২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকেট নিয়ে সংশয়ে মাশরাফি

নিজ দেশের উইকেটই এখন ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের! ওয়ানডে সিরিজের উইকেট কেমন হওয়া উচিত - তা নিয়ে দলের সংশয়ের কথা জানালেন মাশরাফি বিন মুর্তজা। তবে অধিনায়কের যা ইঙ্গিত, তাতে মন্থর উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 04:25 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টেয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মন্থর, নিচু বাউন্সের টার্নিং উইকেটে খেলতে হিমশিম খেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। পরের ম্যাচের উইকেট একটু ভালো ছিল, কিন্তু তার পরও প্রোটিয়া স্পিনারদের জবাব জানা ছিল না বাংলাদেশের। ওয়ানডে সিরিজেও উইকেট স্পিনিং হলে নিজেদেরই বিপদ ডাকা হতে পারে। আবার উইকেট একটু গতিময় হলে প্রোটিয়া পেসারদের তোপে পড়ার শঙ্কা আছে।

সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সেই উভয় সঙ্কটের কথা জানালেন মাশরাফি।

“উইকেট নিয়ে আসলে খুব কনফিউজড আমরা। কনফিউজড বলতে বোঝাচ্ছি যে, গত বিশ্বকাপ থেকে পরের দুটি সিরিজ আমরা ‘ট্রু’ উইকেটে খেলেছি। আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলেছে, বোলাররাও ভালো বোলিং করেছে। এখন এই সিরিজে ‌‘ট্রু’ উইকেট দিলে ওদের পেস বোলিং সামলানোরও একটা ব্যাপার থাকে। সবকিছুই বিবেচনায় নিতে হবে।”

এই হিসাব-নিকাশ মিলিয়ে একটা সমাধানও বের করার ইঙ্গিত দিলেন মাশরাফি। উইকেট হতে পারে মন্থর, নিচু বাউন্সের।

“প্রতিপক্ষ যখন পেসের থেকে স্পিন খেলায় একটু দুর্বল থাকে, সেই সুবিধা নিতে চাইবেই সবাই। আমাদের যদিও অনেক টার্ন করানোর মতো স্পিনার নেই; ওদের স্পিনারদের সামলানোও ভাবতে হবে। তবে ওদের স্পিনারদের চেয়ে বড় স্পিনার আমরা সামলেছি। তো বৃহৎ স্বার্থের খাতিরে একটু ছাড় দিতে হবে।”