২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ উইকেট হারিয়ে ‘হার্ট বিট ১৮০-র ওপরে ছিল’ রংপুরের ক্রিকেটারদের

ছোট লক্ষ্যে স্রেফ ৩৯ রানে ৬ উইকেট হারানোর পর রংপুর রাইডার্সের ড্রেসিং রুমের অবস্থা জানালেন হাসান মাহমুদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 08:23 PM

Updated : 23 Jan 2024, 11:23 PM

পাওয়ার প্লেতে ড্রেসিং রুমের আশ্রয়ে ফিরে যান তিন ব্যাটসম্যান। সপ্তম ওভারে একই পথ ধরেন আরও তিন জন। ছোট লক্ষ্য তাড়ায় তখন ধুঁকছে রংপুর রাইডার্স। তাদের ড্রেসিং রুমের অবস্থাও তখন নাজেহাল। 

শেষ পর্যন্ত অবশ্য সেই ড্রেসিং রুমে স্বস্তির সুবাতাস বইয়ে দিয়েছেন বাবর আজম ও আজমাতউল্লাহ ওমারজাই। দুজনের অসাধারণ জুটিতে রংপুরকে জয় এনে দেন তাদের দুই বিদেশি ক্রিকেটার। 

স্রেফ ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন চাপেই পড়ে গিয়েছিল দলটি। সপ্তম উইকেটে বাবর ও ওমারজাই ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন। ৪৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন বাবর, ৩৫ বলে ৪৭ রানে ওমারজাই। 

ছোট লক্ষ্যে তাদের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। তৃতীয় ওভারে ফেরেন রনি তালুকদার। পরের দুই ওভারে আউট হন ব্র্যান্ডন কিং ও সোহান। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানো দলের বিপদ বেড়ে দ্বিগুণ হয় সপ্তম ওভারে। 

দুশান হেমান্থার এক ওভারে ড্রেসিং রুমে ফেরেন শামীম হোসেন, মোহাম্মদ নাবি ও শেখ মেহেদি হাসান।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরের ড্রেসিং রুমের তখনকার অবস্থার কথা জানান দলের পেসার হাসান মাহমুদ। 

“তখন তো বলতে গেলে হার্ট বিট ১৮০-র উপরে ছিল সবার। আসলে এটা ক্রিকেটে যে কোনো সময়ই হয়ে থাকে। এক ওভারে দুই-তিনটা উইকেট পড়তেই পারে, স্বাভাবিক। তবে ঐ চাপটা নিয়ে দুজন ব্যাটসম্যান এগিয়ে নিয়েছে, এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক।”

আগের রাতে বাংলাদেশে এসে পর দিনই দায়িত্বশীল ইনিংস খেলে আরও একবার নিজের সামর্থ্যের ছাপ রাখেন বাবর। চাপের মধ্যে নিজের ব্যাটিং সামর্থ্য মেলে ধরেন ওমারজাইও। 

হাসান বললেন, নিজের স্বাভাবিক খেলাটা খেলেই লক্ষ্যে পৌঁছেছেন বাবর। 

“আমি বলব, সে (বাবর) তার নিজের মতোই খেলেছে। নিজের মানসিকতা দেখানো, ম্যাচের পরিস্থিতি বুঝে ও নিজের যথাযথ দায়িত্বটাই পালন করেছে আজকে। একপাশ থেকে উইকেট পড়ছিল, আরেক পাশে ও নিজের সেরাটা দিচ্ছিল। নিয়মিত সিঙ্গেল নিচ্ছিল, বাজে বলে মারছিল। মানে সব মিলিয়ে ও খেলাটা গুছিয়ে নিয়েছিল।”