১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রমিজের জায়গায় পিসিবির নতুন চেয়ারম্যান নাজাম

পিসিবির নতুন পরিচালনা পর্ষদে আছেন হারুন রশিদ, শাহিদ আফ্রিদি, শাফকাত রানাদের মতো সাবেক ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 08:37 PM

Updated : 22 Dec 2022, 08:36 PM

পাকিস্তানে সরকার পরিবর্তনের পর দেশটির ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদেও বদল আসবে, এটা অনুমতিই ছিল। একটু ‘দেরি’ হলেও শেষ পর্যন্ত সেটাই হলো। পিসিবির প্রধানের পদ হারালেন রমিজ রাজা। নতুন চেয়ারম্যান হলেন নাজাম শেঠি।

তাকে প্রধান করে বুধবার ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির অনুমোদন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পদাধিকার বলে তিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষক। তার হস্তক্ষেপের পরদিন দায়িত্ব বুঝে নিলেন নাজাম।

পিসিবির নতুন পরিচালনা পর্ষদে আছেন হারুন রশিদ, শাহিদ আফ্রিদি, শাফকাত রানাদের মতো সাবেক ক্রিকেটাররা। রাখা হয়েছে পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মিরকেও।

এই কমিটি আগামী ১২০ দিনের মধ্যে পিসিবির গঠনতন্ত্র পরিবর্তন করবেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৯ সালের নতুন গঠনতন্ত্র বিলুপ্ত করে ২০১৪ সালের গঠনতন্ত্রে ফিরে যেতে পারেন তারা।

২০১৩ থেকে ২০১৮ সালের অগাস্ট পর্যন্ত পিসিবির প্রধান ছিলেন নাজাম। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান দায়িত্ব নিলে পদত্যাগ করেন তিনি। গত এপ্রিলে দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান প্রধানমন্ত্রিত্ব হারান। এতে পুরনো দায়িত্বে আবারও ফিরলেন নাজাম।

বিশ্বকাপজয়ী দলের সতীর্থ রমিজকে গত বছরের সেপ্টেম্বরে পিসিবির প্রধান করে আনেন ইমরানই। প্রধানমন্ত্রী হিসেবে তার অধ্যায়ের সমাপ্তির পর এবার শেষ হলো রমিজেরও পিসিবি প্রধান হিসেবে পথচলা।

দায়িত্বে বেশ সফলই ছিলেন রমিজ। তার সময়ে হওয়া দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটিতে সেমি-ফাইনাল ও অন্যটিতে ফাইনাল খেলে পাকিস্তান। এশিয়া কাপেও ফাইনাল খেলে দলটি। নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জেতেন বাবর আজমরা। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে পাকিস্তানে আনেন রমিজ।