আশা ছেড়েই দিয়েছেন ধাওয়ান
বৃষ্টির কারণে ফতুল্লা টেস্টে খুব একটা খেলা হয়নি। বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্টের পুরো একটি দিনও ভেসে গেছে বৃষ্টিতে। কোনো দিন এক সেশন, কোনো দিন দুই সেশন পর আর মাঠে নামা যায়নি। কোনো দিন বৃষ্টির ফাঁকে ফাঁকে হয়েছে ক্রিকেট। ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান মজা করেই বলেছেন, শেষটায় আরও বেশি বৃষ্টি আশা করছেন তিনি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টেস্টের চার দিনে ১৪০ ওভারের কম খেলা হয়েছে। এই সময়ে দুই দলের একটি করে ইনিংস শেষ হয়নি। ফল হওয়ার সম্ভাবনাও খুব কম।
রোববার পঞ্চম ও শেষ দিন ভারতের প্রত্যাশা প্রসঙ্গে ধাওয়ান বলেন, “শেষ দিন? আবহাওয়া বার্তা অনুযায়ী, আমরা আরও বেশি বৃষ্টি আশা করছি (হাসি)। যদি খেলার সুযোগ মেলে, আমাদের জন্য ভালো হবে।”
শেষ সাত টেস্টে জয় পায়নি ভারত। ফতুল্লা টেস্ট দিয়ে জয়ে ফিরতে চেয়েছিল দলটি। সেই লক্ষ্য পূরণ হচ্ছে না বুঝতে পেরে হতাশ ধাওয়ান।
“খুব একটা খেলার সুযোগ না পাওয়া অবশ্যই হতাশার। আমরা সব সময়ই খেলার জন্য উন্মুখ থাকি। তা যখন ঘটে না, তখন আমাদের ভালো লাগে না। এটা (বৃষ্টি) আমাদের হাতে নাই, এটা আমাদের মেনে নিতেই হবে।”
চতুর্থ দিন মাত্র ৩০.১ ওভার বল করার সুযোগ পায় ভারত। এই সময়ে স্বাগতিকদের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেয় তারা। আরও বেশি ওভার বল করতে না পারায় হতাশা আরও বেড়েছে অতিথিদের।
“আমরা বেশি ওভার বল করতে পারিনি। এর মধ্যেই আমরা তিন উইকেট নিয়েছি। এটা অনেকটাই ব্যাটিং উইকেট আর আমাদের বোলাররা সত্যিই খুব ভালো করেছে।”
