দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ ম্যাচে তাকিয়ে শাদাব
কঠিন হলেও এখনও সেমি-ফাইনালের আশা বেঁচে আছে বাংলাদেশ ও পাকিস্তানের।
চির প্রতিদ্বন্দ্বী ভারতের পর জিম্বাবুয়ের কাছেও হার। বিশ্বকাপের শুরুতেই কোণঠাসা হয়ে পড়া পাকিস্তান পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছে দারুণ দুটি জয়। এবার বাংলাদেশকে হারিয়ে শেষটা ভালো করার প্রত্যয় দলের সহ-অধিনায়ক শাদাব খানের কণ্ঠে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়েছে পাকিস্তান। তাতে নতুন করে জেগেছে তাদের সেমি-ফাইনালের আশা।
প্রথম দুই ম্যাচ হারের পর অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল তাদের শেষ চারে খেলার সম্ভাবনা। তবে পরের দুই জয়ে এবং অন্য সব ম্যাচের ফলের হিসেবে এখনও বেঁচে আছে দলটির গাণিতিক সম্ভাবনা।
পাকিস্তানের মতো একই অবস্থা বাংলাদেশ দলের। তারাও চার ম্যাচে জয়-পরাজয় পেয়েছে দুটি করে। অনেক সমীকরণের হিসেব মিলিয়ে বাংলাদেশও খেলতে পারে সেমি-ফাইনালে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট হাতে ২২ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন শাদাব। পরে বল হাতে তিনি গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে জোড়া উইকেট নিলে পাকিস্তানের দিকে ম্যাচের পাল্লা ঝুঁকে পড়ে। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শাদাবের কাছে প্রশ্ন রাখা হয়, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাদের পরিকল্পনা কী হবে? বিশেষ করে এখনও যেহেতু অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করে সেমি-ফাইনালে খেলার আশা টিকে রয়েছে। শাদাব বললেন, ম্যাচের ভেন্যুতে পৌঁছে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
“অন্য দলগুলোর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। আমাদের হাতে যা আছে, সেগুলো নিয়েই ভাবা উচিত। কন্ডিশন দেখে পরিকল্পনা সাজানো হবে। সেটি (অ্যাডিলেইড) ভিন্ন মাঠ, মাঠের আকৃতি ভিন্ন... তো সেখানে গিয়ে দেখব পিচ কেমন আচরণ করছে।”
“কালকেও (বুধবার) আমরা ম্যাচ দেখেছি, সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তবে মাঠে গিয়ে নেটে অনুশীলন করলে আরও ভালো ধারণা হবে। তো সেখানে গিয়েই পরিকল্পনা হবে। চেষ্টা করব আমাদের নিয়ন্ত্রণে যা আছে, সেই অনুয়ায়ী জয়ে শেষ করার।”
অ্যাডিলেইডে আগামী রোববার সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
