বিবর্ণ অতীতের জন্য ব্যাটিংয়ে ‘নার্ভাস’ ছিল বাংলাদেশ
পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
একদিকে দেড় দশক ধরে বিশ্বকাপের মূল পর্বে জয় না পাওয়ার হতাশা। অন্যদিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি খেলতে নামার রোমাঞ্চ। তবে বাংলাদেশের ক্রিকেটারদের মনে কাজ করছিল জয় না পাওয়ার ভয়। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে হারিয়ে মিলেছে স্বস্তি।
হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ঘুচে গেছে ১৫ বছরের অপেক্ষা। ম্যাচের শুরুতে জয়ের জন্য দীর্ঘ অপেক্ষার কথা ঘুরছিল খেলোয়াড়দের মনে। সাকিব আল হাসান বললেন, এরই প্রভাব পড়েছিল ব্যাটিংয়ে।
২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। এরপর সুপার এইট, টেন বা টুয়েলভ পর্ব মিলিয়ে সাত আসরের ১৬টি ম্যাচে হেরে যায় তারা। অবশেষে ১৭তম ম্যাচে এসে জয়ের দেখা পেলেন সাকিবরা।
বাংলাদেশ অধিনায়কের জন্য এ জয় অন্যরকম স্বস্তির। কেননা সেই প্রথম থেকে শুরু করে সবগুলো আসর খেলেছেন সাকিব। দলের দীর্ঘ জয়খরার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী তিনি। এবার তার অধিনায়কত্বেই বাংলাদেশ পেয়েছে মূল পর্বে নিজেদের দ্বিতীয় জয়।
ম্যাচে আগে ব্যাট করে ১৪৪ রানে থামে বাংলাদেশ। অথচ পাওয়ার প্লেতে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুলে ফেলেছিল তারা। পরের ৫ ওভারে স্রেফ ২৯ রান যোগ করেই সাজঘরে ফেরেন আরও ৪ ব্যাটসম্যান। আফিফ হোসেন (৩৮) ও মোসাদ্দেক হোসেন (২০*) মিলে দলকে নিয়ে যান লড়াই করার মতো অবস্থায়।
পরে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে জয়ের কোনো সম্ভাবনা জাগাতে পারেনি ডাচরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে সাকিব বলেন, ১৫ বছর ধরে জয় না পাওয়ার বিষয়টি মাথায় কাজ করছিল বলেই ব্যাটিংয়ে কিছুটা নড়বড়ে ছিল বাংলাদেশ।
“একটি জয় পাওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ২০০৭ থেকে শুরু করে আমি সবগুলো বিশ্বকাপ খেলেছি। কিন্তু (ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর) জয় পাইনি। এটি আমাদের ভাবনায় ছিল। যে কারণে ব্যাট হাতে আমরা কিছুটা নার্ভাস ছিলাম।”
“আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু মাঝের ওভারে উইকেট হারিয়েছি যা আমাদের চাপে ফেলে দেয়। তবে আমরা জানতাম এই পিচে আমাদের বোলিং আক্রমণের জন্য ১৫০-১৫৫ রান যথেষ্ট। আমরা ১০ রান কম ছিলাম। তবে আমাদের পেসাররা যেভাবে বোলিং করেছে, দুর্দান্ত।”
সাধারণত স্পিন নির্ভর দল হিসেবেই পরিচিত বাংলাদেশ। তবে উপমহাদেশের বাইরে খেলতে গেলে স্পিনারদের প্রভাব থাকে না তেমন। তাই স্পিনিং আক্রমণের ধারা থেকে বেরিয়ে গত কয়েক বছরে ফাস্ট বোলিংয়েও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। যার সুফলও মিলছে প্রায় নিয়মিত।
নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করে ৪ ওভারে ২৫ রান খরচায় ৪ উইকেট পেয়েছেন তাসকিন। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। আরেক পেসার হাসান মাহমুদ ৪ ওভারে এক মেডেনসহ স্রেফ ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
ফাস্ট বোলারদের হাত ধরে ম্যাচ জেতার পর তাদের প্রশংসায় ভাসালেন অধিনায়ক সাকিব।
“আমরা এখন ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝতে পেরেছি। এখন সব সংস্করণে আমরা দারুণ একটা ফাস্ট বোলিং গ্রুপ পেয়েছি। তারা সত্যিই অনেক ভালো করছে। আমরা কয়েকজন তরুণ পেসার পেয়েছি। হাসান মাহমুদ তাদের মধ্যে একজন। তাসকিন গত ২-৩ বছর ধরে আমাদের সেরা বোলার। সবমিলিয়ে আমাদের খুব ভালো ফাস্ট বোলিং আক্রমণ রয়েছে।”
ডাচদের হারানো ম্যাচে ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে আফিফ ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ফিল্ডিংয়ে দুইটি রান আউট করে বাংলাদেশ। এছাড়া পুরো ম্যাচে সাতটি ক্যাচ হাতের মুঠোয় নিয়েছে তারা। ক্যাচিং-ফিল্ডিংয়ে বাংলাদেশ বিশ্বের সেরা দলগুলোর কাতারে যেতে পারবে বলে বিশ্বাস সাকিবের।
“আমাদের মনে হয়েছে এই একটি জায়গায় (ক্যাচিং-ফিল্ডিং) আমরা বিশ্বের সেরা দলগুলোর একটি হতে পারি। দলের বেশিরভাগ খেলোয়াড় তরুণ। তারা চটপটে ও ক্ষীপ্র। আমাদের সেই বিশ্বাসটা ছিল যে ফিল্ডিংয়ে আমরা হয়তো ৫-১০ রান বাঁচাতে পারব। যা বড় পার্থক্য গড়ে দেবে।”
