২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভারতের বিশ্বকাপ দলে পান্ত, দুবে, স্যামসন

মূল দলে জায়গা পাননি ওপেনার শুবমান গিল ও বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিং।

ভারতের বিশ্বকাপ দলে পান্ত, দুবে, স্যামসন
বাঁ থেকে রিশাভ পান্ত, শিভাম দুবে ও স্যাঞ্জু স্যামসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 08:04 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

চলমান আইপিএলে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দলে জায়গা করে নিয়েছেন শিভাম দুবে। ডাক পেয়েছেন স্যাঞ্জু স্যামসনও। ফিরেছেন আরেক কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্ত ও লেগ স্পিনার ইউজভেন্দ্রা চেহেল। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য রোহিত শার্মার নেতৃত্বে মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন তিনি। দলের সহ-অধিনায়ক এই পেস বোলিং অলরাউন্ডার। 

মূল দলে জায়গা পাননি ওপেনার শুবমান গিল ও বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিং। দুজনই আছেন রিজার্ভ হিসেবে। দলে নেই লোকেশ রাহুলও। 

২৬ বছর বয়সী রিঙ্কু গত অগাস্টে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক থেকে ১১ ইনিংসে ৩৫৬ রান করেছেন ৮৯ গড় ও ১৭৬.২৩ স্ট্রাইক রেটে। তবে চলতি আইপিএলে এখনও পর্যন্ত উজ্জ্বল নয় তার পারফরম্যান্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৯ ইনিংসে মাত্র ১২৩ রান করেছেন তিনি ১৫০ স্ট্রাইক রেটে। 

বিশ্বকাপে রিঙ্কুর জায়গাটাই নিয়েছেন মূলত দুবে। এবারের আইপিএলে এখন পর্যন্ত বল হাতে কিছু করে দেখানোর সুযোগ পাননি এই পেস বোলিং অলরাউন্ডার। তবে তার ব্যাট জ্বলে উঠছে প্রায় প্রতি ম্যাচেই। চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৭২.৪১ স্ট্রাইক রেটে ৩৫০ রান করেছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। 

গত এক বছরে জাতীয় দলেও সীমিত যে সুযোগ পেয়েছেন, সেটাও তিনি কাজে লাগিয়েছেন। ভারতের হয়ে এখন পর্যন্ত ২১ টি-টোয়েন্টির ১৪ ইনিংসে ২৭৬ রান করেছেন তিনি ৩৯.৪২ গড় ও ১৪৫.২৬ স্ট্রাইক রেটে।  

দলে ফেরা পান্ত ২০২২ সালের ডিসেম্বরে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে লম্বা সময় বাইরে থাকার পর আইপিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। দিল্লি ক্যাপিটালসের এই অধিনায়ক চলতি আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচে ২৫১ রান করেছেন ১৫৮.৫৭ স্ট্রাইক রেটে। কয়েক দিন আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪৩ বলে ৮ ছক্কা ও ৫ চারে অপরাজিত ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।  

রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যামসন এবার আইপিএলে ধারাবাহিকভাবে রান করে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে। আসরে ৯ ইনিংসে ৭৭ গড় ও ১৬১.০৮ স্ট্রাইক রেটে তার রান ৩৮৫। ফিফটি আছে ৪টি। 

ভারতের হয়ে ২০১৫ সালে তার টি-টোয়েন্টি অভিষেক হলেও এখন পর্যন্ত এই সংস্করণে ম্যাচ খেলতে পেরেছেন স্রেফ ২৫টি। যেখানে ১৮.৭০ গড় ও ১৩৩.০৯ স্ট্রাইক রেটে তার রান ৩৭৪।  

আইপিএলের ফর্ম দিয়ে জাতীয় দলে ফিরেছেন চেহেলও। ভারতের সবশেষ দুই টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তিনি। ব্যাটসম্যানদের আধিপত্যের এবারের আইপিএলে রাজস্থানের হয়ে এখন পর্যন্ত ৯ ইনিংসে ওভারপ্রতি ৯ করে রান দিয়ে তার শিকার ১৩ উইকেট। 

ভারতের হয়ে ৮০ টি-টোয়েন্টি ম্যাচে চেহেলের উইকেট ৯৬টি। জাতীয় দলের সবশেষ এই সংস্করণে খেলেছেন তিনি ২০২৩ সালের অগাস্টে।

চার জনের স্পিন আক্রমণে চেহেলের সঙ্গী রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল ও কুলদিপ ইয়াদাভ। দলে বিশেষজ্ঞ পেসার মাত্র তিন জন- জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদিপ সিং।

বিশ্বকাপে খেলার আশায় থাকলেও সুযোগ পাননি কিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। রোহিতের সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যাবে ইয়াশাসভি জয়ওয়ালকে। দলের বাকি ব্যাটসম্যানরা হলেন ভিরাট কোহলি ও সুরিয়াকুমার ইয়াদাভ। 

বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় ১ মে। তবে ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে কোনো কারণ দেখানো ছাড়াই।

২০ দলের বিশ্বকাপে আগামী ৫ জুন ‘এ’ গ্রুপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ২০০৭ আসরের চ্যাম্পিয়ন ভারত। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দল: রোহিত শার্মা (অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার ইয়াদাভ, রিশাভ পান্ত, সাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ, ইউজভেন্দ্রা চেহেল, আর্শদিপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ। 

রিজার্ভ: শুবমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আভেশ খান