খুনে ইনিংসে জিম্বাবুয়ের জয়ের কারিগর রাজা
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচ খেলা রাজার এটি প্রথম ম্যাচ সেরার পুরস্কার।
স্বপ্নের মতো এক বছর কাটছে সিকান্দার রাজার। ব্যাটে হাতে উপহার দিচ্ছেন দারুণ সব ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের ফেরার ম্যাচেও হাসল তার ব্যাট। বিস্ফোরক এক ইনিংসে আয়ারল্যান্ডকে হারানোর পথে সবচেয়ে বড় অবদান রাখলেন তিনি।
হোবার্টে সোমবার প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে ৩১ রানে জেতে জিম্বাবুয়ে। এই জয়ের মূল কারিগর রাজা। পাঁচটি করে ছক্কা-চারে ৪৮ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। পরে ৩ ওভার হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে নেন এক উইকেট।
ব্যাটে-বলে নিজেকে মেলে ধরা এই অলরাউন্ডারের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে প্রথমবার পেলেন তিনি এই স্বীকৃতি।
টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে আগের ৬ ম্যাচে অবশ্য তেমন কিছু করতেও পারেননি রাজা। রান করেন ৫৯, যেখানে সর্বোচ্চ ছিল ১৫। উইকেট নেন মাত্র তিনটি।
টি-টোয়েন্টিতে সবশেষ ৯ টি-টোয়েন্টি ইনিংসে এটি রাজার পঞ্চম ফিফটি। এর মধ্যে চারটিতেই হলেন তিনি ম্যান অব দা ম্যাচ। সব মিলিয়ে এনিয়ে পাঁচবার টি-টোয়েন্টিতে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন রাজা, সবগুলোই চলতি বছর।
রাজার ওই ইনিংসের সুবাদেই মূলত জয়ের ভিত পায় জিম্বাবুয়ে। আগে ব্যাটিং করে তোলে এবারের আসরে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ ১৭৪ রান।
ষষ্ঠ ওভারে যখন ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে দল, তখন উইকেটে গিয়ে দলকে উদ্ধার করেন তিনি। প্রতিপক্ষের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি ফিফটি স্পর্শ করেন রাজা ২৬ বলে।
মার্ক অ্যাডায়ারের করা ইনিংসের শেষ বলে যখন বোল্ড হয়ে বিদায় নিলেন রাজা, নামের পাশে জ্বলজ্বল করছে ৮২ রান।
এই ইনিংসের পথে দারুণ এক কীর্তিও ধরা দেয় রাজার হাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এখন তার। ২০০৭ সালে প্রথম আসরে কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে রান তাড়ায় ব্রেন্ডন টেইলরের অপরাজিত ৬০ ছিল আগের সেরা।
রান তাড়ায় শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া আয়ারল্যান্ডকে পথে ফেরানোর চেষ্টা করছিলেন কার্টিস ক্যাম্পার ও জর্জ ডকরেল। পঞ্চম উইকেটে এই দুইজনের ৩৩ বল স্থায়ী ৪২ রানের ইনিংস ভাঙেন রাজা। তার অফ স্পিনে বোল্ড হন ৩ চারে ২৪ রান করা ডকরেল।
ম্যাচের শেষ দিকে মাঠে ছিলেন না রাজা। ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। পরে অবশ্য দলের সঙ্গে যোগ দেন জয়োল্লাসে।
