২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নামিবিয়ার জয় থেকে আমিরাতও আশাবাদী

টি-টোয়েন্টিতে যে কাউকেই হারানো সম্ভব, এই বিশ্বাস পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

নামিবিয়ার জয় থেকে আমিরাতও আশাবাদী

সংযুক্ত আরব আমিরাত কোচ রবিন সিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 02:07 PM

Updated : 17 Oct 2022, 02:08 PM

শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের লড়াইয়ে কে জিতবে- এক দিন আগেও এমন প্রশ্নটাই হয়তো অবান্তর হতো। এশিয়া কাপ জিতে আসা লঙ্কানরা অভিজ্ঞতা, ইতিহাস, ক্রিকেটীয় সামর্থ্য- সবদিক থেকেই যে প্রতিপক্ষের যে যোজন যোজন ব্যবধানে এগিয়ে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে চমক জাগিয়ে নামিবিয়া যেভাবে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে, তা স্বপ্নের পালে বইয়ে দিচ্ছে আরব আমিরাতকেও। দলটির কোচ রবিন সিং যেমন আত্নবিশ্বাসের সুরে বললেন, নামিবিয়া যদি পারে, তারা কেন নয়!

সরাসরি সুপার টুয়েলভ না খেলতে পারলেও আসর শুরুর আগে সেখানে শ্রীলঙ্কার জায়গা করে নেওয়া নিয়ে কারোরই সন্দেহ ছিল না। গত মাসে এশিয়ার সেরা হওয়া দলটি সাম্প্রতিক সময়ে ২০ ওভারের ক্রিকেটে খেলছিল দারুণ। প্রাথমিক পর্বের 'এ' গ্রুপে নামিবিয়া, আরব আমিরাত, নেদারল্যান্ডকে টপকে তাদের সুপার টুয়েলভে খেলা তাই অনেকটা সহজ হবে বলেই ধরা হচ্ছিল।

কিন্তু প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাক মাটিতে নামিয়েছে নামিবিয়া। ১৬৩ রানের পুঁজি নিয়ে লঙ্কানদের তারা হারিয়ে দিয়েছে ৫৫ রানের বড় ব্যবধানে।

স্বাভাবিকভাবেই তাদের এই জয় অন্য দলগুলোকেও আশা যোগাবে যারা হয়তো খুব বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসেনি। আরব আমিরাতও তেমনি একটি দল। আন্তর্জাতিক ক্রিকেটে কখনই সেভাবে বিশেষ কিছু না করা দেশটির জন্য প্রাথমিক পর্বে খেলা অনেকটাই অভিজ্ঞতা অর্জনের মঞ্চ।

তবে নামিবিয়ার বিখ্যাত জয় তাদের ভাবনার জগতেও এনেছে বড় পরিবর্তন। আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে আরব আমিরাত। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রবিন বলেছেন, নামিবিয়ার জয়ে তাদের অনুপ্রাণিত করেছে এবং নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।

“(খেলোয়াড়দের অনুপ্রাণিত করা) আমি মনে করি, আমাদের হাতে আসলে কোনো বিকল্প নেই। এগুলো এমন ম্যাচ যা আমরা খেলার জন্য উন্মুখ হয়ে থাকি। সম্ভবত অনেকদিন পর এই প্রথম আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলছি।”

“আমি মনে করি আমাদের এটা বুঝতে হবে যে, এটা আর দশটা ম্যাচের মতোই। তারা (শ্রীলঙ্কা) নামিবিয়ার কাছে হেরেছে এবং তাদের হারান সম্ভব।”

প্রথম ম্যাচে হারের পর আরব আমিরাত ম্যাচের আগে কিছুটা হলেও চাপে থাকবে শ্রীলঙ্কা। কারণ এই ম্যাচ হারলে তাদের সুপার টুয়েলভে খেলার সম্ভবনা প্রায় শেষই হয়ে যাবে। সাবেক ভারত অলরাউন্ডার রবিন বললেন, তারা খেললবেন নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে।

“দিনশেষে তাদের হেরে যাওয়াটাই মূল শুধু বিষয় নয়। আমি মনে করি, আমাদের জন্য এটি নিজেদের উজাড় করে দেওয়া এবং খুব ভালো ক্রিকেট খেলার ব্যাপার। শ্রীলঙ্কাকে হারানর জন্য আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। তারা একটি শীর্ষ দল যারা সদ্য এশিয়া কাপ জিতেছে।”

“তারা এমন একটা পরিস্থিতিতে আছে যেখানে সম্ভবত তাদের জয়ের আশা করা হচ্ছে। আমাদের ক্ষেত্রে আমরা মাঠে গিয়ে তাদের সঙ্গে লড়াই করব ধারণা করা হচ্ছে। তবে আমরাও জেতার জন্যই খেলব।”

তরুণ শ্রীলঙ্কা দলটিকে সাম্প্রতিক বছরগুলোতে যেতে হয়েছে ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে। তবে এশিয়া কাপ জেতার আগে খুব বড় সাফল্য না পেলেও প্রশংসিত হচ্ছিল দলটির ভয়ডরহীন ক্রিকেট। রবিন মনে করেন, সময়ের পরিক্রমায় দল হিসেবে গুছিয়ে নিয়েছে সাবেক ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা।

“শ্রীলঙ্কা একটি শীর্ষ দল। আপনারা জানেন যে তারা এমন একটি ব্র্যান্ডের ক্রিকেট খেলে যা এই সংস্করণের জন্য উপযুক্ত। এশিয়া কাপেও আমরা তা দেখেছি। তারা এমন একটি দল যারা বেশ রোমাঞ্চকর। আপনি যদি গত (টি-টোয়েন্টি) বিশ্বকাপের দিকে তাকান, তাহলে দেখবেন তারা আসলে এমন একটি দল ছিল যারা বেড়ে উঠছিল এবং এশিয়া কাপে তারা সেটা প্রমাণ করেছে।”

প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করলেও রবিনের বিশ্বাস, নিজেদের দিনে তাদের পক্ষেও সম্ভব নামিবিয়ার মতো চমক দেখানো।

“আমার মতে এগুলো এমন কন্ডিশন যেখানে সবারই সুযোগ থাকে এবং যে কেউই ভালো করতে পারে। এখানে বোলার বা ব্যাটসম্যান হিসেবে আপনার একটি অসাধারণ দিন থাকতেই পারে। আমি মনে করি, আমাদের সামনেও তাদের হারানর সমান সুযোগ রয়েছে।”  

“আমরা ম্যাচটি জিততে পারি ভেবেই খেলতে নামতে হবে। টেস্ট খেলুড়ে দেশ বলে শ্রীলঙ্কান দলকে বাড়তি সুযোগ দেওয়ার কোনো কারণ নেই। তারাও একই নৌকায় আছে।”