২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রথম’ ফিফটির পর ডেথ বোলিংয়ে ওয়াসিমের চমক

সংযুক্ত আরব আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিফটি করলেন মুহাম্মদ ওয়াসিম।

‘প্রথম’ ফিফটির পর ডেথ বোলিংয়ে ওয়াসিমের চমক

বিশ্বকাপে আমিরাতের প্রথম জয়ের নায়ক মুহাম্মদ ওয়াসিম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 07:09 PM

Updated : 20 Oct 2022, 07:16 PM

মূলত টপ অর্ডার ব্যাটসম্যান মুহাম্মদ ওয়াসিম। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করেন কালেভদ্রে। নামিবিয়ার বিপক্ষে দারুণ এক ফিফটি উপহার দিয়ে নিজের মূল কাজ ঠিকঠাকই করলেন সংযুক্ত আরব আমিরাতের এই ওপেনার। তবে সবচেয়ে বড় চমক দেখালেন তিনি বল হাতে! শেষ ওভারের কঠিন চ্যালেঞ্জে বোলিংয়ে এসে দলকে এনে দিলেন ঐতিহাসিক এক জয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার ওয়াসিমের অলরাউন্ড নৈপুণ্যে নামিবিয়াকে ৭ রানে হারায় আমিরাত। ২০ ওভারের বৈশ্বিক আসরে এনিয়ে দ্বিতীয়বার অংশ নেওয়া দলটির এটি প্রথম জয়।

ব্যাট হাতে ৩ ছক্কা ও ১ চারে ৪১ বলে ৫০ রান করেন ওয়াসিম। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরাতের কোনো ক্রিকেটারের যা প্রথম ফিফটি। পরে বল হাতে দুই ওভার করে ১৬ রান দিয়ে নেন বিপজ্জনক ডেভিড ভিসার উইকেট।

এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার ওঠে ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের হাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার আমিরাতের কেউ জিতলেন এই স্বীকৃতি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ওয়াসিম তৃতীয়বার হলেন ম্যান অব দা ম্যাচ।

১৪৯ রানের লক্ষ্যে শেষ ওভারে যখন ১৪ রান চাই নামিবিয়ার, ওয়াসিমের হাতে বল তুলে দেন আমিরাত অধিনায়ক রিজওয়ান। ছোট রানআপে মিডিয়াম পেসে কী দারুণ বোলিংটাই না করলেন তিনি! স্রেফ ৬ রান দিয়ে তুলে নিলেন একটি উইকেটও।

ওয়াসিমের সেই শিকার ছিলেন ভিসা, যিনি হতে পারতেন এই ম্যাচের নায়ক। ৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেলে তিনিই বাঁচিয়ে রেখেছিলেন এদিন নামিবিয়ার আশা। তাকে ফিরিয়ে সব আলো কেড়ে নেন ওয়াসিম। আনন্দে ভাসান দলকে।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হাত ঘুরালেও ২০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এনিয়ে চতুর্থ ইনিংসে বোলিং করলেন ওয়াসিম। সবশেষ করেছিলেন গত বছরের অক্টোবরে। সব মিলিয়ে স্রেফ ৫.৪ ওভার করে ধরেছেন ৪ শিকার।

শেষের মতো ম্যাচের প্রথমভাগেও জ্বলে ওঠেন ওয়াসিম। ইনিংস শুরু করতে নেমে তৃতীয় ওভারে বের্নার্ড শুলজকে ছক্কায় উড়িয়ে প্রথম বাউন্ডারির দেখা পান ডানহাতি এই ব্যাটসম্যান।

এরপর আবার খোলসে ঢুকে যান। প্রথম ১৯ বলে তার রান ছিল ১৬। ইয়ান ফ্রাইলিঙ্ককে ওভারে চার-ছক্কা হাঁকিয়ে রানের গতিতে দম দেন ওয়াসিম। পরে জেজে স্মিটকে স্লগ করে ওড়ান লেগ সাইড দিয়ে।

৪০ বলে করেন ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি ফিফটি। পরের বলেই শেষ হয়ে যায় তার পথচলা, বেন শিকোঙ্গোর স্লোয়ারে শর্ট থার্ডম্যানে ধরা পড়ে।