বেজে যায় তাদের।
আগের আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান এবার সেমি-ফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা উৎসব করে ইংল্যান্ড।
২০১২ আসর:
প্রথমবার টি-টোয়েন্টির বৈশ্বিক আসর বসে উপমহাদেশে, শ্রীলঙ্কায়। জিম্বাবুয়েকে ৮২ রানে হারিয়ে যাত্রা শুরু করা লঙ্কানরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে গ্রুপ রানার্সআপ হিসেবে তারা ঠিকই জায়গা করে নেয় সুপার এইটে।
এই ধাপে শ্রীলঙ্কা জেতে তিন ম্যাচের সবগুলো। প্রথমটিতে ছিল চরম নাটকীয়তা। নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় শেষ দুই বলে শ্রীলঙ্কার দরকার ছিল ৫ রান। টিম সাউদিকে চার মেরে স্কোর লেভেল করেন লাহিরু থিরিমান্নে। কিন্তু শেষ বলে তার রান আউটে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে জয়ের হাসি শ্রীলঙ্কার।
এরপর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে পা রাখে শ্রীলঙ্কা। সেখানে পাকিস্তানকে হারিয়ে প্রথম স্বাগতিক দল হিসেবে তারা উঠে যায় ফাইনালে। কিন্তু ট্রফির লড়াইয়ে তারা হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। ভিন্ন সংস্করণে হলেও ১৯৭৯ সালের পর প্রথমবার বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় ক্যারিবিয়ানরা।
২০১০ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেবার সুপার এইটের বৈতরণীই পার হতে পারেনি।
২০১৪ আসর:
শ্রীলঙ্কা ঘুরে সেবার বিশ্ব আসর বসে বাংলাদেশে। ঘরের মাঠে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ শুরুটা করে দারুণ। প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে দেয় যথাক্রমে ৯ ও ৮ উইকেটে। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে তাদের হারিয়ে অঘটনের জন্ম দেয় হংকং।
তবু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার টেন পর্বে উঠেছিল বাংলাদেশ। কিন্তু এখানে চার ম্যাচের সবগুলোতে হেরে বিদায় নেয় স্বাগতিকরা।
ঘরের মাঠের আসরে শ্রীলঙ্কার শিরোপা স্বপ্ন ভেঙেছিল যাদের কাছে হেরে, সেই ওয়েস্ট ইন্ডিজকে এবার সেমি-ফাইনালে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে লঙ্কানরা।
এবার আর আক্ষেপে পুড়তে হয়নি তাদের। ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ভারতকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পায় লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা।
২০১৬ আসর:
শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ হয়ে সেবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় ভারত। সরাসরি সুপার টেন পর্বে খেলা ভারত প্রথম ম্যাচে হেরে যায় নিউ জিল্যান্ডের কাছে । এরপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা।
পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারের দুয়ারে পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে ক্রিজে নিয়েও ৩ বলে ২ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ১ রানের হৃদয়ভাঙা সেই হার জায়গা পেয়ে যায় বাংলাদেশ ক্রিকেটের চিরস্থায়ী দুঃখগাঁথায়।
এরপর বাঁচা-মরার ম্যাচে রান তাড়ায় বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে (৫১ বলে অপরাজিত ৮২) অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি-ফাইনালে পা রাখে ভারত। সেখানে তাদের ৭ উইকেটে হারিয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ পরে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো জেতে ২০ ওভারের বিশ্বকাপ।
ফাইনালে শেষ ওভারে ১৯ রানের প্রয়োজনে বেন স্টোকসের প্রথম চার বলে কার্লোস ব্র্যাথওয়েটের টানা চার ছক্কা জায়গা পেয়ে যায় ক্রিকেটীয় রূপকথায়।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে সেবার শ্রীলঙ্কার পথচলা থেমে যায় সুপার টেন পর্বে। চার ম্যাচে তারা জিততে পারে স্রেফ একটি।
২০২১ আসর:
বিশ্বকাপের সপ্তম আসরের স্বাগতিক ছিল ভারত। তবে কোভিড পরিস্থিতির কারণে টুর্নামেন্ট হয় সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। আমিরাত সেবার পেরুতে পারেনি বাছাইপর্ব। এই ধাপ পেরিয়ে আসা ওমান থমকে যায় প্রাথমিক পর্বে।
শিরোপা ধরে রাখার অভিযানে এসে ওয়েস্ট ইন্ডিজ সুপার টুয়েলভ পর্বে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে গুটিয়ে যায় স্রেফ ৫৫ রানে। পাঁচ ম্যাচের স্রেফ একটি জিততে পারে ক্যারিবিয়ানরা।
ফাইনালে প্রতিবেশী দেশ নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ওয়ানডের রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
২০২২ আসর:
সেই অস্ট্রেলিয়া অনেক প্রত্যাশা নিয়ে এবার ঘরের মাঠের আসরে খেলতে নামে। অনেকের চোখে তারা পেয়ে যায় ‘হট ফেভারিট’ তকমা।
কিন্তু তাদের শিরোপা ধরে রাখার আশায় বড় চোট লাগে প্রথম ম্যাচেই। নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে বসে ৮৯ রানে। সেই যে নেট রান রেটে অনেকটা পিছিয়ে পড়ল তারা, সেটিই কাল হয়ে দাঁড়াল শেষ পর্যন্ত।
দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জিতে ঘুরে দাঁড়ায় অ্যারন ফিঞ্চের দল। এরপর বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ইংল্যান্ডের সঙ্গে।
তবু তাদের সামনে সুযোগ ছিল সেমি-ফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে বড় ব্যবধানে জিততে হতো আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে।
আইরিশদের বিপক্ষে ১৭৯ রানের পুঁজি গড়ার পর ২৫ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়ে বড় জয়ের আশাও জাগায় অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকে শেষ পর্যন্ত আয়ারল্যান্ড করে ১৩৭ রান। অস্ট্রেলিয়ার জয় তাই ৪২ রানে। যেটা অন্তত ৮০-৯০ করার সুযোগ ছিল।
প্রায় একইরকম হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও। অস্ট্রেলিয়ার ১৬৮ রানের জবাবে চতুর্দশ ওভারে আফগানদের রান ছিল ৬ উইকেটে ১০৩। এরপর রশিদ খানের ২৩ বলে ৪৮ রানের বিস্ফোরক ইনিংসে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জিততে পারে স্রেফ ৪ রানে।
পাঁচ ম্যাচ করে খেলে নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া- তিন দলেরই সমান ৭ পয়েন্ট। নিউ জিল্যান্ডের নেট রান রেট ২.১১৩, ইংল্যান্ডের ০.৪৭৩, আর অস্ট্রেলিয়ার মাইনাস ০.১৭৩। রান রেটের এই ব্যবধানই বিদায় করে দিল স্বাগতিকদের।
