শান্তর দিকে সবসময়ই চোখ ছিল ডোনাল্ডের
ডোনাল্ডের মতে, বাংলাদেশের হয়ে বড় রান করার সামর্থ্য রয়েছে শান্তর।
ব্যাটিংয়ের ধরন, অনুশীলনে চপলতা ও দলের প্রতি নিবেদনের সৌজন্যে অল্প সময়েই যেকোনো কোচের পছন্দের তালিকায় চলে আসেন নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই এর ব্যতিক্রম হয়নি অ্যালান ডোনাল্ডের বেলায়। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ জানালেন, দায়িত্ব নেওয়ার পর থেকে সবসময়ই শান্তর দিকে তার চোখ ছিল।
গত মার্চে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেন দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তি। মূলত বোলারদের নিয়ে কাজ করলেও, শান্তর শট খেলার সামর্থ্যেও তিনি গুণমুগ্ধ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে শান্তর প্রথম ফিফটির পর নিজের ভালো লাগার কথা বললেন ডোনাল্ড।
ব্রিজবেনে রোববার শেষ ওভারে নাটকীয়তার ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। তবে ম্যাচের প্রথম ভাগে দলকে দেড়শ রানের সংগ্রহ এনে দেওয়ার মূল কারিগর বাঁহাতি ওপেনার শান্ত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৫৫ বল খেলে ৭১ রান করেন শান্ত। সাত চারের সঙ্গে একটি ছয়ে ইনিংস সাজান তিনি। ম্যাচ শেষে ব্রডকাস্টার টিভিতে ডোনাল্ড জানান শান্তর প্রতি নিজের মুগ্ধতার কথা।
“গত ৯ মাসে শান্তর দিকে আমার সবসময়ই চোখ ছিল, তার শট খেলার সামর্থ্যের কারণে। টেস্ট ম্যাচে ও সাদা বলের ক্রিকেটেও। আজকের এটি তার প্রাপ্য। আরও একবার সে দেখিয়েছে, বাংলাদেশের হয়ে ওপরের দিকে রান করতে সে যথেষ্ট সমৃদ্ধ।”
জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ রান করার পথে শুরুতে বেশ রয়েসয়ে খেলেছেন শান্ত। একপর্যায়ে ৩০ বলে ৩০ রান ছিল তার। পরের ২৫ বলে করেছেন আরও ৪১ রান। সবমিলিয়ে বড় ইনিংস খেলতে পারায় শান্তর জন্য নিজের খুশির কথাও জানালেন ডোনাল্ড।
“আজকে সে নিজেকে কিছুটা সময় দিয়েছে। কিছুটা সময় নিয়েছে। এরপর যখন সময় হয়েছে গতি বাড়িয়েছে এবং বড় স্কোর গড়েছে। ওর জন্য আমি খুবই খুশি।”
