বাজে ব্যাটিংকেই দুষছেন দুমিনি
বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার বিশ্লেষণ চলছে দক্ষিণ আফ্রিকা দলে। দলটির অভিজ্ঞ ও অন্যতম সেরা খেলোয়াড় জেপি দুমিনি ব্যাটিং ব্যর্থতাকেই কারণ হিসেবে দেখালেন।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দুমিনি এই হারের পেছনের কারণ খুঁজে বের করেন।
"এই ওয়ানডে সিরিজে আমাদের ব্যাটিং যথেষ্ট ভালো ছিল না।"
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের করা ১৬০ রান ২ উইকেট হারিয়ে টপকে যায় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ধসের কারণেই হেরে যায় সফরকারীরা। পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা। ৪৬ ওভারে অলআউট হওয়ার আগে ১৬২ রান করে দক্ষিণ আফ্রিকা। সহজ লক্ষ্যে ৩ উইকেট হারিয়েই পৌঁছে যায় বাংলাদেশ।
তৃতীয় ওয়ানডেতে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান। ২৬.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয় পায় স্বাগতিকরা।
পরপর দুই ম্যাচে এভাবে হেরে যাওয়ার কারণ হিসেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কথাও বলেন দুমিনি।
"এই কন্ডিশনে সাফল্যের জন্য ম্যাচ পরিকল্পনা সাজাতে আমাদের আরও কাজ করতে হবে। আমরা জুটি গড়তে পারিনি।"
