চারশ পেরিয়ে থামল ভারত, চারটি করে উইকেট তাইজুল-মিরাজের
অষ্টম জুটিকে বাংলাদেশকে হতাশ করে রান বাড়ান রবিচন্দ্রন অশ্বিন ও কুলদিপ যাদব।
সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেট ধরা দিল দিনের শুরুর দিকেই। কিন্তু এরপরই দীর্ঘ অপেক্ষা! রবিচন্দ্রন অশ্বিন তো ব্যাটিং ভালো করেনই, ব্যাটসম্যান হয়ে উঠলেন যেন কুলদিপ যাদবও। দুই স্পিনারের দারুণ জুটি ভারতকে এগিয়ে নিল চারশ ছাড়ানোর পথে।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনে ভারত প্রথম ইনিংসে অলআউট ৪০৪ রানে।
৮৬ রানে আউট হন শ্রেয়াস আইয়ার, অশ্বিনের ব্যাট থেকে আসে ৫৮ রান। কুলদিপের সঙ্গে তার জুটি ৯২ রানের, অষ্টম উইকেটে যা বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ।
বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন চারটি করে উইকেট।
৬ উইকেটে ২৭৮ রান নিয়ে শুরু করে ভারত। ৮২ রানে অপরাজিত শ্রেয়াস আইয়ারের চোখ তখন সেঞ্চুরিতে। গত কিছুদিনে শর্ট বলে বেশ ভোগান্তির শিকার হওয়ার ব্যাটসম্যানের জন্য এ দিন একই কৌশল বেছে নেয় বাংলাদেশ। তাকে একের পর এক শর্ট বল করতে থাকেন ইবাদত হোসেন চৌধুরি।
তাতে সুযাগও আসে। হুক করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি ফাইন লেগে। কিন্তু সামনে ঝাঁপিয়ে তা নিতে পারেননি লিটন দাস।
আগের দিন ৩০ ও ৬৭ রানে ক্যাচ দিয়ে বেঁচে যান শ্রেয়াস, ৭৭ রানে রক্ষা পান ইবাদতের বল স্টাম্পে লাগার পরও বেলস না পড়ায়। এবার ইবাদতের বলেই আবার জীবন পান ৮৫ রানে।
শেষ পর্যন্ত ইবাদতই তাকে পেতে দেননি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। একটু ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হন শ্রেয়াস। তার ঘটনাবহুল ইনিংস থামে ১৯২ বলে ৮৬ রান করে।
এরপর বাংলাদেশ ছিল দ্রুত লেজ মুড়িয়ে দেওয়ার আশায়। হয় উল্টো। কুলদিপ যাদব একদম বিশেষজ্ঞ ব্যাটসম্যানের মতোই খেলতে থাকেন। অশ্বিনও জমে যান। দুজনকে আলাদা করার মতো তেমন কোনো হুমকিও গড়ে তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ।
পাঁজরে অস্বস্তি নিয়ে ম্যাচ শুরু করা অধিনায়ক সাকিব আল হাসান এ দিন বোলিংয়েই আসেননি। শ্রেয়াসের উইকেটের পর বল হাতে আর দেখা যায়নি ইবাদতকেও।
কুলদিপ প্রথম রান করতে বল খেলেন ১৯টি। আস্তে আস্তে অশ্বিনের সঙ্গে তার জুটি বাড়াতে থাকে রান। প্রথম সেশনে আর উইকেটই পায়নি বাংলাদেশ।
দ্বিতীয় সেশনের শুরুর দিকেই তাইজুলকে দারুণ এক ছক্কা ফিফটির কাছে যান অশ্বিন। পরের বলে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন ত্রয়োদশ টেস্ট ফিফটি। এই সংস্করণে তার সেঞ্চুরিও আছে ৫টি।
এই সেশনে একটু দ্রুত রান তুলতে থাকেন দুজন। জুটি ভাঙে সেই চেষ্টায়ই। মিরাজকে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন অশ্বিন।
জুটি ভাঙার পর কুলদিপও বেশিক্ষণ টেকেননি। ক্যারিয়ার সেরা ৪০ রান করে এলবিডব্লিউ হন তিনি একটু নিচু হওয়া বলে।
এরপর উমেশ যাদবের দুই ছক্কায় ভারত ছাড়িয়ে যান চারশ। মোহাম্মদ সিরাজকে বিদায় করে ইনিংস শেষ করে মিরাজ।
১৯ রানের মধ্যে ভারত হারায় শেষ ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৭৮/৬) ১৩৩.৫ ওভারে ৪০৪ (শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, কুলদিপ ৪০, উমেশ ১৫*, সিরাজ ৪; ইবাদত ২১-২-৭০-১, খালেদ ২০-৩-৪৩-১, সাকিব ১২-৪-২৬-০, তাইজুল ৪৬-১০-১৩৩-৩, মিরাজ ৩১.৫-৬-১১২-৪, ইয়াসির ১-০-৭-০, শান্ত ২-০-৭-০)
