Published : 05 Sep 2026, 12:14 AM
প্রথম শ্রেণির ক্রিকেটে আট দিনের মধ্যে দুটি হ্যাটট্রিক করার পরপরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়ে গেলেন হেনরি ক্রকোম্ব। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে রাখা হয়েছে ২৪ বছর বয়সী এই পেসারকে।
সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করেন ক্রকোম্ব। গত ২৭ অগাস্ট তিনি সমারসেটের প্রথম ইনিংসের শেষ তিন বলে নেন তিন উইকেট। বৃহস্পতিবার এসেক্সের প্রথম ইনিংসেও আবার পান হ্যাটট্রিকের স্বাদ।
গত জুনে সাসেক্স সতীর্থ অলি রবিনসনের চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন ক্রকোম্ব। তবে খেলার সুযোগ পাননি। এখন প্রথমবার ওয়ানডে দলে ডাক পেলেন তিনি।
লাল বলের ক্রিকেটে ক্রকোম্বের পারফরম্যান্স যতটা উজ্জ্বল, সাদা বলের ক্রিকেটে ঠিক ততটা নয়। এখন পর্যন্ত ৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট ৪৯টি, ৩৫টি টি-টোয়েন্টিতে উইকেট ৩৪টি।
তবে ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ বলেছেন, গ্রীষ্ম জুড়েই এই ক্রিকেটারের ওপর নজর ছিল তাদের।
ঘরের মাঠে চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তিনটি টি-টোয়েন্টিও খেলবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি দলে নতুন মুখ অ্যানাইরিন ডোনাল্ড। দুই দশকে গ্ল্যামরগনের প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলার হাতছানি তার সামনে।
২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ৫০টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৩.২৫ গড়ে রান করেছেন এক হাজার ২৩। আর ১১১টি টি-টোয়েন্টিতে ২৩.৯৯ গড়ে তার রান দুই হাজার ৪২৩, স্ট্রাইক রেট ১৭০.৯৯। ফিফটি আছে ১৮টি।
ডান পায়ের ঊরুর চোটে টি-টোয়েন্টি দলে না থাকা ফিল সল্টের জায়গায় এসেছেন ডোনাল্ড। এই সপ্তাহের শুরুতে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় জ্যাকব বেথেল কোনো সিরিজেই খেলতে পারবেন না।
তিনটি টি-টোয়েন্টি হবে আগামী ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। আর তিনটি ওয়ানডে হবে ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জশ টাং।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রকোম্ব, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জশ টাং।