২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারানের বোলিংয়ে বিধ্বস্ত আফগানিস্তান

৫ উইকেটের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 08:25 PM

Updated : 22 Oct 2022, 10:37 PM

ইংল্যান্ডের বোলিং হলো দারুণ। ফিল্ডাররা নিলেন অসাধারণ কিছু ক্যাচ। স্যাম কারানের ছোবলে আফগানিস্তান গুটিয়ে গেল অল্পতে। রান তাড়ায় চেনা দাপট দেখাতে না পারলেও অনায়াসেই জিতে গেল ইংলিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের প্রথম ম্যাচে ইংল্যান্ডের জয় ৫ উইকেটে। পার্থে শনিবার ১১৩ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ১১ বল হাতে রেখে।

এই জয়ের নায়ক কারান। এই পেস বোলিং অলরাউন্ডার ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে এই সংস্করণে ৫ উইকেট নেন স্রেফ ১০ রান দিয়ে।

৩ উইকেটে ৮২ রানের শক্ত অবস্থানে থেকে দুই বল বাকি থাকতে ১১২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ৩০ রানের মধ্যে তারা হারায় শেষ ৭ উইকেট! যার চারটিই নেন কারান।

ম্যাচের সর্বোচ্চ দুই স্কোরার অবশ্য আফগানিস্তানেরই! ইব্রাহিম জাদরান ৩২ বলে ৩২ ও উসমান গনি ৩০ বলে করেন ৩০ রান।

আফগানদের ইনিংসে ছক্কা হয় তবু ৩টি, ইংল্যান্ডের ইনিংসে কেবল একটি!

চোট কাটিয়ে ফিরে ইংল্যান্ডের হয়ে ২১ বলে সর্বোচ্চ ২৯ রানের অপরাজিত ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন লিয়াম লিভিংস্টোন।

পার্থ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন পেসার মার্ক উড।

আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই ৭ রান করতে খেলেন ১৭ বল। ডিপ পয়েন্টে থেকে অনেকটা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন লিভিংস্টোন।

কারান নিজের দ্বিতীয় ও দ্বাদশ ওভারে প্রথম শিকার ধরেন ইব্রাহিমকে ফিরিয়ে। ১৪ ওভার শেষে আফগানিস্তানের রান ছিল ৩ উইকেটে ৮২। এরপরই নামে ধস।

বিস্ফোরক ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরান থামেন একটি ছক্কায় ১৩ রান করে। মিডউইকেট থেকে অনেকটা পেছনে দৌড়ে দারুণ ক্যাচ নেন আদিল রশিদ। উইকেটের পেছনে জস বাটলারের এক হাতে নেওয়া দুর্দান্ত ক্যাচে মোহাম্মদ নবি বিদায় নেন ৩ রান করে।

অষ্টাদশ ওভারের শেষ দুই বলে আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খানকে বিদায় করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান কারান। শেষ পর্যন্ত তা না হলেও শেষ ওভারে উসমান গনি ও ফজল হক ফারুকিকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।

এই মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ রানে ৩ উইকেট ছিল তার আগের সেরা বোলিং। আর গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লেগ স্পিনার রশিদের ২ রানে ৪ উইকেট ছিল ইংল্যান্ডের আগের সেরা।

ইংল্যান্ডের বোলাররা ডট বল করেন মোট ৬৩টি। নিয়ন্ত্রিত বোলিংয়ে ২টি করে উইকেট নেন উড ও বেন স্টোকস।   

আফগানিস্তানের আউট হওয়া ১০ জনই দেন ক্যাচ! টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার ঘটল এমন কিছু।

ইংল্যান্ডের ফিল্ডিং যতটা ভালো হয়েছে, আফগানিস্তানের ততটাই বাজে। ৪ ও ১৭ রানে দুইবার ক্যাচ দিয়ে জীবন পান অ্যালেক্স হেলস। সুযোগ যদিও কাজে লাগাতে পারেননি তিনি। ২০ বলে করেন ১৯ রান। তার আগেই বাটলার বিদায় নেন ১৮ বলে ১৮ রান করে।

চার নম্বরে নেমে স্টোকস টিকতে পারেন কেবল ৪ বল। নবির দুর্দান্ত ক্যাচে দাভিদ মালান ফেরেন ৩০ বলে ১৮ রান করে।

হ্যারি ব্রুকও এরপর টিকতে পারেননি। ষোড়শ ওভারে ৯৭ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। মইন আলিকে নিয়ে বাকিটা সারেন লিভিংস্টোন।

রশিদ, মুজিবরা লড়াই করলেও অত অল্প পুঁজি যথেষ্ট ছিল না।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৯.২ ওভারে ১১২ (জাজাই ৭, গুরবাজ ১০, ইব্রাহিম ৩২, গনি ৩০, নাজিবউল্লাহ ১৩, নবি ৩, ওমরজাই ৮, রশিদ ৮, মুজিব ০, ফরিদ ২*, ফারুকি ০; স্টোকস ৪-০-১৯-২, ওকস ৪-০-২৪-১, উড ৪-০-২৩-২, কারান ৩.৪-০-১০-৫, রশিদ ৪-০-৩২-০)

ইংল্যান্ড: ১৮.১ ওভারে ১১৩/৫ (বাটলার ১৮, হেলস ১৯, মালান ১৮, স্টোকস ২, লিভিংস্টোন ২৯*, ব্রুক ৭, মইন ৮; ফারুকি ৪-০-২৪-১, ওমরজাই ১.১-০-১১-০, মুজিব ৪-০-২২-১, রশিদ ৪-০-১৭-১, ফরিদ ২-০-২৩-১, নবি ৩-০-১৬-১)

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: স্যাম কারান।