রাজা ও বোলারদের নৈপুণ্যে বিশ্বকাপে ফেরা রাঙাল জিম্বাবুয়ে
আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবুয়ে।
দুই দলই উইকেট হারাল ইনিংসের দ্বিতীয় বলে, পাওয়ার প্লের মধ্যে টপ অর্ডারের সবাইকে। তবে মাঝে সিকান্দার রাজার মতো আয়ারল্যান্ডের কেউ দলকে উদ্ধার করতে পারলেন না। রাজার বিধ্বংসী ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরার উপলক্ষ রাঙাল জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়া আসরে সোমবার হোবার্টে ‘বি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের জয় ৩১ রানে।
প্রায় একার লড়াইয়ে জিম্বাবুয়েকে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭৪ রানের পুঁজি এনে দেন রাজা। পাঁচ নম্বরে নেমে ৪৮ বলে তিনি খেলেন ৮২ রানের বিস্ফোরক ইনিংস।
৫টি করে চার-ছক্কায় গড়া তার ইনিংসটি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ। পেছনে পড়ে যায় ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রেন্ডন টেইলরের ম্যাচ জয়ী অপরাজিত ৬০ রানের ইনিংস।
জবাবে শুরু থেকে ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ১৪৩ রান করতে পারে আয়ারল্যান্ড।
জিম্বাবুয়ের তিন পেসার ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টেন্ডাই চাটারা মিলে ভাগ করে নেন ৭ উইকেট।
রাজা অবদান রাখেন বল হাতেও। ৩ ওভারে ২২ রান দিয়ে নেন একটি উইকেট। ম্যাচের সেরা তিনি ছাড়া আর কে!
অথচ ম্যাচের শুরুটা জিম্বাবুয়ের জন্য ছিল খুব বাজে। বেলেরিভ ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে রেজিস চাকাভাকে হারায় তারা।
টিকতে পারেননি ওয়েসলি মাধেভেরে ও অধিনায়ক ক্রেইগ আরভিনও। ষষ্ঠ ওভারে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে তখন চাপে তারা।
এরপরই ত্রাতা হয়ে আসেন রাজা। শুরুতে শন উইলিয়ামসের সঙ্গে ২৭ বলে ৪২ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তিনি। একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি উইলিয়ামস। সিমি সিংকে ছক্কায় ওড়ানোর পর ক্যাচ তুলে নেন পরের বলে।
রাজা এগিয়ে যান আগ্রাসী ব্যাটিংয়ে। মার্ক অ্যাডায়ারকে ছক্কায় উড়িয়ে ফিফটি পূর্ণ করেন তিনি স্রেফ ২৬ বলে। সবশেষ ৯ ইনিংসে এটি তার পঞ্চম ফিফটি।
পঞ্চম উইকেটে মিল্টন শুম্বার সঙ্গে রাজার জুটিতে ৫৮ রান আসে ৩৫ বলে। শুম্বা ১৪ বলে করেন ১৬।
শেষের দাবি মেটাতে পারেননি রায়ান বার্ল। তবে লুক জঙ্গুয়ে খেলেন ১০ বলে অপরাজিত ২০ রানের ক্যামিও ইনিংস। রাজা বোল্ড হন ইনিংসের শেষ বলে।
রাজার পর দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান মাধেভেরের।
রান তাড়ায় ৪ ওভারের মধ্যে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়ে আয়ারল্যান্ড।
বাঁহাতি পেসার এনগারাভা নিজের প্রথম দুই ওভারে বোল্ড করে দেন পল স্টার্লিং ও লর্কান টাকারকে। চতুর্থ ওভারে আক্রমণে এসে জোড়া শিকার ধরেন মুজারাবানি। তার বলে হ্যারি টেক্টরের মতো একইভাবে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
এরপর ৪২ রানের একটা জুটি গড়েন ক্যাম্পার ও জর্জ ডকরেল। ২৪ রান করা ডকরেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাজা। সর্বোচ্চ ২৭ রান করা ক্যাম্পারকে বোল্ড করে দেন উইলিয়ামস।
ষোড়শ ওভারে ১১১ রানেই ৯ উইকেট হারায় আইরিশরা। শেষ ব্যাটসম্যান লিটলকে সঙ্গে নিয়ে দলকে অল আউট হওয়া থেকে বাঁচান ম্যাককার্থি। ১৬ বলে তিনি করেন অপরাজিত ২২ রান।
৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফলতম বোলার মুজারাবানি। এনগারাভা ও চাটারা দুজনই সমান ২২ রান দিয়ে নেন ২টি করে উইকেট।
ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। একই দিন জিম্বাবুয়ের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ম্যাচে যারা হেরেছে স্কটল্যান্ডের কাছে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৭৪/৭ (চাকাভা ০, আরভিন ২২, উইলিয়ামস ১২, রাজা ৮২, শুম্বা ১৬, বার্ল ১, জঙ্গুয়ে ২০*; লিটল ৪-০-২৪-৩, অ্যাডায়ার ৪-০-৩৯-২, ম্যাককার্থি ৪-০-২৪-০, ক্যাম্পার ৩-০-২৯-০, সিমি ৩-০-৩১-২, ডেলানি ২-০-২১-০)
স্কটল্যান্ড: ২০ ওভারে ১৪৩/৯ (স্টার্লিং ০, বালবার্নি ৩, টাকার ১১, টেক্টর ১, ক্যাম্পার ২৭, ডকরেল ২৪, ডেলানি ২৪, অ্যাডায়ার ০, সিমি ০, ম্যাককার্থি ২২*, লিটল ৭*; এনগারাভা ৪-০-২২-২, চাটারা ৪-০-২২-২, মুজারাবানি ৪-০-২৩-৩, জঙ্গুয়ে ২-০-২৪-০, উইলিয়ামস ৩-০-২০-১, রাজা ৩-০-২২-১)
ফল: জিম্বাবুয়ে ৩১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সিকান্দার রাজা
