২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হারিয়ে অন্যদের কাজ কঠিন করতে চায় পাকিস্তান

সাকিব আল হাসানদের বিপক্ষে নিজেদের কাজটা সেরে রাখার কথা বললেন শান মাসুদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 02:10 PM

Updated : 05 Nov 2022, 02:10 PM

সব দলের চারটি করে ম্যাচ শেষ। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে একটি দল। কাগজে-কলমে বাকি পাঁচ দলের সামনে রয়েছে সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা। সেই অভিযানে বাংলাদেশের বিপক্ষে জিতে বাকিদের কাজ কঠিন করার প্রত্যয় জানালেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান শান মাসুদ।

বিশ্বকাপের সুপার টুয়েলভে ‘২’ নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ভারত। দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ৫ পয়েন্ট। এ দুই দল রয়েছে সুবিধাজনক অবস্থায়। বাংলাদেশ ও পাকিস্তান পেয়েছে সমান ৪ পয়েন্ট করে। কিছু সমীকরণ মিলিয়ে তারাও যেতে পারে শেষ চারে। এমনকি তিন পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা জিম্বাবুয়েও টিকে আছে জটিল সমীকরণের সম্ভাবনায়।

অ্যাডিলেইডে রোববার নিজেদের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলা। তার আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে ফেলবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে প্রোটিয়ারা জিতলে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে চলে যাবে সেমি-ফাইনালে।

সেক্ষেত্রে বাকি একটি টিকেটের জন্য লড়াই হবে শেষ দুই ম্যাচে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের পরাজিত দলের পথ চলা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। রান রেটে বেশ এগিয়ে থাকায় বাবর আজমের দল জিতলে সেদিনই মেলবোর্নে সুপার টুয়েলভ পর্বের শেষ ম্যাচ জিততে হবে ভারতের।  

বাংলাদেশ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান মাসুদ জানালেন, নিজেদের কাজ করে রেখে পরে দেখতে চান সামনে কী অপেক্ষা করছে।

“যা আমাদের হাতে আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করব ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল হওয়া পর্যন্ত (সেমি-ফাইনালের) আশা থাকবে। আমি মনে করি, কালকের ম্যাচে ভালো সুযোগ আছে।”

টুর্নামেন্টের শুরুতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের পর জিম্বাবুয়ের কাছেও হেরেছিল পাকিস্তান। তবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। মাসুদ বললেন, বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচগুলোর ভুল কমিয়ে ভালো কাজগুলো বেশি করতে চায় পাকিস্তান।

“আমাদের জন্য এটিই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং প্রতি ম্যাচে উন্নতি করতে হবে। বাংলাদেশের বিপক্ষে আমাদের পারফরম্যান্সের আরও উন্নতি ঘটানোর চেষ্টা থাকবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না হয় এবং ভালো বিষয়গুলো আরও ভালো করতে পারি।”

রোববার দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে জয়ী দল সরাসরিই পাবে শেষ চারের টিকেট। প্রোটিয়াদের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও একই ফল হবে। কারণ, সমান পয়েন্ট হলে আগে দেখা হবে জয় সংখ্যা। সেখানে এগিয়ে থাকবে বাংলাদেশ বা পাকিস্তান।