দ্বি-পাক্ষিক সিরিজে দ. আফ্রিকা ‘চ্যাম্পিয়ন’
বিশ্বকাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্ট থেকে হতাশা নিয়ে ফিরতে হয় দক্ষিণ আফ্রিকার। কিন্তু দ্বি-পাক্ষিক সিরিজে অন্য চেহারাতে দেখা যায় প্রোটিয়াদের। তাই উপমহাদেশের দুই পরাশক্তি ভারত, পাকিস্তানের চেয়ে দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারানো কঠিন বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
নিজেদের শেষ দুই ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ও ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপরও উপমহাদেশের দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দলের চেয়ে দক্ষিণ আফ্রিকা বেশি শক্তিশালী প্রতিপক্ষ কিনা এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে মাশরাফি বিন মুর্তজাদের।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, হাশিম আমলাদের বিপক্ষে খেলা তাদের জন্য যেমন চ্যালেঞ্জের তেমনি আনন্দেরও।
“যে কোনো দ্বিপাক্ষিক সিরিজে তারাই সবসময়ে চ্যাম্পিয়ন থাকে। বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত না পারলেও ওরা কিন্তু সব সময় ফেভারিট থাকে। এর মানে, যখন বিশ্বের দুইটা দলের কথা বলা হয় সব সময় দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখা হয়।”
“সেই জায়গা থেকে বিষয়টা খুবই পরিষ্কার যে, দক্ষিণ আফ্রিকার সাথে শুধু আমাদের না যে কোনো দলের একটা পার্থক্য থাকে। আমরা যদি ওদের সঙ্গে ভালো করতে পারি, অনেক বড় একটা ধাপে পা দিতে পারব; কারণ এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে,” যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারবে না এমন দাবির সঙ্গে দ্বিমত রয়েছে মাশরাফির। টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসান, আরাফাত সানিদের সামলানোতেই তার প্রমাণ দেখছেন বাংলাদেশের অধিনায়ক।
“ভারতে এখন দক্ষিণ আফ্রিকার অনেক খেলোয়াড়ই খেলে। আমাদের একটা ধারণা আছে, দক্ষিণ আফ্রিকা স্পিন ভালো খেলে না। আমি এভাবে দেখি, ওরা হয়তো পেস বলের চেয়ে স্পিন বল একটু খারাপ খেলে। আমি যতটুকু দেখেছি, ওরা স্পিন ভালোই খেলে। তার প্রমাণ দিয়েছে ওরা টি-টোয়েন্টিতে।”
উদাহরণ হিসেবে হাশিম আমলার কথা বলেন মাশরাফি। এবি ডি ভিলিয়ার্সের জায়গায় ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়া আমলা উপমহাদেশে বেশ সফল।
