২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শীর্ষ ক্যাটাগরিতে একমাত্র তাসকিন, চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ

আন্তর্জাতিক ক্রিকেটে গতির পসরা মেলে ধরে প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিলেন নাহিদ রানা।

শীর্ষ ক্যাটাগরিতে একমাত্র তাসকিন, চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ (বাঁয়ে) ও তাসকিন। ছবি: মাহমুদউল্লাহ ও তাসকিনের ফেইসবুক পাতা

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 08:05 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

লম্বা সময় ধরে পেস বিভাগের নেতৃত্ব দেওয়ার পুরস্কার পেলেন তাসকিন আহমেদ। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শীর্ষ ক্যাটাগরিতে জায়গা পেলেন অভিজ্ঞ পেসার। আর নিজ থেকেই কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ।

আন্তর্জাতিক ক্রিকেটে গতির পসরা মেলে ধরে প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন নাহিদ রানা। সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি।

গত কয়েক বছরে ক্রিকেটারদের সঙ্গে সংস্করণভেদে আলাদা চুক্তি করে আসছিল বিসিবি। এবার সেখান থেকে সরে এসে ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’- মোট পাঁচ ক্যাটাগরিতে রাখা হয়েছে ২২ ক্রিকেটারকে। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ জন।

গত বছর তিন সংস্করণের চুক্তিতে ছিলেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। গত সেপ্টেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে থাকা সাকিবকে এবার বাদ দেওয়া হয়েছে চুক্তি থেকে।

গত বছরের চুক্তি থেকে আরও বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও নাঈম হাসান। শুধু টেস্টের চুক্তিতে ছিলেন জাকির, জয় ও নাঈম। টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন সোহান। 

এবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। 

নাহিদ ছাড়াও প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন জাকের আলি, রিশাদ হোসেন ও তানজিদ হাসান। এই তিন জনকেই রাখা হয়েছে 'সি' ক্যাটাগরিতে। নাহিদের জায়গা হয়েছে 'বি'তে।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা তাসকিন প্রতি মাসে পাবেন ১০ লাখ টাকা পারিশ্রমিক। এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে ৮ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৬ লাখ, 'সি' ক্যাটাগরিতে ৪ লাখ ও 'ডি' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ২ লাখ টাকা করে।

এবার দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের 'এ' ক্যাটাগরিতে আছেন শান্ত, মিরাজ ও লিটন। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া শরিফুলের জায়গা হয়েছে 'সি' ক্যাটাগরিতে।

চলতি মাসের শুরুতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। তাই প্রাথমিকভাবে তাকে 'বি' ক্যাটাগরিতে রাখা হলেও, মার্চ মাস থেকে 'সি' ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে গণ্য হবেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান।

মাহমুদউল্লাহকে 'বি' ক্যাটাগরিতে রেখে তালিকা চূড়ান্ত করেছিল বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ। তবে ফেব্রুয়ারির পর থেকে নিজেকে চুক্তিতে না রাখার অনুরোধ করেছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার। তাই মার্চ থেকে আর বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার নন তিনি।

এছাড়া গত বছর টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করা শামীম হোসেনের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি।

২০২৫ সালের বিসিবি কেন্দ্রীয় চুক্তি

‘এ প্লাস’: তাসকিন আহমেদ

‘এ’: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (মার্চ থেকে বি ক্যাটাগরি)

‘বি’: মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (ফেব্রুয়ারি পর্যন্ত), মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা

‘সি’: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান

‘ডি’: নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ