২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেমন কোনো চাপ অনুভব করেননি শান্ত

বড় ইনিংস না পেলেও দলের সবার সমর্থন ছিল শান্তর ওপর।

তেমন কোনো চাপ অনুভব করেননি শান্ত

ছবি : আইসিসি 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 05:11 PM

Updated : 30 Oct 2022, 05:17 PM

টানা সুযোগ পেয়েও নাজমুল হোসেন শান্ত পারছিলেন না প্রতিদান দিতে। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও সাজঘরে ফিরছিলেন অল্প রানে। অবশেষে বড় ইনিংস খেলেছেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে এবার খেললেন ক্যারিয়ার সেরা ৭১ রানের ইনিংস। ম্যাচের পর জানালেন, রান না পেলেও খুব একটা চাপে ছিলেন না তিনি। 

অনেকটা চমক হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পান শান্ত। টানা ব্যর্থতার কারণে বাদ পড়ার পর আবার কিছু না করেই ঢুকে যান দলে। তাকে নেওয়ার ব্যাখ্যায় বিপিএলের পারফরম্যান্সের কথা বলেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বকাপ দল ঘোষণার আগপর্যন্ত ৯ ম্যাচে স্রেফ ১৪৮ রান করতে পেরেছিলেন শান্ত, স্ট্রাইক রেট ছিল মোটে ১০৪.২২। ছিল না কোনো ফিফটি, নয় ইনিংসে ছক্কা মেরেছিলেন মোটে একটি। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পরও যে ঘুরে দাঁড়িয়েছিলেন তা নয়। 

ব্রিজবেনে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে খেলা পাঁচ টি-টোয়েন্টিতে শান্তর সংগ্রহ ছিল সাকুল্যে ৯০ রান। যা করেছেন স্রেফ ১০৫.৮৮ স্ট্রাইক রেটে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে দলে শান্তর জায়গা নিয়ে। 

টানা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে জিম্বাবুয়ে ম্যাচে শান্ত খেলেছেন ৭ চার ও ১ ছক্কায় ৫৫ বলে ৭১ রানের ইনিংস। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, রান না পেলেও দলের সবাই তার ওপর বিশ্বাস রেখেছিল। তাই তেমন চাপ অনুভব করেননি তিনি। 

“আমি অনেক চাপে ছিলাম বললে ভুল হবে। অনেক চাপে ছিলাম না। টিম ম্যানেজম্যান্ট থেকে ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়াররা সবাই পাশে ছিলেন। সবার সমর্থন ছিল। আমার ইনিংসটায় নতুন কিছু করতে চাইনি। আমার ভালো শুরু হচ্ছিল কিন্তু ইনিংস লম্বা হচ্ছিল না। তো ওটাই চিন্তা ছিল যে, যদি শুরুটা পাই ওটা যেন লম্বা করতে পারি।” 

শান্তর ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ১৫০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। তবে একপর্যায়ে স্ট্রাইক রেট নিয়ে বেশ ধুঁকছিলেন তিনি। প্রথম ৩০ রান করতে খেলেন ৩০ বল। ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন ৪৫ বলে। পরের ১০ বলে ২১ রান তুলে স্ট্রাইক রেট কিছুটা বাড়ান শান্ত। 

তিনি বললেন, স্ট্রাইক রেট নিয়ে কোনো চিন্তাই তার ছিল না। দলের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করছিলেন তিনি। তবে সেই পরিকল্পনা কী? তা জানতে চাইলে মুখ খোলেননি শান্ত। 

“বল দেখেছি, ওই অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছি। আমাদের দলের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছি। স্ট্রাইক রেট নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। আমার কাছে মনে হয়, দলের চাওয়া ও পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছি।" 

"আসলে এটা তো দলের পরিকল্পনা, সেটা এখানে বলতে চাই না। দলের একটা পরিকল্পনা সব সময়ই থাকে। ওই অনুযায়ী চেষ্টা করেছি। পরের ম্যাচে যদি দলের শুরুর দিকে অনেক রান করা লাগে, একেকদিন একেক রকম হতে পারে। দলের যে পরিকল্পনা ওই অনুযায়ীই খেলার চেষ্টা করি।”