২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্রাসী ক্রিকেট চাই মাশরাফির

বিশ্বকাপ থেকে যে ধরনের ক্রিকেট খেলে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছে বাংলাদেশ, সে রূপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখা যায়নি স্বাগতিকদের। তবে ওয়ানডে সিরিজে দলকে আবার সেই আগ্রাসী চেহারায় দেখতে চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 05:16 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হারের চেয়েও দৃষ্টিকটু ছিল ক্রিকেটারদের শরীরী ভাষা। লড়াই করার মানসিকতাই দেখা যায়নি মাঠে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে ফিরে আসার প্রত্যয়ের কথা জানান অধিনায়ক।

“হারজিত পরের কথা, যেভাবে ইতিবাচক, আগ্রাসী ক্রিকেট খেলছিলাম, সেটায় ফেরা খুব গুরুত্বপূর্ণ। এভাবে ফিরে আসতে পারলে নিজের কাছেই খুব ভালো লাগবে। মনে হবে, আমরা আসলেই ভালো খেলছি। আমরা সামনে আরও এগিয়ে যেতে পারব।” 

মাশরাফি মনে করেন, টানা জয়ের ধারায় দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল অনেক কিছুই।

“বিশ্বকাপ থেকে আমরা অনেক ম্যাচ জিতেছি। জিততে জিততে একটা নেশার মত তৈরি হয়। কিন্তু টানা জিততে থাকলে একটা সময় প্রসেস নিয়ে ভাবার সুযোগ থাকে না। দল জিততে থাকলে নেতিবাচক অনেক কিছু্ই আড়ালে চলে যায়। এখন আমাদের সময় হয়েছে পেছনে ফেরার।”

এই ‘পেছনে ফেরার’ ব্যখ্যাও দিলেন অধিনায়ক, “মৌলিকত্বে ফিরে যেতে হবে আমাদের। যেহেতু সবশেষ তিনটি ম্যাচ আমরা হেরেছি, কিছুদিন আগে যেভাবে আগ্রাসী ক্রিকেট খেলেছি আমরা, সেটায় ফিরে যেতে হবে। তখন যে মানসিকতা নিয়ে মাঠে নামতাম, সেটায় ফিরে যেতে হবে।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া দুই টি-টোয়েন্টিতে প্রত্যাশিত ফিল্ডিং করতে পারেনি বাংলাদেশ। দলের সেরা ফিল্ডার সাব্বির রহমানও এই সময়ে ভালো করতে পারেননি। ব্যর্থতা পেছনে ফেলে ওয়ানডে সিরিজে ফিল্ডারদের কাছ থেকে আরও ভালো কিছুর আশা করছেন অধিনায়ক।

“আমি এখনও মনে করছি, এটা বাজে দিন ছিল। ক্রিকেটে সব সময় সমান ভাবে চলে না। শুধু আমি না, পুরো দলই মনে করছে, আমাদের দুটি বাজে দিন গেছে। এখান থেকে ফিরে আসা একটা ভালো দলের লক্ষণ।”