২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কান ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় অস্ট্রেলিয়া

নিজেদের সামর্থ্যের জানান দিতে মুখিয়ে আছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 06:53 PM

Updated : 24 Oct 2022, 06:53 PM

শক্তির বিচারে তো বটেই, পাশাপাশি শিরোপা ধরে রাখার অভিযান দেশের মাঠে হওয়ায় টুর্নামেন্টের ফেভারিটদের একটি অস্ট্রেলিয়া। কিন্তু শুরুটা হয়েছে ভীষণ খারাপ, নিউ জিল্যান্ডের বিপক্ষে বিভীষিকার এক হারে। বাজে সেই স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। অলরাউন্ডার মিচেল মার্শ বললেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ছুটতে চান শিরোপা ধরে রাখার অভিযানে।

গত বছর সংযুক্ত আরব আমিরাতের আসরে নিউ জিল্যান্ডকে হারিয়েই প্রথমবারের মতো ২০ ওভারের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। গত শনিবার সিডনিতে এই প্রতিবেশীদর বিপক্ষে পাত্তাই পায়নি অ্যারন ফিঞ্চের দল। ২০০ রান তাড়ায় তারা করতে পারে স্রেফ ১১১। হেরে যায় ৮৯ রানে।

অস্ট্রেলিয়ায় ১১ বছরের জয় খরা ঘুচিয়ে স্বাগতিকদের বিব্রতকর সব রেকর্ডের তেতো স্বাদ দেয় নিউ জিল্যান্ড।

বিশাল ব্যবধানে ওই হারে অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে। আরেকটি হারে শেষ হয়ে যেতে পারে তাদের পরে ধাপে ওঠার পথ।

লঙ্কানদের সঙ্গে মাঠের লড়াইয়ে নামার আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে মার্শ বললেন, আপাতত এই ম্যাচেই তাদের সব মনোযোগ।

“আশা করি, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ঘুরে দাঁড়াতে পারব। তারা ভালো দল। আমরা এই কন্ডিশন সম্পর্কে খুব ভালো জানি। স্টেডিয়ামের আবহও তাদের চেয়ে আমাদের জন্য বেশি মানানসই হওয়ার কথা। তাই আশা করি, আমার ঘুরে দাঁড়াব এবং বিশ্বকাপ অভিযানে এগিয়ে যাব।”

“টুর্নামেন্টের ধরনই এমন, একটি ম্যাচ হারা মানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া। এখন আমরা জানি, সামনে কী আছে। আমার মনে হয়, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যেটা নিয়ে আমরা কথা বলেছি, তা হলো বেশিদূর না তাকানো। আগামীকাল আমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর এটাই আমাদের কাছে জরুরি। আশা করি, ভালো খেলে ম্যাচটি জিততে পারব এবং এরপর ইংল্যান্ড ম্যাচে নজর দেব।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে উড়ে গেলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি অস্ট্রেলিয়ার। লঙ্কানদের বিপক্ষে নিজেদের সেরাটা মেলে ধরতে মুখিয়ে আছে দলের সবাই, বললেন মার্শ।

“দলের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি পড়েনি এবং যখনই আমরা ছন্দ ফিরে পাব, আমাদের থামানো খুব কঠিন হবে। এই টুর্নামেন্টের আগে আমাদের অনেক খেলা ছিল। ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানো হয়েছে। সবকিছুই ছিল বিশ্বকাপের প্রস্তুতি।”

“অবশ্যই আমরা গত ম্যাচে ভালো করিনি, তবে আমাদের আত্মবিশ্বাস দৃঢ়…তাই আশায় আছি শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ঘুরে দাঁড়াতে পারব এবং তাদেরকে দেখিয়ে দিতে সক্ষম হব।”