চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় নেই মাশরাফির
চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে চান না মাশরাফি বিন মুর্তজা। বরং একটি একটি করে ম্যাচ নিয়ে ভাবতে চান বাংলাদেশ অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা নেই বললেই চলে। তবে এই সিরিজে একটি জয় পুরোপুরি নিশ্চিত করে দিতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি।
তবে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, এই নিয়ে ভাবছেন না তারা।
“আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক দূরের ব্যাপার। আমাদের উচিত কালকের (শুক্রবার) ম্যাচ নিয়ে চিন্তা করা। ভারত সিরিজের শেষ ওয়ানডে এবং এই সিরিজে দুটি-টোয়েন্টিতে আমরা প্রক্রিয়াগুলো ঠিকঠাক করতে পারিনি। সেই কাজগুলো করা নিশ্চিত করতে হবে। কালকের ম্যাচ আমাদের ভালো করতে হবে। সেটা নিয়েই আমরা ভাবছি।”
৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন সাত নম্বরে আছে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ড ও এ বছরের ৩০ সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য ৭ দল খেলবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
