২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

না থেকেও ২ অধিনায়কের ভাবনায় ডি ভিলিয়ার্স

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দাবি, এবি ডি ভিলিয়ার্স না থাকায় বাংলাদেশের সুবিধার চেয়ে দক্ষিণ আফ্রিকার ভাবনাই বেশি। প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা আবার ডি ভিলিয়ার্সের না থাকাটাকে তরুণদের জন্য সুযোগ মনে করছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 06:00 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

পুরনো খবর:

তাহিরকে নিয়ে বাংলাদেশের ভাবনা
আগ্রাসী ক্রিকেট চাই মাশরাফির
উইকেট নিয়ে সংশয়ে মাশরাফি
জয়ে ফেরার আত্মবিশ্বাস অধিনায়কের
চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় নেই মাশরাফির
দ্বি-পাক্ষিক সিরিজে দ. আফ্রিকা ‘চ্যাম্পিয়ন’

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে যেন না থেকেও আছেন ডি ভিলিয়ার্স। ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম পেয়ে এই বিস্ফোরক ব্যাটসমান দেশে ফিরে গেছেন। কিন্তু এখানে প্রতিটি সংবাদ সম্মেলনেই বারবার আসছে তার প্রসঙ্গ। সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার দুই অধিনায়কের সংবাদ সম্মেলনেই যেমন বেশ কবার উঠলো ডি ভিলিয়ার্সের প্রসঙ্গ।

ডি ভিলিয়ার্সের না থাকাটা যে বাংলাদেশের বড় স্বস্তি, সেটা লুকাননি মাশরাফি।

“এবি এমন এক ব্যাটসম্যান, বিশ্ব ক্রিকেটে সব দলই যাকে সমীহ করে। প্রতিপক্ষ সব দলেরই ওকে নিয়ে পরিকল্পনা করতে হয় লম্বা সময় ধরে। এবি না খেললে তাই সব প্রতিপক্ষের জন্যই স্বস্তিদায়ক। আমাদের জন্য এটি বড় সুযোগ।”

বাংলাদেশ অধিনায়কের ধারণা, দক্ষিণ আফ্রিকাই বরং বেশি ভাবনায় থাকবে ডি ভিলিয়ার্স না থাকায়।

“দক্ষিণ আফ্রিকাও কিন্তু এবিকে অনেক মিস করবে। ওকে ছাড়া তাদেরও আলাদা করে পরিকল্পনা করতে হবে। আমি বরং এভাবে বলব, ওর মতো ক্রিকেটারকে যে দল পাচ্ছে না, ওরাই বেশি চিন্তায় থাকবে।”

দক্ষিণ আফ্রিকা যে ডি ভিলিয়ার্সের অভাব বোধ করবে, স্বীকার করতে কুণ্ঠা নেই ভারপ্রাপ্ত অধিনায়ক হাশিম আমলার।

“এবির মত একজনকে কোন দল না মিস করবে! অসাধারণ ফিল্ডার, বিশ্বের সেরা ব্যাটসম্যান। আমরা ওকে অবশ্যই মিস করব। তবে এর মধ্যেই ইতিবাচক হলো, এটা এখন অন্যদের জন্য সুযোগ। যে একাদশে আসবে, নিজেকে প্রমাণের সুযোগ পাবে সে।”

ডি ভিলিয়ার্স না থাকলেই যে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, এই ধারণায় বসে নেই বাংলাদেশও, জানালেন মাশরাফি।

“দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে আমাদের শুধু এবির না থাকা ভাবলে চলবে না। আরও অনেক বড় বড় তারকা আছে ওদের। আমলা, ডি ককরা অহরহই সেঞ্চুরি করে, বড় ইনিংস খেলে। সবাইকে নিয়ে ভাবতে হবে আমাদের।”