তামিমের ১০ হাজার রান চান হাবিবুল
দীর্ঘদিনের রেকর্ড হারালে খানিকটা খারাপ লাগা স্বাভাবিক। তবে হাবিবুল বাশার টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড যে হারিয়েছেন যোগ্য একজনের কাছে। ক্যারিয়ার শেষে নতুন রেকর্ডের মালিক তামিম ইকবালের নামের পাশে অন্তত দশ হাজার রান দেখতে চাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
এমনিতে মাঠে থাকা হাবিবুলের দায়িত্বেরই অংশ। সাবেক অধিনায়ক তো এখন জাতীয় নির্বাচকও। তবে শুধু দায়িত্ব পালনের জন্য নয়, চতুর্থ দিন সাতসকালেই হাবিবুল মাঠে চলে এসেছিলেন এই মুহূর্তটার সাক্ষী হতেও। মাঠে থেকে দেখতে চেয়েছিলেন তামিমের রেকর্ড গড়া।
“রেকর্ড তো একদিন না একদিন হাতছাড়া হতোই। আমার ভালো লাগছে যে তামিমের মত একজন আমার রেকর্ড ভেঙেছে। যোগ্য হাতেই উঠেছে রেকর্ড। তবে একটি বড় ইনিংস খেলে ওকে রেকর্ড উদযাপন করতে দেখলে আরও ভালো লাগত।‘
হাবিবুলের ৩ হাজার ২৬ রান থেকে ৭ রান দূরে থেকে ফতুল্লা টেস্ট শুরু করেছিলেন তামিম। চতুর্থ দিন সকালেই ছাড়িয়ে যান হাবিবুলকে। ৫০ টেস্ট খেলা হাবিবুলকে তামিম ছাড়িয়ে গেলেন ৪০ টেস্টেই। তবে এরপর টিকতেও পারেননি বেশিক্ষণ। ১৯ রানে স্টাম্পড হয়ে যান রবিচন্দ্রন অশ্বিনের বলে।
এই ইনিংসে বড় রান না পেলেও তামিমের ব্যাট থেকে নিয়মিত বড় ইনিংস দেখতে চান হাবিবুল।
“আমি চাই না রেকর্ড গড়েই তামিম তৃপ্ত হোক। ওর সামর্থ্য আছে আরও অনেক অনেক দূর যাওয়ার। রেকর্ডটাকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারে। ১০ হাজার রান অন্তত করতেই পারে তামিম। সেটা না পারলে আমি হতাশ হব। শুধু তামিম নয়, এই দলের আরও কয়েকজনের সামর্থ্য আছে ১০ হাজার রান করার।”
হাবিবুলের রেকর্ডটির বয়স ছিল প্রায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বয়সের সমান। সেই ২০০১ সাল থেকেই দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান হাবিবুলের। কদিন আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেছিলেন, “সুমন ভাই (হাবিবুল বাশার) যদি এত ঘন ঘন ম্যাচ খেলার সুযোগ পেতেন, উনার রান অবশ্যই ৬-৭ হাজার হতো।”
তামিমের ওই কথা শুনে হাসলেন হাবিবুল। বেরিয়ে এল পুরোনো একটা আক্ষেপও।
“ওই সময় আমরা এত টেস্ট খেলার সুযোগ পেতাম না। আর তখনও টেস্ট ক্রিকেটে আমাদের কেবল পথচলা শুরু, অনেক প্রতিকূলতা-সীমাবদ্ধতা ছিল। নিজেরও দায় ছিল। আমার ২৪টি ফিফটির অনেকগুলোই সেঞ্চুরি হতে পারত। রানও তখন অনেক বেশি থাকত। যাই হোক, তামিমরা যখন ক্যারিয়ার শেষ করবে, আশা করব আমাদের দেশের সর্বোচ্চ রানের রেকর্ড অন্য দেশগুলোর মত সমৃদ্ধ হবে।”
