বৃষ্টির পর মাঠ খেলার কতটা উপযোগী ছিল
বাংলাদেশ দলের কোনো আপত্তি ছিল না বলেই দাবি করলেন অধিনায়ক সাকিব আল হাসান।
টিভি পর্দায় দেখা গেল, আম্পায়ারের সঙ্গে বেশ উত্তেজিত হয়ে কথা বলছেন সাকিব আল হাসান। মাঠে হাত ঘষে কিছু একটা দেখালেনও। হয়তো বোঝাতে চাইলেন যে আউটফিল্ড ভেজা। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভেজা মাঠ নিয়ে বারংবার প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বললেন, ভেজা মাঠে খেলা নিয়ে আপত্তির কোনো জায়গা তাদের পক্ষে ছিল না।
অ্যাডিলেইডে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচে বাংলাদেশের রান তাড়ায় ৭ ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরে যখন খেলা শুরু হয়, প্রথম দুই বলেই রান নেওয়ার সময় দুই দফায় পিছলে পড়েন লিটন কুমার দাস। দ্বিতীয়টিতে তিনি রান আউটও হয়ে যান। যেটি ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ায় বড় ভূমিকা রাখে। লিটন ২৭ বলে ৬০ রান করে আউট হওয়ার পর ম্যাচে পথ হারায় বাংলাদেশ।
লিটনের এভাবে পিছলে পড়া আর আম্পায়ারের সঙ্গে সাকিবের কথোপকথনের ভিডিও টিভিতে দেখেই বাংলাদেশ দলের আপত্তির প্রসঙ্গটা এসে যায়। সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটিই হয় এটি নিয়ে, সাকিব কি না খেলার চেষ্টা করছিলেন?
প্রশ্নের জবাব সাকিব দিলেন প্রশ্ন দিয়েই, “আর কোনো উপায় আছে?”
এবার প্রশ্ন, আম্পায়ারকে তিনি কোনো কিছু নিয়ে ‘কনভিন্স’ করার চেষ্টা করছিলেন কিনা। এবারও সাকিবের পাল্টা প্রশ্ন, “আম্পায়ারকে বোঝানোর সামর্থ্য কি আমার আছে?”
প্রশ্ন তবু হতেই থাকে। ভারতীয় সাংবাদিকরাই প্রশ্নের পর প্রশ্ন করে গেলেন এটা নিয়ে। সাকিব তবু নিজের জায়গায় অটল।
“এসব সিদ্ধান্ত আম্পায়ার নেন। আমরা নেই না। আমরা ওখানে ছিলাম ক্রিকেট খেলতে। দুই দলই পুরো ২০ ওভার খেলতে চেয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি বাধা দিয়েছে। তবে দুই দলই যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। সঠিক চেতনায় খেলেছে দুই দলই।”
বৃষ্টি থামার পর খেলা যে খুব দ্রুত শুরু হয়ে গেছে, এটা নিয়ে অবশ্য সংশয় নেই। বৃষ্টি যখন পুরোপুরি থামেনি, তখন থেকেই আউটফিল্ডের পানি শুকানোর কাজ শুরু হয়ে যায়। আম্পায়ারদের সঙ্গে সাকিবের ওই আলোচনার পর বাংলাদেশ অধিনায়ককে মোটামুটি হতাশ হয়েই ডাগআউটে ফিরে যেতে দেখা যায়। তবে ম্যাচ শেষে তিনি কোনো বিতর্কই বাড়াতে চাননি এটা নিয়ে।
মাঠ যে পিচ্ছিল ছিল, সেটা অবশ্য বললেন সাকিব। তবে ক্রিকেটীয় নিয়মে ভেজা মাঠে ভারতের সমস্যাই যে বেশি হওয়ার কথা, সেটিও তিনি তুলে ধরলেন। লিটনের রান আউটেও তিনি পিচ্ছিল মাঠের দায় দেখেন না।
“কিছুটা পিচ্ছিল তো অবশ্যই ছিল। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, মাঠ কিছুটা পিচ্ছিল ছিল। সাধারণত এরকম হলে, বোলিং দলের চেয়ে ব্যাটিং দলেরই বেশি সুবিধা হয়। এটাকে তাই আমরা অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।”
“লিটনের জন্য দুর্ভাগ্যজনক যে দুইবার হোঁচট খেয়েছে। আমি জানি না, সে পিচের সাইডে দৌড়াচ্ছিল নাকি ঘাসের অংশটায় দৌড়াচ্ছিল। যদি প্রথমবার ওখানে (ঘাসে) পিছলে পড়ে থাকে, তাহলে উচিত ছিল সচেতন হয়ে পিচের মাঝখান (সাইডে) দিয়ে দৌড়ানো। আমি জানি না, ঠিক কোন জায়গা দিয়ে দৌড়াচ্ছিল। কারণ, আমি পরবর্তী ব্যাটসম্যান ছিলাম, মাঠে চলে গিয়েছিলাম।”
আউটফিল্ড ভেজা থাকলে বিপজ্জনক মাঠের যে ব্যাপারটি উঠে আসে, তা মূলত ফিল্ডিং দলের ক্ষেত্রেই প্রযোজ্য। ফিল্ডারদের পিছলে পড়ার শঙ্কা থাকে। শুধু এটুকুই নয়, ভেজা মাঠে ফিল্ডিং দলের আরও অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হয়। উইকেটে বল আরেকটু বেশি স্কিড করে, ব্যাটে বল ভালোভাবে আসে, ব্যাটসম্যানদের খেলতে সুবিধা হয়। সব মিলিয়ে বাংলাদেশেরই সুবিধা বেশি হওয়ার কথা। বৃষ্টি শেষে খেলা শুরুর পর নতুন সমীকরণও সাকিবদের জন্য তুলনামূলক সহজ হয়ে আসে।
ভেজা মাঠে খেলার ব্যাপারটি নিয়ে বাংলাদেশ দলে আপত্তি কিংবা নিজেদের বঞ্চিত ভাবার মতো কোনো কিছু হয়নি বলেও পরিষ্কার জানিয়ে দিলেন তিনি।
“ন্যায্য-অন্যায্য নিয়ে কেউ কথা বলেনি। আমার মনে হয় না, আমাদের ড্রেসিং রুমে কেউ এটা বলেছে। আমরা খেলতে চেয়েছিলাম, জিততে চেয়েছিলাম। নিজেদের সেরা চেষ্টা করেছি, সবাই করেছে চেষ্টা। দুর্ভাগ্যজনকভাবে অল্পের জন্য পারিনি।”
