জীবন পেয়ে ফিলিপসের দুর্দান্ত সেঞ্চুরি
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।
সুযোগ পেলে কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই যেন দেখালেন গ্লেন ফিলিপস। দুইবার জীবন পেয়ে ঝড় বইয়ে দিলেন তিনি শ্রীলঙ্কার বোলারদের ওপর। দুর্দান্ত ব্যাটিংয়ে উপহার দিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি। তার চমৎকার ইনিংসেই লড়াই করার মতো পুঁজি পেল নিউ জিল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের ম্যাচে শনিবার ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া নিউ জিল্যান্ডকে একাই টানেন ফিলিপস। চারে নেমে খেলেন ১০৪ রানের বিস্ফোরক ইনিংস। ৬৪ বলে হাঁকান ৪ ছক্কা ও ১০ চার।
ফিলিপসের সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করে নিউ জিল্যান্ড। দলটির হয়ে ৩০ রানও করতে পারেননি আর কেউ। পরের সর্বোচ্চ ২২ রান দলে ফেরা ড্যারিল মিচেলের।
নিউ জিল্যান্ডের ইনিংসে ৬২.২৭৫ শতাংশ রানই এসেছে ফিলিপসের ব্যাট থেকে। টি-টোয়েন্টিতে ‘কমপ্লিট’ কোনো ইনিংসে কিউইদের হয়ে তৃতীয় সর্বোচ্চ যা।
কিন্তু এই ফিলিপসকেই সপ্তম ওভারে ১২ রানে ফেরাতে পারত শ্রীলঙ্কা। ভানিন্দু হাসারাঙ্গার বলে লং-সহজ ক্যাচ ছাড়েন পাথুম নিসানকা। পঞ্চাশের আগে আরেকবার বেঁচে যান ফিলিপস। ৪৫ রানে তার কঠিন ক্যাচ মুঠোয় জমাতে পারেননি অধিনায়ক দাসুন শানাকা।
তিন দিনের মধ্যে দুটি সেঞ্চুরি দেখল চলতি টি-টোয়েন্টির বৈশ্বিক আসর। গত বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ১০৯ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। সেটিই এবারের প্রথম সেঞ্চুরি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন ফিলিপস। আগের সেঞ্চুরিটি ছিল ব্রেন্ডন ম্যাককালামের। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ১২৩ রান করেছিলেন বিধ্বংসী এই ব্যাটসম্যান।
৭ রানে যখন ২ উইকেট নেই নিউ জিল্যান্ডের তখন উইকেটে যান ফিলিপস। মুখোমুখি চতুর্থ বলে চার মেরে রানের খাতা খোলেন ডানহাতি এই ব্যাটসম্যান। পরে কেন উইলিয়ামসনকে হারিয়ে আরও বিপদে পড়ে যায় কিউইরা।
খাদের কিনার থেকে দলকে টেনে তোলেন ফিলিপস। দুই দফায় জীবন পাওয়ার পর ফিফটি স্পর্শ করেন ৩৯ বলে। এরপর দ্রুত রান বাড়াতে থাকেন তিনি। পরের পঞ্চাশ রান তুলতে তার লাগে মাত্র ২২ বল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে পা রাখেন ফিলিপস ৬১ বলে। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৮ রান করেছিলেন তিনি।
শেষ ওভারে ফিলিপসকে থামান লাহিরু কুমারা। লং-অফে ধরা পড়েন শানাকার হাতে।
পরে ট্রেন্ট বোল্টের ক্যারিয়ার সেরা বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১০২ রানে গুটিয়ে দিয়ে ৬৫ রানের বড় জয় তুলে নেয় নিউ জিল্যান্ড। ১৩ রানে ৪ উইকেট নেন কিউই পেসার।
ব্যাট হাতে দলকে জয়ের ভিত গড়ে দেওয়ায় ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফিলিপসই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনিয়ে অষ্টমবার এই স্বীকৃতি পেলেন তিনি। এই সংস্করণে নিউ জিল্যান্ডের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ১০বার ম্যান অব দা ম্যাচ হয়েছেন মার্টিন গাপটিল।
