২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দলে এবার আরেক পুরান

৩০ বছর বয়সে স্বীকৃতি টি-টোয়েন্টিতে অভিষেকে এবারের সিপিএলে চমক দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা করে নিলেন আগ্রাসী এই ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজ দলে এবার আরেক পুরান

এবারের সিপিএলের চমক কামিল পুরান। ছবি: সেন্ট লুসিয়া কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 10:24 AM

Updated : 20 Sep 2026, 10:43 AM

এক পুরান তো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে আক্ষেপের নাম হয়েই আছে। বিশ্বজুড়ে এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে দাপটে খেলে বেড়াচ্ছেন নিকোলান পুরান, তবে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন স্রেফ ২৯ বছর বয়সেই। এবার ক্যারিবিয়ান ক্রিকেটে আবির্ভাব আরেক পুরানের। এবারের সিপিএলে চমক দেখিয়ে ভারত সফরের ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে জায়গা করে নিলেন কামিল পুরান।

মজার ব্যাপার হলো, দুই পুরানের বয়স কাছাকাছিই। ৩০ বছর বয়সী নিকোলাস পুরান আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ১৫ মাস আগে। অথচ কামিল পুরান আন্তর্জাতিক ক্রিকেটের সীমানায় পা রাখতে চলেছেন ৩০ পেরিয়ে।

আগ্রাসী এই ব্যাটসম্যান একটু দেরিতেই প্রস্ফুটিত হয়েছেন। ২০২৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক তার প্রায় ২৭ বছর বয়সে। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক আরও দেড় বছর পর। কোনো সংস্করণেই খুব সুবিধে করতে পারেননি। ৮টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেই থমকে ছিল ক্যারিয়ার। তখনও পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে পা পড়েনি তার।

এবারের সিপিএল দিয়েই তার টি-টোয়েন্টি অভিষেক। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩০ বলে ৫৪, চতুর্থ ম্যাচে ৪৯ বলে ম্যাচ জেতানো অপরাজিত ৮১। সব মিলিয়ে এই আসরে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ৮ ইনিংসে ২৭৩ রান করেন ৩৯ গড় ও ১৫৯.৬৪ স্ট্রাইক রেটে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণার বিবৃতিতে বলা হয়েছে, “২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উদীয়মান প্রতিভা চিহ্নিত ও বিকাশের সুচিন্তিত উদ্যোগের প্রতিফলন হিসেবেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

এবারের সিপিএলে দুটি সেঞ্চুরি করে টি-টোয়েন্টি দলে ফিরেছেন আরেক আগ্রাসী ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। ভারত সফরে ওয়ানডে সিরিজও খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। পুরান ও হেটমায়ার, দুজনই আছেন শুধু টি-টোয়েন্টিতে।

ওয়েস্ট ইন্ডিজের সবশেষ দুটি ওয়ানডেতে গত জুলাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন হেটমায়ার। সবশেষ ম্যাচটিতে অপরাজিত ৬৮ রানের ম্যাচ জেতানো ইনিংসও খেলেন। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ওয়ানডে ক্রিকেটে ‘প্রতিজ্ঞবদ্ধ’ আছেন হেটমায়ার, কিন্তু সিপিএলের পর তাকে ‘চনমনে হয়ে ওঠার জন্য সময়’ দেওয়া হয়েছে, এ কারণে ওয়ানডেতে রাখা হয়নি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি, কোনো সংস্করণেই নেই জেসন হোল্ডার। ২০২৩ সালের জুলাইয়ের পর ওয়ানডে আর খেলেননি এই অলরাউন্ডার। তবে দলের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। সিপিএলের পর ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠে ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। তিনটি টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান কোয়েন্টিন স্যামসন টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন আবার।

চোট থেকে সেরে ওঠার পথে থাকা টপ অর্ডার ব্যাটসম্যান আকিম ওগিস জায়গা পাননি দলে। দুই সংস্করণের দলেই আছেন জুয়েল অ্যান্ড্রু। ১৯ বছর বয়সী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ খেলেছেন এক বছর আগে।

দুই সংস্করণেই নেতৃত্ব দেবেন যথারীতি শেই হোপ।

সামনের পথচলায় তাকিয়ে এই সফরকে দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ ড্যারেন স্যামি।

“বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলা ওয়ানডে দল হিসেবে আমাদেরকে নিজেদের পারফরম্যান্সকে আরও উন্নত ও নিখুঁত করার একটি সুযোগ করে দেবে, যে দলটি এই পুরো সময়ে মানসম্মত পারফরম্যান্স দেখিয়েছে। পাশাপাশি এই সিরিজটি সেইসব ক্রিকেটারদের মূল্যায়ন করার একটি মূল্যবান মঞ্চও তৈরি করছে, যারা ২০২৭ বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন।”

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল ভারতের উদ্দেশে রওনা হবে সোমবার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী রোববার থিরুভানান্তাপুরামে।

এই সিরিজের প্রথম দুটি ওয়ানডের পরই শেষ হবে আগামী বছরের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চূড়ান্ত সময়। তবে ম্যাচ দুটির ফলাফল যা-ই হোক না কেন, ওয়েস্ট ইন্ডিজের সরাসরি জায়গা না পাওয়া নিশ্চিত হয়েই গেছে। বিশ্বকাপে জায়গা করে নিতে টানা দ্বিতীয়বার বাছাই খেলতে হবে তাদের।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দশে আছে ক্যারিবিয়ানরা। সামনের দুই ম্যাচে ভারতকে হারালেও তারা টপকাতে পারবে না ঠিক ওপরে থাকা বাংলাদেশকে। বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে ভারতের বিপক্ষে তাদের সিরিজটি না হওয়ায়।

ভারতে ওয়ানডে সিরিজ শেষে ক্যারিবিয়ানদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৫ অক্টোবর।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:

শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ভাইটেল লজ, গুডাকেশ মোটি, কিমো পল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড:

শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, রস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, আকিল হোসেন, শামার জোসেফ, গুডাকেশ মোটি, কিমো পল, কামিল পুরান, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, কোয়েন্টিন স্যামসন, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।