তাহিরকে নিয়ে বাংলাদেশের ভাবনা
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার স্পিনারদের বিপক্ষে ভালো করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়ানডেতে স্বাগতিকদের জন্য আরও বড় হুমকি হতে পারেন লেগ স্পিনার ইমরান তাহির। সাফল্য পেতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর বোলারের জন্য বিশেষ পরিকল্পনা করেছে স্বাগতিকরা।
টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন তাহির। দলের সেরা স্পিনারের অনুপস্থিতিতে ভালো করেন অতিথিদের অন্য স্পিনাররা। প্রথম ম্যাচে অফ স্পিনার জেপি দুমিনি ও বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো ব্যবধান গড়েন দুই দলের মধ্যে। পরের ম্যাচে লেগ স্পিনার এডি লি ও ফাঙ্গিসো স্বাগতিকদের জয়ের আশা শেষ করে দেন।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অতিথি স্পিনারদের এই দাপটের মধ্যে তাহিরকে নিয়ে আলাদা ভাবনা থাকার কথা জানান মাশরাফি।
“বড় দলের বিপক্ষে খেলতে গেলে বিশ্বমানের বোলার থাকবেই। আমাদের এগুলো সামলে খেলতে হবে। বড় খেলোয়াড়ের বিপক্ষে খেলছি, চাপের চেয়ে আমার মনে হয় রোমাঞ্চটাই বেশি থাকবে। সফলতা পেলে আরও বেশি ভালো লাগবে।”
শুক্রবার মিরপুরে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজে ডেল স্টেইনকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তার অনুপস্থিতিতে এই সিরিজে ৩৬ বছর বয়সী তাহির অতিথিদের সেরা অস্ত্র হতে পারেন বলে মনে করেন মাশরাফি।
“ইমরান তাহির এক/দেড় বছর ধরে বেশ ভালো বোলিং করছে। দক্ষিণ আফ্রিকা তাকে ‘উইকেট টেকিং’ বোলার হিসেবে ব্যবহার করছে। শেষ দুটি ম্যাচে স্পিনে ভুগেছি, তাই তাকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে। আশা করছি, পরিকল্পনামাফিক খেললে ব্যাটসম্যানরা ভালো করবে।”
